সঙ্কট মোকাবেলায় নাগরিক ঐক্যের ৮ দফা
করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবিলায় অর্থনীতিবিদ-বিশেষজ্ঞ-পেশাজীবীদের সমন্বয়ে তিন থেকে পাঁচ বছর মেয়াদী ‘জাতীয় পুনর্গঠন কমিটি’ গঠনসহ ৮ দফা প্রস্তাবনা দিয়েছে নাগরিক ঐক্য।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক মুক্ত আলোচনায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব প্রস্তাবনা তুলে ধরেন।
‘কোভিড-১৯ : বৈশ্বিক মহামারী এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ আলোচনায় অংশ নেন।
এছাড়া স্কাইপের মাধ্যমে আলোচনায় যুক্ত হন বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর সালেহউদ্দিন আহমেদ ও সুশাসনের জন্য নাগরিক-সুজন এর সম্পাদক বদিউল আলম মজুমদার।
আলোচনায় মাহমুদুর রহমান মান্না বলেন, “করোনা একটা যুদ্ধ পরিস্থিতি। প্রথাগত যুদ্ধের চাইতে এই যুদ্ধ আরো ভয়ংকর। এই যুদ্ধ অদৃশ্য শত্রুর বিরুদ্ধে। এমন একটা পরিস্থিতিতে সারা পৃথিবীর সব দেশ, সব শ্রেণি-পেশার, রাজনৈতিক দলের মানুষকে নিয়ে যৌথভাবে এই সমস্যার মোকাবেলা করতে হবে। কিন্তু সরকার সে দিকে যায়নি।এমনকি এই বিভৎস ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করার পরেও সেই ব্যাপারে তাদের কোনো আগ্রহ দেখা যাচ্ছে না।
“এই দায় এককভাবে তাদেরকেই নিতে হবে।এই সময়ে এসেও সরকার যদি মনে করে তারা জনগণের পাশে দাঁড়াবে, তাহলে কিছু পদক্ষেপ এখনই জরুরিভাবে নিতে পারে। সেটা মাথায় রেখে এই মুহূর্তে নেয়ার জন্য সরকারের কাছে নাগরিক ঐক্যের এই ৮ দফা প্রস্তাব।”
মান্নার ৮ দফার মধ্যে রয়েছে- দেশের অর্থনীতিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবী, এনজিও প্রতিনিধির সমন্বয়ে ৩-৫ বছর মেয়াদী একটি স্থায়ী ‘জাতীয় পূনর্গঠন কমিটি গঠন; ত্রাণ চুরি-স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে শাস্তির ব্যবস্থা, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়-মাদ্রাসা,কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের খরচ, বেতন ইত্যাদি আগামী ৬ মাসের জন্য মওকুফ; ‘দিন আনে দিন খাওয়া’ দুই কোটি পরিবারকে তিন মাসের খাবার সরবারহ নিশ্চিত করা; মধ্যবিত্ত-নিম্ন-মধ্যবিত্ত ২ কোটি মানুষের জন্য ৫০% ভর্তুকি দিয়ে রেশনিং ব্যবস্থা চালু; দরিদ্র কৃষকদের সকল ঋণ মওকুফ, মাঝারি চাষীকের ঋণ ৬ মাসের জন্য মওকুফ; চিকিৎসক,নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী সুরক্ষা উপকরণের ব্যবস্থা, সব ধরনের ইউটিলিটি বিল আগামী তিন মাসের জন্য মওকুফ ইত্যদি।
“এই যে মানুষগুলোকে বাঁচাবার জন্য সবাই বলেছেন… ২ কোটি পরিবারকে বাঁচাতে তাদের অন্তত তিন মাসের খাবারের ব্যবস্থা করুন। সেই সম্পর্কে সরকার কথা বলছেন না। আমাদের এখন জোরে কথা বলা দরকার, চাপ তৈরি করা দরকার সরকারের ওপর।। যাচ্ছে তাই করা যেতে পারে না মানুষের জীবন নিয়ে। আজকে সামাজিক শক্তিকে এক সুরে কথা বলতে হবে।”
