২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভাষাজ্ঞানের অভাবে’ কাদেরের কথার অর্থ বোঝেন না বিএনপি নেতারা: তথ্যমন্ত্রী

‘ভাষাজ্ঞানের অভাব’ থাকায় কোভিড-১৯ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের অর্থ বিএনপি নেতারা বুঝতে পারেননি বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2020, 06:04 PM

Updated : 18 Aug 2022, 03:01 PM

সচিবালয়ে বৃহস্পতিবার নিজ দপ্তরে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে এই দাবি করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, “আমাদের সাধারণ সম্পাদক ‘আমরা করোনাভাইরাস থেকেও শক্তিশালী’ বলে কথাটি প্রতীকী অর্থে বলেছিলেন। অর্থাৎ সম্মিলিতভাবে যাতে আমরা সবাই জাতি, ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে এই করোনাভাইরাস মোকাবেলা করি সেই অর্থেই তিনি কথাটি বলেছিলেন।

“সেই কথার অর্থ না বোঝা তাদের ভাষাজ্ঞানের অভাব। আমি আশা করব, বিএনপি নেতারা এ কথার সঠিক অর্থ বুঝবেন।”

হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা শুধু সমালোচনা করছেন, পৃথিবীর দিকে তাকাচ্ছেন না। কারণ তাদের এই সমালোচনার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করা।

“আমরা আশা করেছিলাম, মানুষের এই দুর্যোগের সময় তারা তাদের চিরাচরিত ‘না’ বলা আর ‘সাংঘর্ষিক’ রাজনীতি থেকে বেরিয়ে আসবেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা বেরিয়ে আসতে পারেননি।”

‘লকডাউন খুলে দিয়ে সরকার ভুল করেছে’ বলে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভীসহ কোনো কোনো নেতার বক্তব্যে মনে হয়, তাদের পরামর্শটা যদি ইউরোপ-আমেরিকা শুনত, তাহলে তারাও এই বিপর্যয়ের হাত থেকে ‘রক্ষা পেত’।

“তাদের কথায় মনে হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চেয়েও বিএনপি নেতারা স্বাস্থ্য বিষয়ে বেশি জ্ঞান রাখেন এবং এ ধরনের হাস্যকর কথা বলছেন।

“যেখানে স্পেন-ইতালিতে এখনও প্রতিদিন প্রায় ২০০ মানুষ মৃত্যুবরণ করছে, সেখানে তারা লকডাউন শিথিল করেছে, ভারতে প্রতিদিন একশর বেশি মানুষ মৃত্যুবরণ করছে, সেখানেও অনেক জায়গায় লকডাউন শিথিল করা হয়েছে।

“এসবই মানুষের জীবিকা রক্ষার কারণে। বাংলাদেশেও মানুষের জীবনের পাশাপাশি জীবিকা রক্ষার জন্যই নানা সিদ্ধান্ত নিয়েছে সরকার।”

খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা রক্ষায় সরকার সুচিন্তিত ও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোচ্ছে বলেও দাবি করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

তিনি বলেন, “বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুহার ইউরোপ, আমেরিকার চেয়ে কম তো বটেই প্রতিবেশী ভারত, পাকিস্তানের চেয়েও কম, এটা সৃষ্টিকর্তার পরম দয়া।

দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষকে সরকারি সহায়তার আওতায় আনা হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আরও ৫০ লাখ পরিবারকে এককালীন আড়াই হাজার টাকা করে সরাসরি পৌঁছে দেওয়ার কর্মসূচি উদ্বোধন করেছেন, এগুলো যুগান্তরকারী পদক্ষেপ।