২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজাকারদের মতো দুর্নীতিবাজ-লুটেরা-ধর্ষকদের প্রতিরোধ করতে হবে: ইনু

রাজাকারদের মতো দুর্নীতিবাজদের বয়কট করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2020, 09:32 PM

Updated : 18 Aug 2022, 03:50 PM

শুক্রবার বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সহযোগী যুব সংগঠন জাতীয় যুব জোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ কথা বলেন তিনি।

ইনু বলেন, “রাজাকাররা যেমন সমাজে মাথা উচু করে চলতে পারে না, ঠিক তেমনি দুর্নীতিবাজ-লুটেরা-ধর্ষকরা যেন সমাজে মাথা উচু করে চলতে দেওয়া যাবে না। তাদের বেপরোয়া ভাব দমাতে ‘তুই রাজাকার’-এর মতই ‘তুই দুর্নীতিবাজ’, ‘তুই লুটেরা, ‘তুই ধর্ষক’ আওয়াজ তুলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

“অপরাধী যেই হোক তার ঠিকানা জেলখানা। কোনো দল ও সংগঠন অপরাধীদের ঠিকানা হতে পারবে না। অপরাধীদের আশ্রয়দাতা নেতাদের মুখোশ খুলে দিতে হবে। অপরাধীদের সাথে নেতাদের সন্ধি বিচ্ছেদ করে দিতে হবে।"

জাতীয় রাজনৈতিক কর্তব্য, যুবদের কর্মসংস্থান নিশ্চিত, বেকার যুবদের বেকারভাতা আদায়ের দাবির পাশাপাশি অনাচার-অবিচার-ধর্ষণ-নির্যাতন-দুর্নীতি-লুটপাটের বিরুদ্ধে যুব বিদ্রোহ ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য যুবকদের প্রতি আহ্বান জানান ইনু।

তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির সভা মানে নেতাদের সভা। মানে যুব জোটের সবচাইতে সেরা, যোগ্য, দক্ষ, পরিপক্ক, অভিজ্ঞ, বুঝদার, সমঝদার, জ্ঞানী, বুদ্ধিমান, চৌকশ নেতাদের সভা। গোটা সংগঠন পরিচালনার, নেতৃত্ব দেওয়ার পাশাপাশি দেশের, নিজের জেলা, উপজেলা, এলাকার যুবদের সমর্থন ও আস্থা আদায়ের দায়িত্ব আপনাদের।

“বয়সের মাপকাঠিতে মানুষের একটি অংশ যুব কাল। যৌবন। যুবকাল হচ্ছে বাধ না মানা উত্তাল সময়। পুরাতনকে ছুঁড়ে ফেলে নতুনকে স্বাগত জানানোর সময়। করোনার মধ্যে সভা। নতুন স্বাভাবিকতায় অভ্যস্ত হবার প্রয়াস।”

জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, কার্যকরী সভাপতি রবিউল আলম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির স্বপন, সহ-সভাপতি কাজী সালমা সুলতানা, আসিফুর রহমান বাবু, আমিনুল আজিম বনি, হারুন অর রশিদ সুমন, প্রদীপ কুমার রায়, প্রভাষক আমিনুল ইসলাম কহিনুর, শুভংকর দে বাপ্পা, একরামুল হক খান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার বাবু, মুহাম্মদ সামসুল ইসলাম সুমন সেখানে ছিলেন।