২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন দেখি সেই দুর্নীতিবাজরাও মন্ত্রী-উপদেষ্টা: মেনন

দুর্নীতিবাজরা মন্ত্রী-উপদেষ্টাসহ সরকারের গুরুত্বপূর্ণ পদে আসছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের জোট শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।    

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2020, 11:16 PM

Updated : 10 Oct 2022, 06:56 PM

তিনি বলেছেন, “আমরা বিএনপির দুর্নীতি-দুর্বৃত্তায়নের রাজনীতির বিরুদ্ধে লড়াই করেছি, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছি, তারেক রহমানের হাওয়া ভবনের লুটপাটের বিরুদ্ধে লড়াই করেছি।

“কিন্তু আজকে যখন নতুন হাওয়া ভবন হয়ে ওঠে, আজকে যখন নতুন করে দুর্নীতি মাথা চাড়া দেয়, দুর্বৃত্তায়নের রাজনীতি আসে তখন আমরা কোথায় যাব?”

শুক্রবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে দলের বিভাগীয় সমাবেশে বক্তব্যে এভাবে অসন্তোষ জানান আওয়ামী লীগের বিগত সরকারের মন্ত্রী রাশেদ খান মেনন।

তিনি বলেন, “এই চট্টগ্রামের শ্রমিক-কৃষক, লবণ শ্রমিক, বাস্তুহারাদের ভাগ্যের পরিবর্তন হল না। কিন্তু আমি জানি এই চট্টগ্রামের কিছু লোক লাখ-কোটি টাকা কামিয়ে বাংলাদেশের অনেক ব্যাংকের দখল নিয়েছে।

“যেসব ব্যাংক দখলে নিয়েছে সেগুলো থেকে গত কয়েক বছরে কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে চলে গেছে। কোনো ব্যবস্থা সরকার নিতে পারেনি। শেয়ার বাজারে মধ্যবিত্ত বিনিয়োগকারী শেষ হয়ে গেছে। সেই শেয়ারের টাকা চলে গেছে বিদেশে, চলে গেছে মুষ্টিমেয় মানুষের হাতে।”

সরকারের মধ্যে দুর্নীতিবাজ রয়েছে অভিযোগ তুলে মেনন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে দুর্নীতি চলবে না। আমিও বলি, বাংলাদেশে দুর্নীতি চলবে না। এই দুর্নীতির কারণেই জাতীয় প্রবৃদ্ধি আরও দুই ভাগ এগোতে পারে না।

“কিন্তু দুর্নীতি চলবে না যখন বলি তখন সেই দুর্নীতিবাজরা রাষ্ট্র-সমাজের উপরের কাতারে বসে থাকেন। সেই দুর্নীতিবাজরা মন্ত্রী-উপদেষ্টা হন, সেই দুর্নীতিবাজরা যখন আজকে সচিব, বড় কর্মকর্তা হন তখন প্রশ্ন করি, সেই দুর্নীতি আমরা বন্ধ করতে পারি কি না? সেই সম্পদ রক্ষা করতে পারি কি না?”

১৪ দলের জোট শরিক ওয়ার্সাকার্স পার্টির সভাপতি বলেন, “দুর্নীতি বন্ধ করতে পারি না বলেই ৭৪ জন কোটিপতির স্থলে এখন এক লাখ ৪০ হাজার কোটিপতি। পারি না বলেই পাঁচজনে একজন আজও দারিদ্র্য সীমার নিচে। যদিও মাথাপিছু আয় বেড়েছে তারপরও দেশের সাধারণ মানুষ এক ডলার আয় করতে পারে না। এই যে বৈষম্য তা ঘোচাতে ওয়ার্কার্স পার্টি সমতাভিত্তিক, ন্যায্যতাভিত্তিক অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলেছে।”

শনিবারের ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে মেনন বলেন, “নিশ্চিতভাবে বলতে পারি স্বাধীনতার পক্ষের শক্তি বিজয় লাভ করবে। বিএনপি-জামায়াত চক্র যত বিরোধীতাই করুক মানুষ উৎসব আনন্দে ভোট দেবে।”

তবে ঢাকাকে যদি ‘বাসযোগ্য’ না করা যায় তাহলে বিজয়ের সুফল জনগণ পাবে না বলে মন্তব্য করেন তিনি।

চট্টগ্রামের আসন্ন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রাশেদ খান মেনন বলেন, “আমার প্রশ্ন সেই নির্বাচন হবে, কিন্তু যানজট দূর হবে কি? যে জলজটে শিল্প ও জনজীবন বিপর্যন্ত তা দূর করতে পারব কি না। কোটি কোটি টাকা খরচ করে খাল খনন হয়, জলাবদ্ধতা মেটে না। এই টাকা কোথায় যায়?

“খাল খননের নামে জিয়াউর রহমান এক সময় হাজার হাজার দুর্নীতিবাজ তৈরি করেছিল। তেমনি আজকে এই মহানগরেও চাক্তাই খাল খননের নামে, ফ্লাইওভার নির্মাণের নামে সেই টাকা চলে গেছে দুর্নীতিবাজদের কাছে। কেন এই চট্টগ্রামের ফ্লাইওভারে গাড়ি চলে না? কেন চট্টগ্রাম একটি সুন্দর বাণিজ্যিক নগর হবে না? কারণ লোভ সমগ্র চট্টগ্রামকে শুধু নয়, সমগ্র দেশকে গ্রাস করেছে।”

সমাবেশের প্রধান বক্তা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, “পত্রিকায় জেনেছি ৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কানাডায় প্রবাসী বাঙালিরা মিছিল করেছেন দুর্নীতিবাজদের বিরুদ্ধে। উন্নয়ন যে হয়েছে তার ফল বিদেশে পাচার হয়ে গেছে। রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধারা ঢুকে যান। কারণ তারা প্রকৃত রাজাকারের তালিকা করতে চান না। যারা বিদেশে টাকা পাচার করছেন তারাই আজকের দিনের প্রকৃত রাজাকার।”

সামাজিক ন্যায্যতা ও সমতার ভিত্তিতে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২১ দফা বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য হাজী বশিরুল আলম।

জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পলিট ব্যুরো সদস্য কামরুল আহসান,  চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি আবু হানিফ, কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মাসুদ আহমেদ।