বিএনপির মানবিক কর্মসূচিতেও বাধা দেওয়া হচ্ছে: ফখরুল
করোনাভাইরাস মহামারীকালে সঙ্কটাপন্ন মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে বিএনপির নেতা-কর্মীরা ক্ষমতাসীনদের বাধার সম্মুখীন হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার এক বিবৃতিতে এই অভিযোগ তুলে বিএনপি মহাসচিব এতে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।
ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরায় ত্রাণ বিতরণের কর্মসূচিতে হামলার প্রতিবাদে এই বিবৃতি দেন তিনি।
ফখরুল বলেন, রোববার সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলীম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর মেয়র তাসকীন আহমেদ চিশতি, সদস্য আলেম এলাহী মুন্না, মহিলা দলের নেত্রী নুরজাহান পারভীন ঝর্নার নেতৃত্বে শ্যামনগর উপজেলায় ত্রাণ বিতরণকালে আওয়ামী লীগের সংসদ সদস্যের নেতৃত্বে হামলা হয়। এতে ছাত্রদলের রাসেল আহমেদ, কৃষক দলের মাসুদ আহমেদ, আনিস আলম, সালাম মিয়া, আজিজুল হক, দুলু খন্দকারসহ ১২ জন আহত হন।
গত ১৭ জুন নারায়ণগঞ্জে মহিলা দলের নেত্রী আয়শা দীনার নেতৃত্বে ত্রাণ বিতরণকালেও একই কায়দায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালায় বলে তার অভিযোগ।
“তারা দলীয় লোকজনদের দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর হিংস্রতার থাবা বিস্তার করছে, নেতাকর্মীদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তাদেরকে গুরুতর আহত করছে।”
“এই করোনা মহামারীর মধ্যে গরিব ও ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ বিতরণের কর্মসূচিতে সরকারি দলের সন্ত্রাসীদের এই হামলা ঘটনা অশুভ ইঙ্গিতের ইশারা হচ্ছে বলে আমরা মনে করি,” বলেন তিনি।
ফখরুল বলেন, “নিরন্ন মানুষকে বিএনপি নেতা-কর্মীদের দ্বারা সাহায্যের মহৎ উদ্যোগকে সন্ত্রাসী কায়দায় বাধাগ্রস্ত করতেই আওয়ামী সন্ত্রাসীরা প্রতিনিয়ত নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে। এটি নিঃসন্দেহে চলমান দুঃশাসনের ভয়াবহ নজির।”
