বাজেটে স্বাস্থ্য-শিক্ষা-কৃষি-কর্মসংস্থানে প্রাধান্য দেওয়ার দাবি সিপিবির
করোনাভাইরাস মহামারীকালে নতুন অর্থবছরের বাজেটে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি- সিপিবি।
সরকারি ব্যয়কে যথাসম্ভব কমিয়ে রেখে বাজেটের উন্নয়ন-বিনিয়োগের পরিমাণ বাড়ানো, প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তাদের প্রকৃত আয় বৃদ্ধির ব্যবস্থা করার দাবি জানিয়েছে দলটি।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে মঙ্গলবার সিপিবির সভাপতিমণ্ডলীর এক টেলি বৈঠকে বাজেট নিয়ে দলটির সুপারিশ চূড়ান্ত করা হয়।
এই সভায় অংশ নেন সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, সভাপতিমণ্ডলীর সদস্য লক্ষ্মী চক্রবর্তী, রফিকুজ্জামান লায়েক, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আবদুল্লাহ ক্বাফী রতন।
সভার প্রস্তাবে বলা হয়, “আগামী বাজেট হতে হবে মানুষ বাঁচানোর বাজেট। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে ৯৯% এর জন্য বাজেট প্রণয়ন করুন।“
সিপিবির প্রস্তাব
>> মানুষের আর্থিক সক্ষমতার অনুপাতে এবং ক্রমবর্ধমান হারে করারোপ করে বাজেটের অর্থ সংস্থানের ব্যবস্থা ও কাঠামো চালু করতে হবে। অর্থ সংস্থানের জন্য পরোক্ষ করের বদলে প্রত্যক্ষ করের উপর জোর দিতে হবে।
>> খেলাপি ঋণ গ্রহীতাদের কাছ থেকে পাওনা টাকা আদায়, অপ্রদর্শিত কালো টাকা ও বিদেশে পাচারকৃত কোটি কোটি টাকা দেশে ফেরত আনা ও বাজেয়াপ্ত করতে হবে। এসব টাকা রাষ্ট্রীয় ভাবে বিনিয়োগ করে প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তাদের প্রকৃত আয় বৃদ্ধির ব্যবস্থা করতে হবে।
>> বাজেটের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অপচয়, সিস্টেম লস, বিলাসিতা ইত্যাদি রোধ করে মিতব্যয়িতার নীতির প্রতিফলন ঘটাতে হবে। প্রশাসনিক ব্যয় কমাতে হবে। সব ধরনের দুর্নীতি-অনিয়ম কঠোর ভাবে দমন ও নিবৃত্ত করতে হবে।
>> অনুৎপাদনশীল খাতে খরচ হ্রাস করতে হবে। প্রতিরক্ষা খাতে রাদ্দের পরিমাণ প্রয়োজনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ও যুক্তিসঙ্গত মাত্রায় কমিয়ে আনতে হবে।
>> মাথাভারী প্রশাসন যন্ত্রকে পুনর্বিন্যস্ত করতে হবে, যথা সম্ভব সরকারি ক্রয় কমাতে হবে। বড় বড় প্রজেক্ট গ্রহণ বিপদোত্তীর্ণকালে স্থগিত রাখতে হবে। সর্বনিম্ন-সর্বোচ্চ বেতনের অনুপাত মুক্তিযুদ্ধ-পরবর্তী দিনগুলোর মতো ১:৬ করতে হবে।
>> বাজেটের প্রথম এক-তৃতীয়াংশ খরচ করতে হবে স্বাস্থ্য, শিক্ষা-গবেষনা, সংস্কৃতি, ক্রীড়া, পরিবেশ, সামাজিক সুরক্ষা ইত্যাদি খাত তথা সামাজিক কল্যাণ ও সামাজিক অবকাঠামো নির্মাণ খাতে। আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।
>> স্বাস্থ্য খাতে কমপক্ষে বাজেটের ১২ শতাংশ ও শিক্ষা-গবেষনা খাতে কমপক্ষে ১৫ শতাংশ বরাদ্দ করতে হবে। গ্রাম ও শহরের অভাবগ্রস্থ মানুষসহ সাধারণ নাগরিকদের জন্য স্থায়ী রেশনিং ব্যবস্থা চালু, শক্তিশালী গণবণ্টন ব্যবস্থা প্রতিষ্ঠা, দুর্যোগকালীন জরুরী ব্যয় নির্বাহ ইত্যাদির জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে।
>> বাজেটের দ্বিতীয় এক-তৃতীয়াংশ ব্যয় করতে হবে কৃষি খাত, শিল্প খাত, স্বনিয়োজিত বিনিয়োগ, আত্মকর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণ ইত্যাদি ক্ষেত্রে। বরাদ্দকৃত এসব অর্থের ৭৫ শতাংশ যেন সরাসরি কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, গরিব-মধ্যবিত্ত জনগণের কাছে পৌঁছায় এবং এভাবে যেন অগণিত মানুষের ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়ে দেশের অভ্যন্তরীণ বাজার বিপুলভাবে প্রসারিত ও সচল হতে পারে, তা নিশ্চিত করতে হবে।
>> বাজেটের শেষ এক-তৃতীয়াংশ নির্ধারিত রাখতে হবে দেশের ভৌত অবকাঠামো নির্মাণের জন্য। নদী খনন, রাস্তা ঘাট-ব্রিজ-কালভার্ট নির্মাণ, নৌ-রেল-সড়কপথে যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করা, শ্রমিকদের জন্য কলোনি, বাস্তুহীনদের জন্য বসত বাড়ি নির্মাণ ইত্যাদির জন্য এই অর্থ ব্যয় করতে হবে।
সিপিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাবগুলো তুলে ধরে বলা হয়, “আমাদের দেশে এ-যাবৎকালের প্রায় সবটা সময় জুড়ে জাতীয় বাজেট প্রণীত হয়েছে ৯৯ শতাংশকে বঞ্চিত করে ১ শতাংশের জন্য। সেই যুগের অবসান ঘটানোর সময় এসে গেছে।”
গণতান্ত্রিক বাম ঐক্যের মানববন্ধন
করোনাভাইরাস মহামারীর মধ্যে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে জীবন-জীবিকার প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বিশেষ কিছু উদ্যোগ ও বরাদ্দের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।
দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবিগুলো তুলে ধরেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম ।
মানববন্ধনে গ্রামে গ্রামে সমন্বিত কৃষি খামার গড়ে তোলা, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালুর লক্ষ্যে বাজেট বরাদ্দসহ অন্যান্য দাবি উত্থাপণ করা হয়।
