২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ আত্মসাৎকারীদের কঠোরভাবে দমন করতে হবে: হানিফ

নভেল করোনাভাইরাসের মহামারীতে দরিদ্রদের জন্য দেওয়া ত্রাণ ‘আত্মসাৎকারী মানুষরূপী’ জানোয়ারেদের কঠোরভাবে দমনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2020, 03:34 PM

Updated : 18 Aug 2022, 02:50 PM

শনিবার দুপুরে এক ভিডিও বার্তায় প্রশাসনের  উদ্দেশে তিনি বলেন, “বারবার সতর্ক করার পরেও আমাদের কিছু মানুষের ভুলে সমগ্র দেশে করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী, চিকিৎসক, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী দেশের মানুষকে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হয়েছে।

“কিন্তু কিছু কিছু মানুষের অসচেতনতার কারণেই এই লকডাউন পুরোপুরি কার্যকর করা সম্ভব হয়নি। যার ফলে করোনাভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে। সকলের প্রতি অনুরোধ করবো, সকল ঘরে থাকুন, নিজে বাঁচুন অন্যকে বাঁচতে দিন।”

ত্রাণ আত্মসাৎকারীদের জানোয়ার আখ্যা দিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিছু খবর দেখতে পেলাম। এই করোনাভাইরাসের মহামারী চলাকালে অসহায় মানুষদের জন্য সরকারের বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।  আমি অবাক হয়ে যাই, কারা এইসব মানুষ? যারা এই- রোগের সময়ও এই অসহায় মানুষের ত্রাণ আত্মসাৎ করতে পারে?

“এদের মানুষ বলা যায় না, এরা মানুষরূপী জানোয়ার। এদের প্রতি আমি তীব্র ঘৃণা প্রকাশ করছি ও নিন্দা জানাই।  আমি প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশনা দিন। এই ত্রাণ যাতে কেউ আত্মসাৎ করতে না পারে, এবং  সে ব্যপারে কঠোর ব্যবস্থা নিন। যদি কোন ব্যক্তি বা জনপ্রিতিনিধির বিরুদ্ধে অভিযোগ উঠে ত্রাণ আত্মসাতের, তাহলে তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।

“আমরা চাই এই অসহায় মানুষের জন্য বরাদ্দকৃত ত্রাণ জালিয়াতি আমরা বরদাস্ত  করবো না। আমরা কঠোর ভাবে এটা দমন করতে চাই।”