এলডিপির অলিবিরোধী অংশের কাউন্সিল
কাউন্সিলের মধ্যে দিয়ে নেতৃত্ব গঠন করেছে এলডিপির অলি আহমদ বিরোধী অংশ।
এই অংশের চেয়ারম্যান হয়েছেন আবদুল করীম আব্বাসী, মহাসচিব হয়েছেন সাহাদাত হোসেন সেলিম।
তাদের নেতৃত্বে একটি অংশ কয়েক মাস আগে অলি আহমদকে চ্যালেঞ্জ করে আরেকটি এলডিপি গড়ে তোলে।
শনিবার সকালে ঢাকার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে জাতীয় কাউন্সিল করে তারা।
কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান পদে আবদুল গনি এবং যুগ্ম সম্পাদক পদে এম এ বাশারের নাম ঘোষণা হয়।
পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা হবে বলে কাউন্সিলে জানানো হয়েছে।
কাউন্সিলে সভাপতিত্ব করেন করীম আব্বাসী। এতে ৩০ জেলা থেকে ৬ শতাধিক কাউন্সিলর অংশ নেন বলে দলটির নেতারা জানিয়েছেন।
কাউন্সিলের মঞ্চের দুই পাশে খালেদা জিয়ার ছবি এবং তার মুক্তির দাবি সম্বলিত ব্যানার টানানো ছিল।
অলি আহমদ ২০ দলীয় জোটে থাকলেও সম্প্রতি তিনি আলাদা রাজনৈতিক মঞ্চ গড়ে তুললে তা নিয়ে বিএনপির সঙ্গে তার টানাপড়েন শুরু হয়, এই প্রেক্ষাপটে দলে দেখা দেয় ভাঙন।
এলডিপির কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেন, “জার্মানিতে হিটলার যেমন গণতান্ত্রিক মানুষদের কনস্ট্রেশন ক্যাম্পে নিয়ে হত্যা করেছে। তেমন আজকে বাংলাদেশে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পিজি হাসপাতালকে কনস্ট্রেশন ক্যাম্প বানিয়ে হত্যার চেষ্টা হচ্ছে।
“রাতের অন্ধকারে যেভাবে ওরা ভোট ডাকাতি করেছে, ঠিক সেই ভাবে জনগণের তাড়া খেয়ে রাতের অন্ধকারেই তারা একদিন পালিয়ে যাবে।”
২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) সভাপতি মোস্তফা জামাল হায়দার, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক গণফোরামের নির্বাহী সভাপতি আবু সাইয়িদ, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাগপার একাংশের সাধারণ সম্পাদক খোন্দকার লুৎফর রহমান, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা এই কাউন্সিলে বক্তব্য রাখেন।
বিএনপি ছেড়ে আসা একিউম বদরুদ্দোজা চৌধুরী ২০০৬ সালের ২৬ মার্চ নিজের দল বিকল্প ধারা বিলুপ্ত করে অলি আহমদসহ বিএনপি থেকে ছেড়ে আসা একদল নেতাদের নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গঠন করেন।
বি চৌধুরী এলডিপির সভাপতি ও অলি নির্বাহী সভাপতি হন। এক বছর পর মতপার্থক্যে বি চৌধুরীকে বাদ দিয়ে অলির নেতৃত্বে এলডিপির নতুন কমিটি হয় এবং বি চৌধুরী আবার বিকল্পধারা পুনরুজ্জীবিত করেন।
