মানুষের রায় ৫-৭%, বাকিটা জাল ভোট: কামাল হোসেন
ঢাকার দুই সিটিতে ক্ষমতাসীন দলের মেয়র প্রার্থীরা যত ভোটে বিজয়ী হয়েছেন, তার মধ্যে সর্বোচ্চ সাত শতাংশ বাদে বাকিটা ‘জাল ভোট’ বলে মনে করেন বিএনপিসহ বিরোধী জোটের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
মঙ্গলবার দুপুরে মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর গণফোরাম সভাপতির লিখিত বক্তব্যে এ অভিযোগ করা হয়।
গত কয়েকটি নির্বাচনে ভোটারদের অনাগ্রহের প্রেক্ষাপটে এবার ঢাকার সিটির ভোটে নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ব্যাপক প্রচার চালিয়েছিল। মেশিনে অনিয়মের সুযোগ নেই বলে ইসি আশ্বস্ত করলেও কারচুপির শংকা নিয়েই বিএনপি এতে অংশ নেয়।
কিন্তু দিন শেষে দলীয় প্রার্থীদের এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া ও কারচুপিরসহ নানা অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছে বিএনপি।
লিখিত বক্তব্যে ড. কামাল বলেন, “নির্বাচিত মেয়ররা মাত্র পাঁচ থেকে সাত শতাংশ মানুষের রায় পেয়েছে। বাকি ফলাফল ইভিএমের জ্বাল ভোট। বর্তমান সরকারের আমলে গণতন্ত্র, আইনের শাসন ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। এই সরকার চায় ভোটাররা ভোটকেন্দ্রে না যাক, তারা ভোটারদের ভয় পায়।
“সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়ার ওপর বাংলাদেশের জনগণ ও যুব সমাজ অনাস্থা প্রকাশ করেছে। জনগণ ভোটকেন্দ্রে না যাওয়ার অর্থ- তারা মনে করে তাদের ভোটে এই সরকারের পরিবর্তন হবে না। এটা দেশ ও জাতির জন্য একটা অশনি সংকেত।”
এভিএমের ভোটে কারচুপির সুযোগ নেই বলে ইসি দাবি করলেও গোপন ভোটকক্ষে ঢুকে ক্ষমতাসীন দলের প্রার্থীদের পক্ষে ভোট দিতে প্রভাব বিস্তার করা হয়েছে বলে কোনো কোনো ভোটার অভিযোগ করেছেন। এছাড়া আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে গিয়ে অনেককে সমস্যায় পড়তে হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার ও কামাল হোসেনসহ এমন অনেকের ক্ষেত্রে প্রিজাইডিং অফিসারের ১ শতাংশ ভোট দেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে হয়েছে। এই সংখ্যা বাড়তে থাকায় ভোটের দুপুরে মাঠ পর্যায় থেকে কমিশনের কাছে প্রিজাইডিং অফিসারের ক্ষমতা বাড়ানোর আবেদন করা হয়েছিল।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে শনিবার বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন গণফোরামের সভাপতি কামাল হোসেন। ছবি: মাহমুদ জামান অভি
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ মিলিয়ে ৩০ শতাংশ কেন্দ্রে প্রিজাইডিং অফিসারেরর ১ শতাংশ ভোট দেওয়ার ক্ষমতা ব্যবহার করা হয়েছে। বাকি কেন্দ্রে সেটার প্রয়োজন পড়েনি।
গত ১ ফেব্রুয়ারির এ নির্বাচনে ভোটার নিয়ে হা-পিত্যেশের মধ্যে দিন শেষে উত্তরে ২৫ দশমিক ৩০ শতাংশ ও দক্ষিণে ২৯ শতাংশ ভোট পড়েছিল। অর্থাৎ প্রায় ৭০ শতাংশে বেশি ভোটার কেন্দ্রেই যাননি।
এর মধ্যে আওয়ামী লীগের ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম ৪ লাখ ৪৭ হাজার ২১১ ও দক্ষিণের শেখ ফজলে নূর তাপস জয়ী ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট পেয়েছেন।
নির্বাচনী এলাকার মোট ভোটার সংখ্যার হিসাবে উত্তরের নতুন মেয়র ১৪ দশমিক ৮৪ শতাংশ ও দক্ষিণের মেয়র ১৭ দশমিক ৩৪ শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন।
ঢাকার সদ্য নির্বাচিত দুই মেয়রকে ‘সংখ্যাগরিষ্ঠ ভোটে মেয়র’ বলা যাবে কিনা সাংবাদিকরা প্রশ্ন করলে জ্যেষ্ঠ এই আইনজীবী বলেন, “তাদেরকে এটা মোটেই বলা যাবে না, এটা মোটেই বলা যাবে না।”
এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, “সরকার দায়িত্বহীনভাবে সংবিধানের পরিপন্থি কাজ করে গোটা নির্বাচনের প্রক্রিয়াকে ধ্বংস করে ফেলেছে। যার ফলে এই ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে।
“এভাবে দেশ চলতে পারে না। জনগণকে নিয়ে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এদেশের মানুষ সচেতন, তারা কখনো স্বৈরতন্ত্রকে গ্রহণ করেনি, এখনো করবে না।”
‘৮ ফেব্রুয়ারি প্রতিবাদ সভা’
খালেদা জিয়ার কারাগারে দুই বছরপূর্তিতে তার মুক্তির দাবিতে ৮ ফেব্রুয়ারি সকাল ১১টায় সেগুনবাগিচার ঢাকা রিপোর্টাস ইউনিটিতে প্রতিবাদ সভার কর্মসূচি নিয়েছে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি।
ড. কামালের সভাপতিত্বে বৈঠকে জেএসডির আসম আবদুর রব, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, বিএনপির আবদুল মঈন খান, গণস্বাস্থ্য সংস্থার ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সু্ব্রত চৌধুরী, মোশতাক হোসেন, মহসিন রশিদ, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, বিকল্পধারা নুরুল আমিন ব্যাপারী, শাহ আহমেদ বাদল, জাতীয় ঐক্যফ্রন্টের জাহাঙ্গীর আলম মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
বৈঠকের পর সাংবাদিকদের সামনে কামালের লিখিত বক্তব্য পড়ে শোনান গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মহসিন রশিদ।
