দুই একটা পাথর খসে পড়লে পর্বতের ক্ষতি হয় না: রিজভী
বিএনপিকে পর্বতের সঙ্গে তুলনা করে রুহুল কবির রিজভী বলেছেন, কারও ষড়যন্ত্রে ‘দুই একটা পাথর’ খসে পড়লেও তাতে দলের কোনো ক্ষতি হবে না।
সম্প্রতি কয়েকজন বিএনপি নেতার দলত্যাগের প্রেক্ষাপটে রোববার ঢাকায় এক অনুষ্ঠানে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের এমন মন্তব্য আসে।
বিএনপির বিরুদ্ধে অতীতে ‘বার বার ষড়যন্ত্র হয়েছে’ মন্তব্য করে রিজভী বলেন, এখন আবার কিছু ‘ষড়যন্ত্রের আভাস’ তারা দেখতে পাচ্ছেন।
“আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, এদেশের জাতীয়তাবাদী শক্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ- এই ইস্পাত কঠিন ঐক্যে কেউ যদি ফাঁটল ধরানোর চেষ্টা করেন তারা নিজেরাই ফেটে পড়বেন, নিজেরাই ফেটে ধবংস হয়ে যাবেন। বিএনপির কোনো ক্ষতি হবে না।”
বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানসহ কয়েকজন নেতা সম্প্রতি দল ছাড়ার ঘোষণা দেন। আরও কয়েকজন বিএনপি ছাড়তে পারেন বলে গুঞ্জন রয়েছেন রাজনীতির অঙ্গনে।
সে দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, বিএনপি এখন ‘পৃথিবীর সবচাইতে শক্তিশালী পর্বতের মতই ‘বিশাল’ একটি দল।
“হিমালয় পর্বত বলুন, আর রকি পর্বতমালা বলুন- এসব বিশাল পর্বতমালায় যদি ঘূর্ণিঝড় হয়, আর সেই পবর্তমালা থেকে দুই-একটা পাথর যদি এদিক-ওদিক খসে পড়ে, তাহলে কী সেই পর্বতের ক্ষতি হয়? সেই পর্বতের কোনো ক্ষতি হয় না।”
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কাকার্যালয়ে আয়োজিত মিলাদপূর্ব আলোচনা সভায় কথা বলছিলেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।
তিনি বলেন, “আজকে একটা ভিন্ন ধরনের আইয়ামে জাহেলিয়াত চলছে বাংলাদেশে। এটা আওয়ামী আইয়ামে জাহেলিয়াত। মানুষ রাস্তা-ঘাটে মরে পড়ে আছে, নদী-নালা-খাল-বিলের মধ্যে লাশ ভাসছে। প্রতিদিন শুধু নারীরাই লাঞ্ছিত হচ্ছে না, শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে। এটাই তো আইয়ামে জাহেলিয়াতের যুগ।
“এর বিরুদ্ধে মহানরী হযরত মোহাম্মদ (সা.) রুখে দাঁড়িয়েছিলেন। আজকে সেই পরিস্থিতির মধ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। মহানবীরর বাণী অনুসরণ করলে মুসলিম সমাজ ও মানবসমাজকে এত দুদর্শায় পড়তে হত না।”
উলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে এবং বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের পরিচালনায় মিলাদপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপির শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন এ্যানি, মীর সরফত আলী সপু বক্তব্য দেন।
