মুক্তিযুদ্ধ মন্ত্রীর অপসারণ দাবি সিপিবির
মুক্তিযোদ্ধাদের ‘হেয় করে’ রাজাকারের তালিকা প্রকাশ করায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের অপসারণ দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে এই তালিকা প্রণয়নে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তির দাবিও জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, “যথাযথ বাছাই না করেই রাজাকারদের তালিকা জনসম্মুখে প্রকাশ করে মন্ত্রী চরম অযোগ্যতার প্রমাণ দিয়েছেন।”
অবিলম্বে ‘অযোগ্য’ মন্ত্রীর অপসারণ দাবি করেছেন সিপিবি নেতারা।
আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)
তালিকায় একাত্তরের রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর, অনেক জেলার মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম আসায় ক্ষোভ প্রকাশ করেন তাদের স্বজন ও মুক্তিযোদ্ধারা। এই তালিকা দ্রুত সংশোধনের দাবি করেন মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে আসা বিভিন্ন সংগঠনের নেতারা। প্রতিবাদের মুখে বুধবার তালিকাটি সংশোধনের জন্য স্থগিত করে মন্ত্রণালয়।
ওই তালিকা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ‘সমস্ত মুক্তিযোদ্ধাদের অপমান করেছে’ বলে অভিযোগ করেছেন সিপিবি নেতারা।
বিবৃতিতে বলা হয়, “এই তালিকা যদি অসাবধনতাবশতও করা হয়ে থাকে তবে এই অপরাধের জন্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
“আর যদি ষড়যন্ত্রমূলকভাবে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটানো হয়ে থাকে, তা দেশদ্রোহিতার সামিল ও দায়ীদের দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করে বিচার করা আবশ্যক।”
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, “রাজাকারের তালিকা করার চেয়েও গুরুত্বপূর্ণ হল, সমাজ ও রাষ্ট্রে সমাজতন্ত্র, গণতন্ত্র,ধর্মনিরপেক্ষতাসহ মুক্তিযুদ্ধের মৌল চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা। ন্যক্কারজনক রাজাকার তালিকা করার মাধ্যমে বিতর্ক সৃষ্টি করে যাতে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে না নিতে পারে, সেদিকেও দেশবাসীকে সজাগ ও সচেতন থাকতে হবে।”
