২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ত্রাণ তৎপরতায় বিএনপি নেতারা দিশেহারা: তথ্যমন্ত্রী

সরকারের পাশাপাশি আওয়ামী লীগের দেশব্যাপী ত্রাণ তৎপরতায় বিএনপি ‘দিশেহারার মতো কথা বলছে’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2020, 10:05 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে বক্তব্যে চলমান ত্রাণ তৎপরতা নিয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “অপরদিকে কয়েক দিন আগে আমরা বিএনপিকে তিতুমীর কলেজে ছাত্রদলের মধ্যে ত্রাণ বিতরণ করতে দেখেছি। আর মির্জা ফখরুল সাহেব বলছেন, তারা সারা দেশে ত্রাণ বিতরণ করছেন, কিন্তু জনগণ তা দেখতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন আসছে, তারা কাকে ত্রাণ বিতরণ করছেন?”

তথ্যমন্ত্রী বলেন, “সরকার ৫০ লাখ পরিবারকে বছরে ৭ মাস মাসে ৩০ কেজি করে চাল ১০ টাকা কেজি দরে খাদ্য সহায়তা দিচ্ছে এবং আরও ৫০ লাখ পরিবারের জন্য রেশন কার্ডের ব্যবস্থা করছে, যার আওতায় আসবে ১ কোটি পরিবারের প্রায় ৫ কোটি মানুষ। আরও ১ কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সহায়তা দিচ্ছে সরকার।

“আর বিএনপি এখনও শুধু ঢাকা শহরে কয়েকটা লোক দেখানো ফটোসেশনে ব্যস্ত।”

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “দেশে সিটি কর্পোরেশন-জেলা-উপজেলা-ইউনিয়ন পরিষদ পর্যায় পর্যন্ত সব মিলিয়ে ৭২ হাজারের মতো স্থানীয় সরকার প্রতিনিধি রয়েছে। এর মধ্যে অনিয়মের ঘটনা আনুপাতিক হারে দুই হাজারে একটির মতো, যদিও একটি ঘটনাও কাম্য নয়।

“মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের অনিয়মের সাথে জড়িতদের আগে মোবাইল কোর্টে বিচার হচ্ছে, পরে নিয়মিত মামলার হাত থেকেও এদের রেহাই নেই।”

৫ হাজার ৮০০ সাংবাদিকের তালিকা

সহায়তা চেয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের কাছে ৫ হাজার ৮০০ সাংবাদিকের তালিকা হস্তান্তর করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।

বিএফইউজে'র সভাপতি মোল্লা জালাল ও মহাসচিব শাবান মাহমুদ এবং ডিইউজের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম তপু মন্ত্রীর কাছে এ তালিকা হস্তান্তর করেন।

হাছান মাহমুদ বলেন, “আজকে বিএফইউজে ও ডিইউজের পক্ষ থেকে সারা দেশের সাংবাদিকদের একটি তালিকা দেওয়া হয়েছে। তাদেরকে কীভাবে রেশনিংয়ের আওতায় আনা যায়, সেটি আমরা আলোচনা করেছি। একইসাথে কীভাবে আর্থিক সহায়তা করা যায়, সেটিও আলোচনা হয়েছে।”

মন্ত্রী বলেন, “যেহেতু সাংবাদিকরা ঝুঁকির মধ্যে থেকে কাজ করছেন, সংবাদ পরিবেশন করছেন এবং করোনাভাইরাস মোকাবিলায়ও তারা কাজ করছেন, আমরা আশা করছি, শিগগিরই তাদের জন্য ইতিবাচক কিছু করতে আমরা সক্ষম হব।”

জাতীয় প্রেস ক্লাবে ইতোমধ্যেই একটি ন্যায্যমূল্যের দোকান চালু করা হয়েছে বলে জানান হাছান মাহমুদ।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, “আমরা সরকারের কাছে অনুদান ও রেশনিংয়ের জন্য দাবি জানিয়েছি। আমরা আশ্বাসও পেয়েছি, প্রস্তুতি চলছে। সারা দেশের ১১টি ইউনিয়নের ৪ হাজার ১৮১ জনসহ প্রত্যেক জেলা থেকে ৩০ জন করে সাংবাদিককে সরকারি অনুদানের জন্য মোট ৫ হাজার ৭৭১ জনের তালিকা দিয়েছি।”