বকুলের দাবি, ভারতে তার ছেলের বিরুদ্ধে মামলা ভুয়া অভিযোগে
চেন্নাইয়ের এক ব্যবসায়ীর মেয়েকে লন্ডনে অপহরণ করে ধর্মান্তরের অভিযোগে ভারতে ছেলের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, তা ‘ভুয়া’ বলে দাবি করেছেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য সরদার সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেছেন, ভারতীয় ওই তরুণী স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে লন্ডনে তার ছেলেকে ভালবেসে বিয়ে করেন।
ভারতে ওই তরুণীর পরিবারের দায়ের করা মামলার তদন্তভার দেশটির জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ নেওয়ার পর তা নিয়ে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশের প্রেক্ষাপটে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন বকুল।
বকুল নরসিংদী থেকে বিএনপির সংসদ সদস্য ছিলেন তিনবার। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর দলে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েন তিনি।
টাইমসনাউ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চেন্নাইয়ের ওই ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে সেখানে বকুলের ছেলের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় গত মে মাসে। পরে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে তদন্তভার দেওয়া হয় এনআইএ-এর হাতে।
মামলায় বলা হয়েছে, চেন্নাইয়ের ওই ব্যবসায়ীর মেয়ে লন্ডনে পড়তে গিয়ে উগ্রপন্থি একটি গ্রুপের চক্করে পড়েন, যে গ্রুপে বাংলাদেশিরাও আছেন।
টাইমসনাউ নিউজ লিখেছে, সাবেক বিএনপি এমপি বকুলের ছেলে সরকার নাফিজ ভারতীয় ওই ব্যবসায়ীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন এবং তাকে ‘ধর্মান্তরে বাধ্য করে অপহরণ’ করেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
আর ওই উগ্রপন্থি গ্রুপটির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বিতর্কিত ইসলামিক বক্তা জাকির নায়েককেও এ মামলায় আসামি করা হয়েছে।
ভারতীয় দণ্ডবিধির আওতায় ষড়যন্ত্র, অপহরণ, মানব পাচার, যৌন অসদাচরণ, আটকে রাখা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছে এ মামলার আসামিদের বিরুদ্ধে।
সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বিষয়টি নিয়ে জানতে চাইলে বকুল বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহরণের অভিযোগটি সম্পূর্ণ বানোয়াট। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে যে তথ্য দিয়েছে, তাও মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
তিনি বলেন, “আমার ছেলে যুক্তরাজ্যে ‘ইউনিভার্সিটি কলেজ লন্ডন (ইউসিএল)’ এ পড়ত। সেখানে কৃতিত্বের সাথে মাস্টার্স পাস করেছে। আমার ছেলে ও আমার পুত্রবধূ একই সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ত। তারা বুঝে-শুনে বিয়ে করেছে। ব্রিটেনের বার্মিংহাম পুলিশ এই বিষয়টি জানে।”
বকুল আরো বলেন, “মেয়েটি (পুত্রবধূ) ওই বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংশনসহ মাস্টার্স পাস করেছে। সে কারও প্ররোচনা ব্যতিত সম্পূর্ণ স্বইচ্ছায় সুস্থ মস্তিস্কে আমার ছেলেকে বিয়ের প্রস্তাব দিলে উভয়ের ইচ্ছায় তাদের বিবাহ হয়েছে।”
বিয়ের পর পুত্রবধূর পরিবারের সদস্যরা নিমন্ত্রণ রক্ষায় ঢাকায় এসেছিলেন বলেও দাবি করেন বকুল।
“মেয়ের পরিবার আমাদের নিমন্ত্রণ নিয়ে কয়েকবার ঢাকায় আমাদের বাসায় এসেছেন এবং মেয়ের সাথে দেখা করেছেন।”
এ বিষয় নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকেও তার পুত্রবধূর সঙ্গে কথা বলা হয়েছে বলে দাবি করেন বকুল।
