২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখ ঢাকতে বিএনপির হরতাল: ইনু

নির্বাচনে পরাজয়ের পর বিএনপি ‘মুখ ঢাকতে’ হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2020, 11:48 PM

Updated : 18 Aug 2022, 02:27 PM

রোববার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি একথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেন, “গতকাল ঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে বিএনপির প্রার্থীদের নাকি গণজোয়ার তৈরি হয়েছিল বলে বিএনপি দাবি করেছিল। ফলাফল ঘোষণার পর তাদের পুরাতন বদঅভ্যাস অনুযায়ী ফলাফল প্রত্যাখ্যান করে হরতাল করেছে। হরতালের মধ্যে নগরবাসীর স্বাভাবিক কাজকর্ম চলছে। আজকের হরতাল বিএনপির ভুল ও ব্যর্থ রাজনীতির ঢাকার ও মুখরক্ষার হরতাল।“

Image
হাসানুল হক ইনু (ফাইল ছবি)

হাসানুল হক ইনু (ফাইল ছবি)

ইনু বলেন, “বিগত ১১ বছর অন্তর্ঘাত, নাশকতা, আগুন সন্ত্রাসের অপরাজনীতির মধ্য দিয়ে নির্বাচিত শেখ হাসিনার সরকারকে উৎখাত করার চক্রান্ত ব্যর্থ হওয়ার পরে অপপ্রচার, মিথ্যাচার ও গুজবের অপরাজনীতি শুরু করে। তা ব্যর্থ হওয়ার পরে তারা নতুন কৌশল ব্যবহার করে। যখনই নির্বাচন আসে সেই নির্বাচনকে ব্যবহার করে রাজনৈতিক নিম্নচাপ তৈরি করে।

“সেই নিম্নচাপের মধ্য দিয়ে একতটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার চেষ্টা-চক্রান্ত করে। সেই চত্রান্তের ঘুর্ণিঝড়ের মধ্য দিয়ে মুখ রক্ষার চেষ্টা করে তাতেও তারা ব্যর্থ হয়েছে। সাম্প্রতিক নির্বাচনের মধ্য দিয়ে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিএনপির প্রতি আহ্বান জানাব, স্বাভাবিক রাজনীতিতে আসুন।”

সরকারের দুর্নীতিবিরোধী অভিযানের কথা তুলে ধরে ইনু বলেন, “বাংলাদেশের রাজনীতির নতুন পর্বের চ্যালেঞ্জ হল, সুশাসন প্রতিষ্ঠা করা। কেবল সুশাসন পারে উন্নয়ন অগ্রতির ধারাকে আরও বেগবান করতে। প্রধানমন্ত্রী যথার্থভাবেই বলেছেন, দুর্নীতি না হলে দেশ আরও অনেক এগিয়ে যেত। দুর্নীতির দুষ্টচক্র আমাদের জন্য অভিশাপ। উন্নয়নের সুফল খেয়ে নেওয়া দুর্নীতির উইঁপোকা আর ইঁদুরগুলোকে মারতে হবে। দুর্নীতির দুষ্টচক্র ধ্বংস করতে হবে।

“মাননীয় প্রধানমন্ত্রী শুদ্ধি অভিযান শুরু করেছিলেন। দুর্নীতিবাজ লুটেরাদের দলের নেতৃত্বে আসা বন্ধ করে দিয়েছিলেন। মানীয় প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে আমি সমর্থন জানিয়েছিলাম। ঝিঁকে মেরে বউকে শোধরানোর চেষ্টা করে লাভ হচ্ছে না। দুর্নীতিবাজরা শিখবে না। সকল দুর্নীতিবাজ বেগম সাহেবা ও সাহেবদের ধরার জন্য পদক্ষেপ নিন। দুর্নীতিবাজ, লুটেরা অফিসার, অসৎ রাজনীতিকদের সিন্ডিকেটের বিরুদ্ধে ত্রিমুখী অভিযান পরিচালনা করার আহ্বান জানাচ্ছি। আমি মনে করি দুর্নীতিবাজদের ধ্বংস করে সুশাসন প্রতিষ্ঠাই বাংলাদেশের বিরাট চ্যালেঞ্জ।”

ভারত সীমান্তে হত্যা প্রসঙ্গে জাসদ সভাপতি বলেন, “বন্ধুরাষ্ট্র ভারতের সাথে এই ব্যাপারটা তুলুন সীমান্তে যে মানুষ হত্যা হচ্ছে এটা অনাকাঙ্ক্ষিত। শূন্য হত্যা নীতিতে চুক্তি হয়েছে। সেদিকে নজর দেবেন।”

পশুর প্রতি মানবিক হওয়ার আহ্বান সুবর্ণার

সংরক্ষিত আসনের সুবর্ণা মুস্তাফা বলেন, “একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যা আমাকে খুবই ব্যথিত করে। গত কয়েক বছরে বাংলাদেশে নিরীহ পশুর প্রতি সহিংসতা একটি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে কুকুরের ওপর। মানবিকতা কি শুধু মানুষের জন্য? দেশে কিন্তু আইন আছে কিন্তু দুঃখজনক ব্যাপার হল তারপরও বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ মামলা নিতে চায় না।

“আমাদের শিক্ষা-সংস্কৃতি কিছুই এই নির্মমতাকে সমর্থন করে না। আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে এই ব্যাপারে আরও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।”

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি জানিয়ে এই অভিনেত্রী বলেন, “নারীর নিরাপত্তা এখনও নিশ্চিত নয়। ৬ মাসের শিশু থেকে যে কোনো বয়সের নারী ধর্ষণের সংবাদ প্রকাশ হচ্ছে। ধর্ষণকারীর বিচার ফাস্ট ট্রাক করার এবং দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করছি।”

আলোচনায় আরও অংশ নেন ফারুক খান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, রত্না আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম, গ্লোরিয়া ঝর্ণা সরকার।