২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘১৫ অগাস্ট ও ২১ অগাস্ট একইসূত্রে গাঁথা’

পঁচাত্তরের ১৫ অগাস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ধারাবাহিকতায় তার মেয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতেই ২০০৪ সালের ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2020, 09:45 PM

Updated : 10 Oct 2022, 07:22 PM

পুরনো খবর:

বিএনপি-জামায়াত জোট সরকারের সরাসরি পৃষ্ঠপোষকতায় একুশ অগাস্টের হামলা: প্রধানমন্ত্রী

তাদের ভাষ্যে, বঙ্গবন্ধু হত্যার ‘মূল কুশীলব’ জিয়াউর রহমানের ধারাবাহিকতায় তার দল বিএনপি ‘রাষ্ট্রীয় মদদে’ জঙ্গিদের পৃষ্ঠপোষকতা দিয়ে ২১ অগাস্টের হত্যাকাণ্ড ঘটিয়েছে।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে হামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রত্যক্ষ মদদ ছিল বলেও অভিযোগ এনেছেন আওয়ামী লীগের নেতারা।

সোমবার রাতে ‘২১ আগস্টের গ্রেনেড হামলা ও রাষ্ট্রীয় মদদে জঙ্গিবাদের উত্থান’ শিরোনামে এক ওয়েবিনারে তারা এনিয়ে কথা বলেন।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেন, পঁচাত্তরের ১৫ অগাস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার ঘটনা ‘বিছিন্ন নয়’।

“একাত্তরের সেই পরাজিত শক্তি ১৫ অগাস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে জেলের অভ্যন্তরে হত্যা করলেন। এরপর বাংলাদেশের সংবিধান পরিবর্তন করে মুক্তিযুদ্ধের চেতনা পরিপন্থি সাম্প্রদায়িক রাজনীতির শুরু হল।

“পঁচাত্তরে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। খুনিরা সেই অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করার জন্য ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করে। এ হামলা হয়েছিল তৎকালীন জোট সরকারের মদদে, তাদের ছত্রছায়ায়। তাদের উদ্দেশ্যে ছিল, শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের নিশ্চিহ্ন করে দেওয়া, যাতে করে আগামী ১০০ বছরে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে। “

সংসদ সদস্য আমু বলেন, ২১ অগাস্টে গ্রেনেড হামলার পর জাতীয় সংসদে এ নিয়ে তৎকালীন প্রধান বিরোধীদল আওয়ামী লীগের কথা বলার সুযোগও ছিল না।

“তারা (বিএনপি) তো তখন প্রস্তুত ছিল না, তাদের কথা সাজানো ছিল না। আলোচনার সুযোগ দিলে যদি তাদের মুখোশ উন্মোচিত হয়ে যায়।”

Image
২০০৪ সালের ২১ অগস্টের সমাবেশে শেখ হাসিনার পেছনেই ছিলেন আমির হোসেন আমু (ফাইল ছবি)

২০০৪ সালের ২১ অগস্টের সমাবেশে শেখ হাসিনার পেছনেই ছিলেন আমির হোসেন আমু (ফাইল ছবি)

১৬ বছর আগে ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় দলের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ নেতা-কর্মী প্রাণ হারান।

প্রাণে রক্ষা পেলেও স্থায়ীভাবে শ্রবণেন্দ্রীয় ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন বিরোধীদলীয় নেতা, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা মানববর্ম সৃষ্টি করে তাকে রক্ষা করে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

ওই ঘটনায় আহত হন আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতা-কর্মী, যাদের অনেকেই চিরতরে পঙ্গু হয়ে গেছেন, অনেকেই আর স্বাভাবিক জীবন ফিরে যেতে পারেননি।

বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এ মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল বলে অধিকতর তদন্তে উঠে আসে।

তদন্তে জানা যায়, হামলার বিষয়ে নোয়াখালীর জজ মিয়ার ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেওয়ার বিষয়টি ছিল সাজানো। আর এই হামলার মদদ ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের।

গত বছরের ১০ অক্টোবর মামলার রায়ে ১৯ জনের ফাঁসি, ১৯ জনের যাবজ্জীবন, ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। দণ্ডিত আসামিদের মধ্যে তারেক রহমানসহ ১৬ জন রয়েছেন পলাতক।

রায়ে বিচারক বলেন, সেদিন গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে ‘নেতৃত্বশূন্য’ করার চেষ্টা করা হয়েছিল, আর তাতে ব্যবহার করা হয়েছিল রাষ্ট্রীয় ক্ষমতা।

আলোচনায় যুক্ত হয়ে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদও বলেন, পঁচাত্তরের পনের অগাস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২১ অগাস্টে আওয়ামী লীগের সমাবেশে বোমা হামলার ঘটনা ‘একইসূত্রে গাঁথা’।

