মন্ত্রীদের বক্তব্যে ধর্ষকরা উৎসাহিত হচ্ছে: রিজভী
আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্যেই ধর্ষক-দুষ্কৃতকারীরা উৎসাহিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী।
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে নারী নির্যাতনের বিষয়ে আইনমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে মঙ্গলবার দুপুরে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব একথা বলেন।
তিনি বলেন, “দেশে কারো নিরাপত্তা নেই। রাষ্ট্র যেখানে মদদ দেয় নিপীড়নকারীকে, সেই দেশে বসবাস করা আসলেই খুব মুশকিল। ... আইনমন্ত্রী কী বড় বড় কথা বলেন, আরে বাপরে বাপ! মনে হচ্ছে, আইনের অবদান। আজকে তিনি (আইনমন্ত্রী) যদি এই টাইপের কথা বলেন যে, এটা (নোয়াখালীর ঘটনা) একটা ষড়যন্ত্র। মর্মমূলে না গিয়ে তিনি আগেই বলে দিলেন।”
আইনমন্ত্রী আনিসুল হক গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বিবস্ত্র করার পর ভিডিওধারণ করে তা ইন্টারনেটে আপলোড করার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে।
রিজভী বলেন, যে দেশে একটি ইউনিয়নের মধ্য, একটি ওয়ার্ডে এই ধরনের ঘটনা ঘটে অথচ জেলা প্রশাসন ৩২ দিনেও জানে না। যে ধর্ষিত হয়েছে, যার সম্ভ্রমহানি ঘটানো হয়েছে সে ভয়ে প্রশাসনের কাছে যায় না। নিপীড়নে ক্ষত-বিক্ষত নারী থানায় গিয়ে অভিযোগ করতেও ভয় পায়। তাহলে সে দেশে সুসভ্য মানুষ-নাগরিকরা কীভাবে বেঁচে থাকবে?
“কারণ তারা জানেন এই সমস্ত অপরাধে যারা অপরাধী রাষ্ট্র তাদের আশ্রয় দেয়, তাদেরকে সরকার আশ্রয় দেয়। তাদের আশ্রয়দাতা হচ্ছে রাষ্ট্র। তাই শারীরিকভাবে নির্যাতিত হয়েও তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে পারছে না। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গেলে সেটা যদি দুষ্কৃতকারীরা জানে তাহলে তাদের পরিণতি আরো খারাপ হবে, তাদের হয়ত আরো ইজ্জতহানির শিকার অথবা ভয়ভীতি দেখিয়ে হত্যা করা হবে।”
তিনি বলেন, “আর প্রধানমন্ত্রী বলেন, মানু্ষের পাশে কেউ থাকে না, আওয়ামী লীগ থাকে। এই হচ্ছে আওয়ামী লীগ থাকার দৃষ্টান্ত। এমন প্রশাসন তৈরি করা হয়েছে, যে প্রশাসনের কাছে ভিকটিম মানুষ, অপরাধীদের দ্বারা নির্যাতিত মানুষ সেখানে (থানা) গিয়ে তার অভিযোগ করতে পারছে না।
“অথচ কাল আমরা একটা মিছিল করি, পুলিশ দেখবেন সামনে গিয়ে দাঁড়াবে। পেছন থেকে টপাটপ বিএনপির নেতৃবৃন্দকে গ্রেপ্তার করবে। আর যদি বেশি কথা, বেশি আন্দোলনের দিকে যাই তাহলে আপনার গোয়েন্দা বাহিনী থেকে শুরু করে সবাই এসে তাকে তুলে নিয়ে যাবে এবং তাকে হয়ত পাওয়া যাবে না। এখানে তারা (আইনশৃঙ্খলা বাহিনী) দারুণ নৈপুণ্য দেখিয়েছেন, দক্ষতা দেখিয়েছেন। বিরোধী দলকে দমন করার জন্য, নিপীড়ন-নির্যাতন করার জন্য, ক্রসফায়ার দেওয়ার জন্য এরা এতো দক্ষ ও তৎপর যে এদের তুলনা পাওয়া খুব মুশকিল।”
রিজভী বলেন, “কেন দুষ্কৃতকারীরা এতো বেপরোয়া হয়ে উঠেছে, কেন প্রশাসন নির্বিকার? এটাতে রাষ্ট্রের মদদ আছে। তার প্রত্যক্ষ প্রমাণ আছে। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যার ব্যাপারে। আমি কি বেডরুমে পাহারা বসাব। এই কথা বলার মধ্য দিয়ে কিন্তু দুষ্কৃতকারীরা প্রশ্রয় পেয়ে গেলেন, উদ্ধুদ্ধ হয়ে গেলেন যে, ধুর প্রধানমন্ত্রী তো আমাদেরকে শেল্টার দেন।
“এই প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়েছে না, একটা মারলে ১০টা মারো, তোমরা কী চুরি পড়ে থাকো..। যিনি অপরাধীদেরকে অপরাধ করতে বলছেন বেআইনিভাবে। সেজন্য আজকে বেপরোয়া তারা। আজকে যদি মন্ত্রীরা বলেন, আরে এরকম পৃথিবীর সব দেশেই হয়। যখন মন্ত্রীরা এরকম কথা বলেছেন. তখন এমসি কলেজের সেই নারীর ওপর সম্ভ্রমকারী দুষ্কৃতকারীরা আরো আশকারা পেয়ে গেছে; যখন তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপি-জামায়াত এসমস্ত ইয়ের জন্য দায়ী, তখন ওরা আশকারা পেয়ে গেছে- আমাদের আর কিছুই হবে না।”
তিনি বলেন, সরকারের পায়ের নিচের মাটি একবারে টলমল করে উঠেছে, মাটি কাঁপছে। অতএব দৃষ্টিটাকে অন্য দিকে ফেরাতে হবে। সারা দেশে নারী নির্যাতন ও নারীর সম্ভ্রমহানির যে কলংকিত রূপ এই আওয়ামী লীগের আমলে বিস্তার লাভ করেছে। তা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। এব্যাপারে ওলামা দলকে এগিয়ে আসতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী উলামা দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন, ধর্মীয় মূল্যবোধ ও আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
সংগঠনের আহবায়ক মাওলানা অধ্যক্ষ শাহ নেছারুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদারের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, ওলামা দলের মাওলানা সেলিম রেজা বক্তব্য দেন।
