২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিমানে চড়া পেঁয়াজ এখনও বাজারে আসেনি: রিজভী

সরকারের আশ্রয়েই পেঁয়াজের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়তি দাম নিয়ে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 02:47 PM

Updated : 18 Aug 2022, 06:10 PM

মঙ্গলবার সকালে রাজধানীর নয়া পল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একথা বলেন।

পেঁয়াজের দাম কেজিপ্রতি ২৬০-২৭০ টাকার নিচে নামছে না মন্তব্য করে তিনি বলেন, “১৬ নভেম্বর প্রধানমন্ত্রী বললেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে, আর চিন্তা নাই। তারপরেও পেঁয়াজের এতো গগনচুম্বী মূল্য কেন? শেখ হাসিনার বিমানে চড়া পেঁয়াজ এখনও ইমিগ্রেশন পার হয়ে বাজারে আসতে পারেনি।

“বলা হলো দেড় লাখ টন পেঁয়াজ আসছে। আজও এলো না সেই বিমানভর্তি পেঁয়াজ। যতই বিমান দেখাক, আর অন্য দেশ থেকে পেঁয়াজ আমদানির কথা বলা হোক, সেটি আসলে কানাকে হাই কোর্ট দেখানোর মত।”

রিজভী বলেন, পেয়াজের সিন্ডিকেট ও মজুতদাররা সরকারের আশ্রয়েই যে জনগণের পকেট কাটছে তা আজ দিবালোকের মতো স্পষ্ট। আজ পত্রিকায় খবর বেরিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ও হিলির বেশ কয়েকজন পেঁয়াজ আমদানিকারককে রাজধানীর কাকরাইলে অবস্থিত শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

“তারা বলেছেন, বিদেশ থেকে গড়ে মাত্র ৩৮ টাকায় আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৬০ টাকায়। এই পেঁয়াজ সিন্ডিকেটের সাথে সরকারের গিলে খাওয়া সরীসৃপরা জড়িত।”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, “দেশে-বিদেশে পেঁয়াজ নিয়ে নিশি রাতে প্রধানমন্ত্রী রঙ্গরস করলেও বর্তমান বাজার পরিস্থিতি স্বল্প আয়ের মানুষের জন্য আতঙ্কের। পেয়াজের দামের আগুনে পুড়ছে মানুষ।

“তার উপরে নতুন বিপদ হয়েছে-পাড়া মহল্লার মুদি দোকানগুলো পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে। পুলিশ দোকানে দোকানে এমনকি কোথাও কোথাও বাড়িতে হানা দিয়েছে। ছোট দোকানিরা পুলিশি ঝামেলায় যেতে চায় না, তাই তারা পেঁয়াজ তুলছে না দোকানে।”

পেঁয়াজের পাশাপাশি চালের দাম বাড়ার কথা তুলে ধরে রিজভী বলেন, মাসের পর মাস পার হলেও নিত্য পণ্যের বাজারের কোনো উন্নতি হয়নি।

“বাজারে শাক-সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও শুধুমাত্র সিন্ডিকেটের কারণে পাল্লা দিয়ে বাড়ছে সবজির দাম। সরকার শুধু পেঁয়াজ বা চাল নয় বাজার নিয়ন্ত্রণেও সম্পূর্ণ ব্যর্থ।”

সদ্য জামিন বাতিল করে কারাগারে পাঠানো দলের তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল ও গ্রেপ্তারকৃত দলের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানকে অবিলম্বে মুক্তির দাবি জানান রিজভী।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ সেখানে ছিলেন। 

পুরনো খবর:

বিমানে পেঁয়াজের প্রথম চালান ঢাকায়