২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউন বাস্তবায়নে ঢাকা দক্ষিণ সিটি প্রস্তুত: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাসের বিস্তারের জন্য ঝুঁকিপূর্ণ ‘রেড জোনগুলোতে’ লকডাউন বাস্তবায়নের সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 01:43 PM

Updated : 18 Aug 2022, 03:17 PM

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কবে নাগাদ দক্ষিণ সিটিতে লকডাউন শুরু হতে পারে জানতে চাইলে তাপস বলেন, “মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন পাওয়ার পরদিনই আমরা লকডাউন বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সভা করেছি। প্রস্তুতিমূলক কার্যক্রম আমরা সম্পন্ন করে রেখেছি।”

২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত সারা দেশে লকডাউনে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এখন শনাক্ত রোগী ও মৃত্যুর হার বিবেচনায় নিয়ে সার দেশকে লাল, হলুদ ও সুবজ জোনে ভাগ করে এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে সরকার।

এরইমধ্যে দুই দফায় ১৫ জেলার ৩৮টি অঞ্চলকে ভাইরাস বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ বা ‘রেড জোন’ ঘোষণা করে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের জন্য স্থানীয় প্রশাসন এসব অঞ্চলে জীবনযাত্রা ‘কঠোরভাবে নিয়ন্ত্রণ’ করতে পারবে। অফিস-কারখানা বন্ধ থাকবে, যানবাহন ও সাধারণের চলাচলে থাকবে কড়াকড়ি।

মেয়র তাপস বলেন, “এখন যেদিন এলাকাভিক্তিক সিদ্ধান্ত পাব, সেদিন থেকেই আমরা... বিশেষ করে আমরা আগে বলেছিলাম ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগবে, কিন্তু বর্তমানে আমাদের প্রস্তুতি অনুযায়ী এর আগেই আমরা করতে পারব। এলাকাভিক্তিক সিদ্ধান্ত পেলেই কার্যক্রম শুরু করব।”

চলতি বর্ষা মৌসুমে ঢাকার জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটির পরিকল্পনা জানতে চাইলে মেয়র বলেন, “চলমান প্রকল্পগুলো বেগবান করার জন্য আমরা নানা কার্যক্রম হাতে নিয়েছি, সেগুলো আরও বেগবান হবে এবং সেগুলো আমরা সম্পন্ন করব নির্ধারিত সময়ের মধ্যে। এরই মাঝে আমরা মশক নিধনের কার্যক্রম হাতে নিয়েছি। বর্জ্য ব্যবস্থাপনার কর্মপরিকল্পনা আমরা সম্পন্ন করেছি, আশা করছি পহেলা জুলাই থেকে এই কার্যক্রম আমরা শুরু করতে পারব।”

দক্ষিণ সিটির নর্দমাগুলো পরিষ্কার করার কাজ শুরুর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “ঢাকা শহরের যে সকল জলাশয় আছে, সেগুলো আমরা নিজেদের আয়ত্বে নিয়ে নিয়েছি, যাতে পানি নিষ্কাশনটা হতে পারে এবং সেগুলো যেন মশার প্রজনন ক্ষেত্র হতে না পারে।

“জলাবদ্ধতা নিরসনসহ ৯০ দিনের যে কর্মসূচির কথা বলেছিলাম, সেটা করোনাভাইরাসের মহামারীর কারণে ৯০ দিনের মধ্যে না পারলেও অচিরেই এই সমস্যা থেকে ঢাকাবাসী রেহাই পাবে।“

পুরনো খবর:

৫ জেলায় আরও ১১ ‘রেড জোনে’ বিধিনিষেধের ছুটি
রেড জোন: বিধিনিষেধ বাস্তবায়ন হবে যেভাবে
‘যখন প্রয়োজন’ তখনই রেড জোন ঘোষণা: সরকার