২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটি নির্বাচন ঘিরে ফের ঝামেলা করছে সরকার: রিজভী

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ দিনে একজন কাউন্সিলর প্রার্থীকে গ্রেপ্তারের সমালোচনা করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, এই নির্বাচন ঘিরে আবার তাদের নেতাকর্মীদের হয়রানি করা  শুরু হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2020, 08:38 PM

Updated : 10 Oct 2022, 06:52 PM

শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এই অভিযোগ করেন।

তিনি বলেন, “সরকার সিটি নির্বাচনে ঝামেলা করছে। তাজু (তাজ উদ্দিন আহমেদ তাজু) আমাদের বংশাল থানা বিএনপির সভাপতি, বলিষ্ঠ নেতা, কাউন্সিলর প্রার্থী তাকে গতকাল গ্রেপ্তার করেছে। কেন করেছে? এটা ভয় থেকে তারা করছে। আমাদের জনপ্রিয় প্রার্থীরা যেন ভোট না করতে পারেন সেজন্য সরকার গ্রেপ্তার শুরু করেছে।”

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির নেতা-কর্মীদের  ভয়ভীতি দেখাচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, “অনেক কাউন্সিলর প্রার্থী আমাকে বলেছেন, পুলিশ ভয় দেখাচ্ছে, আপনি যদি প্রার্থী হন তাহলে আপনার অসুবিধা হবে, আপনাকে গ্রেপ্তার করা হবে।”

‘নিপীড়ন-হয়রানির’ এই রাস্তা থেকে সরে আসতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এই বিএনপি নেতা বলেন, “আমরা বরাবর যেটা বলে আসছি, এবারও সেটা বলছি- গণতন্ত্রের ন্যূনতম স্পেস পাবে আমরা, সেখানে সুযোগ আমরা নেব। আমরা জানি এটার জন্য আরও নির্যাতন নেমে আসবে।

“কিন্তু এই সুযোগটি আমরা গ্রহণ করব। কারণ ‘নাৎসি দুঃশাসনে’ তারা তো একতরফা নির্বাচন করতে চায়। আবার বিশ্বকে একটু দেখানো- আমরা একটু গণতন্ত্র গণতন্ত্র পাচ্ছি। গণতন্ত্র একটা প্রসাধনী মুখে মাখার জন্য এই নির্বাচন করে। কিন্তু নির্বাচনটা হচ্ছে একদলীয় কর্তৃত্ববাদী নির্বাচন।”

কাউন্সিলর পদে দলের একক প্রার্থী সব জায়গায় চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে রুহুল কবির রিজভী বলেন, “আমরা ইতোমধ্যে দলের প্রার্থী একেবারে ৯৯ শতাংশ চূড়ান্ত করে ফেলেছি। দুই-একটা আছে তাও ঠিক হয়ে যাবে, ৯ তারিখের আগেই হবে। কোনো দিকে কোনো ঝামেলা নাই।

“ঝামেলা যা করছে, তা সরকার করছে।”

‘খালেদার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিচ্ছে না’

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন করেও স্বজনরা অনুমতি পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী।

খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের কোকোর স্ত্রী ও তার দুই মেয়েসহ নিকটাত্মীয় সাক্ষাতের অনুমতি চেয়ে গত ২৭ ডিসেম্বর কারা কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করেন। এখন পর্যন্ত সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি বলে জানান রিজভী।

কারা কর্তৃপক্ষের সমালোচনা করে তিনি বলেন, “প্রায় ৩১ দিন পর গত ১৬ ডিসেম্বর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তার স্বজনদের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়েছিল। ইতোমধ্যে ১৯ দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও দেশনেত্রীর নিকট স্বজনদের সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি।

“সরকারের নেক নজরে থাকার জন্য কারা কর্তৃপক্ষ দেশনেত্রীর আত্মীয়-স্বজনদের দেখা করতে দিচ্ছেন না। এটি কর্তৃত্ববাদী শাসনের চরম বহিঃপ্রকাশ।”

নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক শাহিদা রফিকসহ কেন্দ্রীয় ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।