বিএনপি: হরতালে অবস্থানে তাবিথও
ঢাকা সিটির ভোটে জালিয়াতির অভিযোগ তুলে ডাকা ‘পিকেটিং’বিহীন হরতালের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিক্ষোভে ইশরাক হোসেনের পর দলের আরেক পরাজিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও যোগ দিয়েছেন।
রোববার বেলা ১২টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোরত ঢাকা দক্ষিণের প্রার্থী ইশরাকসহ নেতা-কর্মীদের পুলিশ তুলে দেয়। বেলা ২টায় আবার তারা সেখানে সমবেত হয়ে হরতালের সমর্থনে নানা শ্লোগান দিতে থাকেন।
ঢাকা উত্তরের প্রার্থী তাবিথ আউয়ালও এসে তাতে অংশ নেন। তিনি দাঁড়িয়ে করতালি দিয়ে শ্লোগানে অংশ নেন। নেতা-কর্মীদের সঙ্গে বসে শ্লোগানের নেতৃত্ব দেন ইশরাক।
সেখানে ইশরাক বলেন, সিটি নির্বাচন হয় নাই, এটা নির্বাচনের নামে তামাশা হয়েছে। ভোট কারচুপির প্রতিবাদের ভাষায় হিসেবে জনগণ হরতালকে বেছে নিয়েছে।
তাবিথ বলেন, “এই মুহূর্তে আমরা জনগণের পক্ষে দাঁড়িয়ে আছি, জনগণের সাথে দাঁড়িয়ে আছি। জনগণ দাবি তুলেছে যে, উনাদের পক্ষে এবং উনারা এই নির্বাচনের প্রক্রিয়াতে সন্তুষ্ট না। এর প্রতিবাদে হরতাল হচ্ছে।”
কর্মীরা সরকার, প্রধানমন্ত্রী ও সিইসিকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এই সময়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর নেতা-কর্মীদের ঘিরে রাখে।
এর আগে সকালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা ফুটপাতে বসে হরতালে বিক্ষোভ করে। সকাল ১১টার দিকে ইশরাক এই কর্মসূচিতে অংশ নেন। বেলা ১২টার দিকে পুলিশ তাদের তুলে দেয়।
এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে সাড়ে ৯টায় উত্তরার বাসা থেকে বাইকের চড়ে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন। তিনি নিজের চেম্বারে অবস্থান করছেন।
অবস্থান কর্মসূচির শুরুতে সকালে কার্যালয়ের সামনে একটি ইভিএম প্রতীকি মেশিন নেতা-কর্মীরা পুড়ায়।
বিএনপির এই সকাল-সন্ধ্যায় হরতাল উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। তারা রাস্তায় ওপরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অবস্থান করছে।
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের ভোট জালিয়াতির প্রতিবাদে ঢাকা মহানগরীতে গতকাল রাতে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রোববার ভোর থেকে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।
২০১৫ সালের টানা অবরোধ কর্মসূচির এই প্রথম বিএনপি হরতালের কর্মসূচি পালন করছে।
