২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী ভর্তি নিয়ে ছল-চাতুরী সমীচীন নয়: কাদের

করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট ছাড়া অনেক হাসপাতাল সাধারণ রোগীদের চিকিৎসা না দেওয়ায় এর কঠোর সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2020, 04:09 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

তিনি বলেছেন, “কোনো কোনো হাসপাতাল রোগী ভর্তির না করার নানা ছল-চাতুরীর আশ্রয় নিচ্ছে, এ মুহূর্তে এটা সমীচীন নয়।”

বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের।

তিনি বলেন, দেশে সরকারি-বেসরকারি হাসপাতালগুলো যখন আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে, ‘ফ্রন্ট লাইনের যোদ্ধারা’ যখন জীবন বাজি রেখে কাজ করছেন, তখন কিছু হাসপাতাল-ক্লিনিক যে কোনো সাধারণ সেবার জন্য গেলেও বাধ্যতামূলক করোনাভাইরাস পরীক্ষা করাচ্ছে কিংবা পরীক্ষার রিপোর্ট ছাড়া চিকিৎসা দিচ্ছে না।

“এমন পরিস্থিতিতে ঢালাওভাবে এ ধরনের সিদ্ধান্ত সাধারণ রোগীদের উপর চাপানো কতটা যৌক্তিক? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখছি।“

করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রেও অনেক রোগীর ভোগান্তির বিষয়টি তুলে ধরে কাদের বলেন, “কোনো কোনো প্রতিষ্ঠান স্মার্ট এবং দ্রুত সেবা দিলেও কারও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে। একদিকে টেস্টের সিরিয়াল পেতে সময় লাগছে, অপরদিকে নমুনা দেওয়ার পর রেজাল্ট পেতে লাগছে কয়েক দিন।

“অহেতুক এ সময় ক্ষেপণে রোগী ও আত্মীয়স্বজন যেমন উদ্বিগ্ন থাকছে, তেমনই মনোবল হারানোর পরিস্থিতি তৈরি হচ্ছে। অনেকে মৃত্যুর মুখে পতিত হচ্ছে।”

করোনাভাইরাস পরীক্ষার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠানকে নমুনা সংগ্রহে সমন্বয় বাড়ানোর পাশাপাশি স্বল্প সময়ে রিপোর্ট দেওয়ার এবং সেবার মান বাড়ানোর আহ্বান জানান সেতুমন্ত্রী।

কিছু বেসরকারি হাসপাতাল মানুষের ‘অসহায়ত্ব নিয়ে বাণিজ্য করছে, মন্তব্য করে তিনি বলেন, “তাদের এ দুর্যোগে মানবিক হওয়ার আহ্বান জানাচ্ছি। অযৌক্তিক, অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা পরিহার করে সঠিক সেবা প্রদানের অনুরোধ করছি। জটিল রোগীকে তাৎক্ষণিক সেবা দিতে দেরি হলে মৃত্যুর মুখে পতিত হবে।”

মহামারীর এই সময়ে নানা দিকে হতাশার মধ্যেও অর্থনীতির কিছু সূচকে আশার আলো দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “আশা ও আনন্দের বিষয় হচ্ছে, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, এমন প্রতিকূল সময়েও আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে বর্তমানে ৩৫ বিলিয়ন ডলারে উন্নিত হয়েছে। রেমিটেন্স প্রবাহ অব্যাহত আছে।

“বৈশ্বিক এ সংকটে অর্থনীতিতে যে ছন্দপতন, তাঢে ডেউ আমাদের মত উদীয়মান অর্থনীতিকেও আচ্ছন্ন করবে, এটাই স্বাভাবিক। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা ও সামাজিক নিরাপত্তা বিধানে শেখ হাসিনা সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে বাজেটে।”

এই দুর্যোগের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠান, কল-কারখানা, এনজিও বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাই না করে ‘মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের’ আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “আসুন ১৯৭১ সালে আমরা যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে লক্ষ্য অর্জন করেছি, এ সঙ্কটেও পারস্পরিক সহমর্মিতা, ত্যাগ আর সরকারি নির্দেশনা প্রতিপালনের মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে করোনাভাইরাসের আঁধার থেকে আলোকে উত্তরণের পথে এগিয়ে যাই।”

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমীগের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “সরকারের বিরুদ্ধে বরাবরের মত বিরূপ সমালোচনা করতে গিয়ে তিনি বিরাজনীতিকরণের অভিযোগ এনেছেন। আমরা বলতে চাই, এ সঙ্কটকালে সরকারতো কোনো রাজনীতি করছে না। এমন কি আওয়ামী লীগও না। এখন রাজনীতি হচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ রোধ এবং মানুষ বাঁচানো।

“তিনি (ফখরুল) বলেছেন, সরকারের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। প্রকৃতপক্ষে নেতিবাচক ও অন্ধ সমালোচনানির্ভর রাজনীতির জন্য বিএনপিরই দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বক্তৃতা বিবৃতি দিয়ে সরকারের সমালোচনা ছাড়া তাদের আর কোনো রাজনীতি নেই।”

করোনাভাইরাসের ঝুঁকির কারণে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত এলাকায় যাথাযথভাবে লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন করতে ‘শক্তিশালী সমন্বয়’ গড়ে তোলার আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, “যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য প্রয়োজন সমন্বয়। লকডাউনের জন্য ম্যাপিং এবং লকডাউন বাস্তবায়নসহ কিছু বিষয়ে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে। এ সকল ক্ষেত্রে আরও শক্তিশালী সমন্বয় প্রয়োজন বলে বিশ্লেষকরা মনে করছেন। ”