স্বেচ্ছাসেবীদের নিয়ে আওয়ামী লীগের অনলাইন কর্মশালা
করোনাভাইরাস প্রতিরোধে বিভাগীয় শহর পর্যায়ে অনলাইনে কর্মশালার মাধ্যমে স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
এর আওতায় সোমবার তিনটি বিভাগীয় শহরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দিয়েছে।
প্রথম পর্যায়ে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ১০০ জন স্বেচ্ছাসেবী এই কর্মশালায় অংশ নেন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন।
তিনি বলেন, “আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল। দুর্যোগ-দুর্বিপাকে সর্বদা আমাদের দল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।
“আমাদের নেত্রী শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী নেত্রী। তিনি সবসময় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে জনগণের সেবা করে গেছেন, সেবা করে যাচ্ছেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আজ বিশ্বের বুকে মর্যাদার আসনে আসীন করেছেন।”
আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস সঙ্কট মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ‘জনগণের পাশে থাকার’ নির্দেশ দিয়েছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, “আপনারা দেখেছেন, আমাদের দলের বহু নেতা আজকে করোনাভাইরাসে আক্রান্ত। কিন্তু তারপরও আমাদের দল মানুষের পাশে আছে এবং থাকবে। আজ সেজন্যই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে এবং তারা এই প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রাখবে।”
উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো উদ্বেগজনক পরিস্থিতি সামাল দিতে পারবেন স্বেচ্ছাসেবীরা। এছাড়া মাস্টার ট্রেইনার হিসেবে তারা অন্যদের ট্রেনিং দিতে পারবেন। ভাবিষ্যতে দেশের অন্যান্য স্থানেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হবে।”
আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি উপকমিটির উদ্যোগে যে ‘জয় বাংলা’ অ্যাপ তৈরি করা হয়েছিল, তা আরও উন্নত করে দেশের প্রান্তিক জনগণের কাছে টেলিমেডিসিন সেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সবুর।
তিনি বলেন, “কিছু দিনের মধ্যেই এর উদ্বোধন করা হবে। এই অ্যাপের মাধ্যমে দেশের প্রান্তিক জনগণ বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে অডিও ও ভিডিও কলের মাধ্যমে সেবা নিতে পারবেন।”
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন।
