২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি নেতা আহসানউল্লাহকে মিরপুরে দাফন

করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়া বিএনপি নেতা আহসানউল্লাহ হাসানকে মীরপুর ১১ নম্বর কবরস্থানে দাফন করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2020, 05:17 PM

Updated : 18 Aug 2022, 03:09 PM

বিএনপির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হাসান রোববার রাতে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

সকালে তার দাফনের কথা জানিয়ে বিএনপির মহানগর উত্তরের দপ্তর সম্পাদক এবিএমএ রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাসান ভাইকে মিরপুর বাসস্ট্যান্ডের কাছে ১১ নম্বর কবরস্থানে দাফন করা হয়েছে।”

এর আগে সকাল সোয়া ১০টায় আহসানুল্লাহ হাসানের মরদেহ অ্যাম্বুলেন্সে করে মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে এনে সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যক মানুষ নিয়ে জানাজা পড়া হয়।

জানাজার পর মুক্তিযোদ্ধা হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশের একটি দল তাকে গার্ড অব অনার দেয়।

দাফনের সময় প্রয়াত নেতার স্ত্রী অসুস্থ রিনা হাসান, বড় ছেলে সারোয়ার আল হাসানসহ আত্মীয়-স্বজনরা ছাড়াও মহানগর উত্তরের নেতা এবিএম শামসুল হক, এম কফিলউদ্দিন, আক্তার হোসেন, সাজ্জাদ হোসেন, বুলবুল আহমেদ মল্লিক, আবদুল আউয়াল, মহিবুল হক, আকতার হোসেন জিল্লু, সৈয়দ একরাম বাবুল, জাহাঙ্গীর ব্যাপারী, আলমাস উদ্দিন, রফিকুল ইসলাম, হুমায়ুন কবিরসহ কয়েকশ নেতা-কর্মী সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত থেকে তাদের প্রিয় নেতাকে বিদায় জানায়।

দুই দিন আগে ৬৫ বছর বয়সী আহসানউল্লাহ হাসানের শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়। রাজধানীতে কোনো হাসপাতালে চিকিৎসার সুযোগ না পেয়ে আশুলিয়ায় গ্রামের বাড়ি মশুরিখোলায় আইসোলেশনে গিয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে রোববার তাকে গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

করোনাভাইরাসে বিএনপিনেতা আহসানউল্লাহর মৃত্যু  

একাদশ নির্বাচনে আহসানউল্লাহ হাসান ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন।

এছাড়া হাসান ঢাকা সিটি করপোরেশনে মিরপুর ৬ নম্বর ওয়ার্ডের টানা তিন দফায় নির্বাচিত কমিশনার ছিলেন। ১/১১ এর পরে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্যানেল মেয়র হিসেবে মাসখানেক দায়িত্ব পালন করেন তিনি।

ঢাকা সিটি করোরেশন দুই ভাগে বিভক্তির পর ২০১৭ সালে বিএনপির মহানগর উত্তরের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান হাসান।

আহসানউল্লাহ হাসানের স্ত্রী রিনা হাসান এবং দুই ছেলে সোহরাব আল হাসান ও সাকিব আল হাসান রয়েছে।ছোট ছেলে সাকিব মালয়েশিয়াতে লেখাপড়া করছে।

আহসানুল্লাহ হাসানের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুব দলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, জাসাসের সভাপতি অধ্যাপক মামুন আহমেদ ও সাধারণ সম্পাদক হেলাল খান, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব মজিবুর রহমানসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।