২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না: রিজভী

জনগণের ক্ষমতাকে কুক্ষিগত করে সরকার দেশে ‘ক্যাসিনো ক্যাপিটালিজম’ চালু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2020, 04:01 PM

Updated : 18 Aug 2022, 03:10 PM

মানব ও অর্থপাচারের অভিযোগ লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহীদ ইসলাম পাপুলের আটকের প্রসঙ্গ টেন বুধবার দুপুরে ভার্চুয়াল এক সংবাদ ব্রিফিঙে তিনি বলেন, “মানবপাচার ও হাজার হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে কুয়েতে এমপি কাজী শহীদ ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। যা বাংলাদেশের জন্য চরম লজ্জার হলেও সরকারের টনক নড়েনি। দেশের রাজনৈতিক অঙ্গনে অনেকটাই অপরিচিত শুধু পাপুল একাই এমপি হননি, তার স্ত্রীকেও এমপি বানিয়েছেন, যাদের ধনস্ফীতির কোনো বৈধ উৎস জানা যায় না।

“এরা (আওয়ামী লীগ) ক্ষমতাসীন হওয়ার পর থেকেই ক্ষমতার উৎস জনগণকেই বাংলাদেশের রাজনীতির অঙ্গন থেকে বিদায় করে পাপুলদের পরিচর্যা করা হয়েছে নিরন্তরভাবে। বিগত ১২ বছরে এদেশে ক্যাসিনো ক্যাপিটালিজমের জন্ম দেয়া হয়েছে এভাবেই। পাপুলদের অপকর্মের দায় সরকার এড়াতে পারবে না।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই ভার্চুয়াল ব্রিফিং হয়।

কুয়েতের রেসিডেন্স ইনভেস্টিগেশন বিভাগ শনিবার রাতে মুশরেফ এলাকা থেকে আটক করে লক্ষ্মীপুর-২ আসনের এমপি পাপুলকে, যিনি সেদেশে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

সোমবার গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ওই রেসিডেন্স ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের আবেদনে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাদের আদেশ দিয়েছে কুয়েতের পাবলিক প্রসিকিউশন বিভাগ।

অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার

রুহুল কবির রিজভী বলেন, “করোনা সংক্রামণ ও মৃত্যু থামছেই না। সরকারের ব্যর্থতায় প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। একটি অক্সিজেন সিলিন্ডার, একটি ভেন্টিলেটরের জন্য মানুষ হাহাকার করছে।

“প্রতিবছরই স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেটে ১০ হাজার কোটি টাকা থেকে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ থাকে।এই বরাদ্দের টাকা দিয়ে যদি স্বাস্থ্যখাতের উন্নতি করা হতো তাহলে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ মুখ থুবড়ে পড়ত না।”

সরকারের মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, “দেশজুড়ে একদিকে শোকার্ত মানুষের আহাজারি, অন্যদিকে চলছে ত্রাণচুরির মহোৎসব। অথচ ক্ষমতা-অন্ধ ওবায়দুল কাদের সাহেবরা নির্জন কক্ষ থেকে প্রায় প্রতিদিনই ভার্চুয়াল সংবাদ ব্রিফিং করে বিরোধী দলের মুখ বন্ধ করার চেষ্টা করছেন অবান্তর কথা বলে।”

সারাদেশে দলের নেতা-কর্মীদের রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সরকার দমন করছে বলেও অভিযোগ করেন রিজভী।

পুরনো খবর:

কুয়েতে গ্রেপ্তার এমপি পাপুল রিমান্ডে
কুয়েতে বাংলাদেশি এমপিকে আটক