২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৮ বছর পরে রাজাকারের তালিকা কেন: ফখরুল

স্বাধীনতার ৪৮ বছর কেন রাজাকারের তালিকা প্রকাশের প্রয়োজন পড়ল- সেই প্রশ্ন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যদিও এই তালিকা প্রকাশকে সাধুবাদ জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2019, 08:01 PM

Updated : 10 Oct 2022, 09:47 PM

পুরনো খবর:

রাজাকারের তালিকা এত দেরিতে কেন, প্রশ্ন কামাল হোসেনের
স্বাধীনতার চেতনা বাস্তবায়ন হয়নি: মির্জা ফখরুল
রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম নিয়ে মন্ত্রীর দুঃখ প্রকাশ

বিজয় দিবস উপলক্ষে বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় শোভাযাত্রা শুরু করার আগে সংক্ষিপ্ত বক্তব্যে এই প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, “আপনারা পত্র-পত্রিকায় গতকালই দেখেছেন তারা অনেক কথা বলেছে এবং রাজাকারের তালিকা তৈরি করেছে। ঠিক ৪৮ বছর পরে কী প্রয়োজন হল তালিকা তৈরি করার?

“রাজাকারের তালিকা ৪৮ বছর পরে তৈরি করার মধ্যে বলছেন যে, অনেক ভুল আছে। এটা কেন ভুল? ওটা পাকিস্তানিদের তৈরি করা তালিকা। তাহলে পাকিস্তানিদের তৈরি করা তালিকা দিয়ে আপনি রাজাকারের তালিকা দেবেন- সেটা আপনার তালিকা তো হবে না, এদেশের তালিকা তো হবে না।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করা হচ্ছে। দৃষ্টিভঙ্গিটা রাজনৈতিক। তারা মুক্তিযুদ্ধকে রাজনৈতিক একটা প্রোডাক্ট হিসেবে ব্যবহার করে, এটা তাদের একটা প্রোডাক্ট।

“ঠিক একইভাবে আজকে এই রাজাকারের তালিকা, মুক্তিযোদ্ধাদের তালিকা এই সমস্ত তৈরি করে আসল মুক্তিযোদ্ধাদের, প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে, প্রকৃত রাজাকার যারা তাদেরকে বাদ দিয়ে তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে পারে সেই ধরনের তালিকা প্রস্তুত করতে চায়।”

সরকার সবক্ষেত্রে ‘ব্যর্থ’ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, তারা বিচার বিভাগকে দলীয়করণ করেছে। মিডিয়াকে পর্যন্ত তারা আজকে নিয়ন্ত্রণ করছে। ফলে দেশে কোথাও গণতন্ত্রের কোনো সুযোগ নেই।”

কারাবন্দি খালেদা জিয়াকে মুক্ত করতে ‘দুর্বার আন্দোলনের’ জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

খালেদা জিয়াকে মুক্ত করতে না পারাকে ‘ব্যর্থতা’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই বিজয় দিবসে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে বন্দি আছেন। আমরা তাকে আইনি প্রক্রিয়ায় আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে পারি নাই- এটা আমাদের ব্যর্থতা।

“কিন্তু আইনি প্রক্রিয়ায় যদি আমরা ব্যর্থ হয়ে থাকি, ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করব। প্রস্তুত হোন।”

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “আজকে আমাদের উল্লাসের দিন নয়, আমাদের ভাববার দিন; গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়াকে এদেশের জেলখানায় আবদ্ধ রেখে আমাদের এই উল্লাস কতটুকু মানাসই? আসুন আমরা মরি বাঁচি, আমরা ডু অর ডাই খালেদা জিয়াকে মুক্ত করি, বাংলাদেশকে মুক্ত করি।”

বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীমের পরিচালনায় সমাবেশে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সেলিমা রহমানও বক্তব্য রাখেন।

সমাবেশের পর র‌্যালি শুরু হয়, বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটি সদস্যরা এতে অংশ নেন।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিকাল ৩টায় বিজয় র‌্যালি শুরু হয়ে শান্তিনগর মোড় হয়ে আবার পল্টনের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

ব্যানার-ফেস্টুন, জাতীয় পতাকা, দলীয় পতাকা ছাড়াও জিয়া্উর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি নিয়ে দলীয় নেতাকর্মীরা এই র‌্যালিতে অংশ নেন। বিএনপির এই শোভাযাত্রায় ব্যান্ড সঙ্গীতের দলও ছিল।

বিএনপির এই বিজয় শোভাযাত্রা উপলক্ষে নয়া পল্টন, ফকিরাপুল, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগরের মোড়ে মোড়ে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা যায়। তাদের এই কর্মসূচির কারণে বিজয়নগরসহ বিভিন্ন সড়কে ব্যাপক যানজটে জনদুর্ভোগের সৃষ্টি হয়।

বিজয় শোভাযাত্রায় বিএনপির মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভুঁইয়া, শামসুর রহমান শিমুল বিশ্বাস, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবউন নবী খান সোহেল, ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, কামরুজ্জামান রতন, হাবিবুল ইসলাম হাবিব, শিরিন সুলতানা, আবুল কালাম আজাদ সিদ্দিকী, সেলিম রেজা হাবিব, মোস্তাফিজুর রহমান বাবুল, আবদুস সালাম আজাদ, শামীমুর রহমান শামীম, আবদুল আউয়াল খান, হারুনুর রশীদ, শহিদুল ইসলাম বাবুল, মাশুকুর রহমান, আমিরুজ্জামান শিমুল, রাজিব আহসান, আকরামুল হাসান, নিপুন রায় চৌধুরী, মারুফ হোসেন, অঙ্গসংগঠনের ইশতিয়াক আজিজ উলফাত, সাদেক আহমেদ খান, কাজী আবুল বাশার, বজলুল বাসিত আনজু, সাইফুল ইসলাম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম বাদুর, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হেলেন জেরিন খান, আনোয়ার হোসেইন, শফিউল বারী বাবু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, রফিকুল ইসলাম মাহতাব, আবদুর রহিম, হাসান জাফির তুহিন, আবুল কালাম আজাদ, ফজলুর রহমান খোকন, ইকবাল হোসেন শ্যামলসহ অঙ্গসংগঠনের নেতারা ছিলেন।