দুর্নীতি ঠেকাতে কী করেছিলেন: বিএনপিকে কাদের
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তার দল ক্ষমতায় থেকে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলেও বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কোনো ব্যবস্থা নেয়নি।
মহামারীর মধ্যে স্বাস্থ্য খাতে দুর্নীতি নিয়ে বিএনপির সমালোচনার জবাবে শনিবার ঢাকায় নিজের সরকারি বাড়িতে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী কাদের বলেন, “শুরু থেকেই একটি মহল সরকারের বিরুদ্ধে বিষোদগার করাকেই দেশ ও জনগণের প্রতি দায়িত্ব পালন হিসেবে ব্রত করে নিয়েছে। অনিয়মের বিরুদ্ধে সরকারের চলমান অভিযানকে তারা সহযোগিতা ও সমর্থন না দিয়ে বরং অন্ধ সমালোচনা করছে।
“আমি জানতে চাই আপনাদের সময় তো দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছিল, দুর্নীতিবাজদের অভয়ারণ্য ছিল। তখন কি এ ধরনের একটি সাহসী উদ্যোগ নিতে পেরেছিলেন? পেরেছিলেন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে কিছু করতে? পারেননি।”
“যারা গ্রেনেড হামলার বিচার করতে গিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছে, চলমান অভিযানকে নাটক বলে পরিহাস করা তাদের মুখেই মানায়। যারা নাটক করে, নাটক সাজায় তারা সব কিছুতেই নাটক দেখতে পাবেন, এটাই স্বাভাবিক,” বলেন কাদের।
তিনি বলেন, “অনিয়মের বিরুদ্ধে শেখ হাসিনা আন্তরিক এবং কঠোর অবস্থানে। শেখ হাসিনার কাছে কোনো অনিয়ম-দুর্নীতি প্রশ্রয় পাবে না।”
রোগী কম হলে হাসপাতাল বন্ধ না করে রোগীদের আস্থা ফিরিয়ে আনার পরিবেশ তৈরি করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “হাসপাতাল বন্ধ রাখা সমাধান নয়। আমি বলবো, আপনারা রোগীদের আস্থা ফিরিয়ে আনুন, হাসপাতালমুখী হওয়ার পরিবেশ তৈরি করুন।”
ঈদে সমাগম এড়ানো না গেলে করোনাভাইরাস সংক্রমণ উচ্চ মাত্রায় পৌছে যাবে বলেও সতর্ক করেন সড়ক পরিবহনমন্ত্রী।
“সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছে না, নমুনা পরীক্ষায় আক্রান্তের সংখ্যা একদিন কমলে আবার পরদিন বাড়ছে। বিশেষজ্ঞগণ বলছেন, আসন্ন ঈদে সমাগম এড়ানো না গেলে সংক্রমন উচ্চ মাত্রায় পৌছে যাবে।”
সরকার গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিলেও স্বাস্থ্যবিধি মেনে প্রত্যেককে ঈদযাত্রায় নিজের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানান তিনি।
“পশুর হাট, লঞ্চ-বাস-ট্রেন স্টেশন-ফেরিঘাট, শপিংমলসহ বিভিন্ন জায়গায় আমাদের সর্বোচ্চ সামাজিক দূরত্ব মানার চেষ্টা করতে হবে। মাস্ক পরিধান অবশ্যই করতে হবে। জীবনকে সুরক্ষা দেয়ার জন্য জীবিকা অর্জনে চলাচল যেন জীবনহানির ঝুঁকিতে না পড়ে সেদিকে আমার সর্বোচ্চ খেয়াল রাখতে হবে।”
