২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধ মঞ্চ ছাত্রলীগেরই ছদ্মাবরণ: খন্দকার মোশাররফ

ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলার ঘটনায় আলোচিত মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনটিকে ছাত্রলীগেরই আরেক রূপ বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2019, 05:29 PM

Updated : 18 Aug 2022, 06:18 PM

তিনি বলেছেন, ছাত্রলীগ নানা কর্মকাণ্ডের কারণে বিতর্কিত হয়ে পড়ায় নতুন করে সমালোচনা এড়াতে এখন মুক্তিযুদ্ধ মঞ্চের আড়ালে থেকে ‘গুণ্ডামি’ করছে। 

“আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ- আপনারা দেখেছেন কিছুদিন আগে বিভিন্নভাবে চিহ্নিত হয়েছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট-সেক্রেটারি চাঁদাবাজির অপরাধে বহিষ্কৃত হয়েছে। তারা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই ছাত্রলীগকে দিয়ে গুণ্ডামি করাতে তারা নতুন একটা সংগঠন করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।”

জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সর্বদলীয় ছাত্র ঐক্য ও নব্বইয়ের ডাকসুর উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবি এবং ডাকসু ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে সমাবেশে একথা বলেন খন্দকার মোশাররফ।

গত রোববার ডাকসু ভবনে ভিপির কক্ষে নূর ও তার সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের উপর হামলা চালায় মুক্তিযুদ্ধ মঞ্চ। ওই সংগঠনের ব্যানারে ছাত্রলীগের একদল নেতা-কর্মীকেও হামলায় অংশ নিতে দেখা গেছে।

তবে ছাত্রলীগ ওই ঘটনার জন্য মুক্তিযুদ্ধ মঞ্চকে দায়ী করে নিজেদের দায় অস্বীকার করেছে।

ছাত্রলীগের এক সময়ের নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক খন্দকার মোশাররফ ডাকসু ভিপির উপর হামলার নিন্দা জানান।

মুক্তিযুদ্ধ মঞ্চের প্রসঙ্গে তিনি বলেন, “এটা কোথায় ছিল? কয় বছর আগে হয়েছে? দেখা যায় ছাত্রলীগের নেতৃবৃন্দ এই মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন।

“তাদের নেতৃত্বে তথা ছাত্রলীগের নেতৃত্বে সেদিন ডাকসু ভিপি নূরসহ তার সহযোগীদেরকে কীভাবে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে হত্যার উদ্দেশ্যে নির্দয়ভাবে পিটিয়েছে।”

খন্দকার মোশাররফ বলেন, “নুরের উপর আক্রমণ মানে সারাদেশের জনগণের চিন্তার উপর আক্রমণ, গণতন্ত্রের উপর আক্রমণ। নুর গণতন্ত্রের পক্ষে কথা বলেছে, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছে, যা অসত্য, মিথ্যা তার প্রতিবাদ করেছে।

“নূরদের মতো স্বাধীনচেতা মানুষদের আমি স্যালুট জানাই। আমরা আশাবাদী নূরদের মতো প্রতিবাদীরা বেঁচে আছে বলেই এদেশ থেকে অন্যায়, স্বৈরশাসন ও ফ্যাসিস্ট দূরীভুত হবে।”

আওয়ামী লীগের শাসনে দেশে এখন মত প্রকাশের কোনো স্বাধীনতা নেই বলে দাবি করেন এই বিএনপি নেতা।

“বাংলাদেশে আজকে অলিখিত বাকশাল শাসন চলছে। তা প্রতিষ্ঠা করার জন্য তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় দখল করে বসে আছে। বাকশাল প্রতিষ্ঠা করার জন্যেই এই ফ্যাসিস্ট সরকার দেশের জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে।

“বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে একজন মেধাবী ছাত্র আবরারকে ভারত-বাংলাদেশের চুক্তি সম্পর্কে শুধু একটি স্ট্যাটাস দেওয়ার কারণে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কেউ তাদের সাথে দ্বিমত পোষণ বা স্বাধীন মতামত প্রকাশ করলেই তাদের হত্যা করা হচ্ছে অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হচ্ছে।”

এই অবস্থা পরিবর্তনে সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান খন্দকার মোশাররফ।

ডাকসুর সাবেক ভিপি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে ও ডাকসুর সাবেক এজিএস নাজিমউদ্দিন আলমের পরিচালনায় সমাবেশে ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব, সাবেক জিএস খায়রুল কবির খোকন, সাবেক ছাত্র নেতা খোন্দকার লুতফর রহমান, আসাদুর রহমান খান, এবিএম মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম বাবুল বক্তব্য রাখেন।