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী বলেন, “সরকারের প্রধানমন্ত্রীকে বলব, ভালো কাজ একলা করা যায়না। ভালো কাজ করতে হলে সর্বদলীয় কমিটি দরকার। সকল রাজনৈতিক দলকে সঙ্গে নিতে হবে। সকলকে নিয়ে এই সংকট মোকাবিলা করতে হবে।
“আপনাকে আমি মনে করাতে চাচ্ছি ১৯৭৪ সালের দুর্ভিক্ষের কথা। তার ওপর ছোট একটা ডকুমেন্টারি আছে ‘আনফ্যাশানেবলফ্যামিন’। গুদামে খাবার আছে তবু মানুষ অনাহারে ছিল। ঠিক আজকেও আপনাদের মন্ত্রী মহোদয়ের বক্তব্য ১৬ লক্ষ টন খাবার এখনো আপনার গুদামে আছে। আপনাদের হিসেবে যাই- এক কোটি পরিবার তারা অতি গরিব লোক, কাজ না থাকায় আরো এক কোটি পরিবার আছে- এই দুই কোটি পরিবারের খাবার দরকার। বেঁচে থাকার জন্য যেমন বাতাস দরকার সেভাবে খাবারও দরকার। আপনার ইনসেনটিভ কোথায় যাচ্ছে- ধনীদের কাছে।”
কৃষকের কাছ থেকে সরাসরি সরকারকে ধান ক্রয় করার দাবিও জানান তিনি।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “এপ্রিলের ৪ ও ৫ তারিখে যেভাবে কোনো প্রস্তুতি ছাড়া শ্রমিকদের ঢাকায় আসতে বাধ্য করা হয়েছে এটা এক ধরনের অপরাধের সমতুল্য। যখন আপনি নাগরিকদের ভালো থাকবার জন্য বলছেন তখন হঠাৎ গার্মেন্ট শ্রমিকদের এভাবে এনে তাদেরকে জীবনাশঙ্কার মধ্যে ঠেলে দেয়া হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ৪০ এর বেশি গার্মেন্ট শ্রমিক করোনায় সংক্রামিত হয়েছেন। কারো কারো জীবনাশঙ্কা আমরা করছি। এই পরিণতি জন্য সরকার ও গার্মেন্টস মালিকরা দায়ী থাকবেন।”
তিনি অভিযোগ করে বলেন, “দেড়মাস-দুই মাস পার হয়ে গেছে, অধিকাংশ পরিবারের কাছে এখনো কোনো খাদ্যসামগ্রী যায়নি, কোনো ত্রাণ যায়নি, নগদ টাকার তো প্রশ্নই উঠে না। পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে এই মানুষগুলোকে, দেশকে একরকম দুর্ভিক্ষ অবস্থার দিকে ঠেলে দেয়া হবে।”
বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বলেন, “সরকার একা একা সব কিছু করছে এবং সর্বক্ষেত্রে চরম ব্যর্থতা পরিচয় দিচ্ছে। তাদের মধ্যে সমন্বয় নেই। ফলে স্বাস্থ্য খাত আজকে ধসে পড়েছে। আজকে দেশের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রীকে বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকারকে জাতীয় ঐক্যমত গড়ে তুলতে হবে। তা না হলে আমাদের সামনে এক চরম মহাবিপদ অশনি সংকেত দিচ্ছে।”
আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির এজেডএম জাহিদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা মুনির হোসেন কাশেমী, খেলাফত মজলিশের মাওলানা মাহবুবুল হক, এবি পার্টির অবসরপ্রাপ্ত মেজর আব্দুল ওহাব মিনার, ডাকসু ভিপি নুরুল হক নূর, অধ্যাপক লিয়াকত আলী প্রমুখ।