তিনি বলেন, “পনের অগাস্ট মূল কুশীলব মোশতাক-জিয়া গং । সেদিন বঙ্গবন্ধু ও পরে জাতীয় চার নেতাকে হত্যা করে তারা প্রকৃতপক্ষে স্বাধীনতাকেই হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধুর পরে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যেই কিন্তু হত্যা করা হয়েছে।

“সেই ধারাবাহিকতায় ২১ অগাস্টে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যার অপচেষ্টা হয়েছে। সেটির অনুমোদন দিয়েছে খালেদা জিয়া আর পরিচালনা করেছে জিয়াউর রহমানের পুত্র তারেক রহমান। অর্থাৎ দুটি হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা।”

হরতাল-অবরোধে সহিংসতা ও সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে বিএনপিকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তুলে ধরে কানাডার ফেডারেল আদালতের পর্যবেক্ষণের কথা মনে করিয়ে দিয়ে হাছান মাহমুদ বলেন, “বিএনপি সরকারের আমলে রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদকে লালন করা হয়েছে, তোষণ করা হয়েছে। যারা বাংলাদেশকে আফগানিস্তান, জঙ্গি রাষ্ট্র বানাতে চায়, তারাও কিন্তু তাদের সেই জোটে ছিল, আজও আছে। তাদের জোট থেকে কিন্তু তারা (বিএনপি) বের করে দেয়নি।

“ক্ষমতায় থাকতে বিএনপি জঙ্গিবাদকে রাষ্ট্রীয়ভাবে তোষণ করেছে, জনগণ যখন তাদের ক্ষমতাচ্যুত করেছে তখন আজ তারা জঙ্গিবাদকে রাজনৈতিক সুরক্ষাও দিচ্ছে। যদি সেটি না হত, তাহলে কিন্তু বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে সমর্থ হতাম।“

বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করতে হলে বিএনপি-জামাত জোটের রাজনীতি নিষিদ্ধ করার পক্ষে মত দেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

হাছান মাহমুদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদকে নির্মূল করার যে প্রচেষ্টা চালাচ্ছেন, সেটিকে যদি পরিপূর্ণভাবে সফলকাম করতে হয়…… এবং রাষ্ট্রীয় সন্ত্রাস যদি বন্ধ করতে হয়…….রাজনৈতিক সন্ত্রাস যদি বন্ধ করতে হয়…তবে তাদের রাজনৈতিক দৃশ্যপট থেকে বিদায় হওয়া ছাড়া বাংলাদেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাস নির্মূল সম্ভব না।”

একুশে অগাস্টে গ্রেনেড হামলার পর আওয়ামী লীগের যে নেতারা জীবনবাজি রেখে শেখ হাসিনার প্রাণরক্ষা করেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

সেদিনের ভয়াল ঘটনার স্মৃতিচারণের পর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “২১ অগাস্টের হামলার পুরো ঘটনা হয়েছিল সরকারি পৃষ্ঠপোষকতায়। সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এই সফল পরিকল্পনা করা সম্ভব ছিল না।

“তারেক জিয়া, লুৎফুজ্জামান বাবর, হারিছ চৌধুরী, পিন্টুসহ অনেক নেতার নাম আসে। কিন্তু তারা কি খালেদা জিয়ার সঙ্গে পরামর্শ করা ছাড়াই এসব করেছে? বাবর তো ‍ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খালেদা জিয়া নিজেই। খালেদা জিয়াও এর সঙ্গে জড়িত ছিলেন।”

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সর্বোচ্চ নেতা শায়খ আবদুর রহমান ও শুরা কমিটির প্রধান সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইকে তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি-জামায়াত জোটই ‘মদদ’ দিয়েছিল বলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম দাবি করেন।

তিনি বলেন, “পঁচাত্তরের খুনিদের যেমন জিয়াউর রহমান যেমন নানাভাবে পুরস্কৃত করেছিলেন,বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন; তেমনিভাবে খালেদা জিয়া ও তারেক রহমানও তাদের দেশের বাইরে পাঠাতে চেয়েছিলেন।”

কলামনিস্ট সুভাষ সিংহ রায়ের সঞ্চালনায় এ আলোচনায় আরও যুক্ত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক  ও সাংসদ নজরুল ইসলাম বাবু, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার সাক্ষী অবসরপ্রাপ্ত মেজর সামসুদ্দীন আহমদ চৌধুরী,প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পাতা ও ইউটিউব চ্যানেল ছাড়াও অনুষ্ঠানটি সরাসরি দেখানো হয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায়।

আওয়ামী লীগের অফিসিয়াল ফেইসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ছাড়াও অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পাতায়।