‘নাদুস-নুদুস’রা সুসময়ে এসেছিলেন, এখন যাচ্ছেন: গয়েশ্বর
কোনো কোনো নেতার দলত্যাগে কর্মীদের বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খানের দলত্যাগের দিকে ইঙ্গিত করে রোববার এক আলোচনা সভায় তিনি বলেছেন, “ক্লান্ত শরীর নিয়ে পথিক আসবে, বিশ্রাম নেবে, আবার পিপাসা মিটলে চলে যাবে, এটাই স্বাভাবিক।”
১৩ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির বেশ কয়েকজন নেতা গত কয়েক বছরে দল ছেড়েছেন; সেই দলে সম্প্রতি যুক্ত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান।
মোরশেদ খান বিএনপির বর্তমান পরিচালনা পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন।
তবে গয়েশ্বর বলেন, “আমাদের সুসময় অথবা আমাদের ক্ষমতার সময়ে যাদেরকে পেয়েছি বড় বড় নেতা বা মন্ত্রী হিসেবে, তারা বেশি দিন টিকে থাকতে চায় না। কারণ তারা আন্দোলন-সংগ্রাম করে বর্ণাঢ্য জীবন লাভ করেন নাই।
“আমাদের নেতা-কর্মীদের অর্জিত ফসলের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া যে সরকার গঠন করেছেন, তখন অনেক নামী-দামী নাদুস-নুদুস নেতা আমাদের দলে এসছেন। তাদের মধ্যে একটু ধৈর্যের বাঁধ তৈরি হয়েছে, আর ভালো লাগছে না। সেই কারণে তারা প্রস্থান করছেন।”
দলত্যাগ নিয়ে কর্মীদের না ভাবার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আসার যেমন নিয়ম আছে যাওয়ারও তো নিয়ম আছে। কমলাপুর রেল স্টেশনে দেখেন, কত লোক ট্রেনে চইলা যাইতাছে, আবার কত লোক ট্রেনে থেকে নাইমা চইলা যাইতেছে। তারপরেও কিন্তু প্ল্যাটফর্মে লোকের অভাব নাই।
“বিএনপি জাতীয়তাবাদী শক্তির একটা প্ল্যাটফর্ম । এই প্ল্যাটফর্ম কখনও খালি থাকে না। এদেরকে বেশি গুরুত্ব দেওয়ারও দরকার নাই, আবার আমাদের বিচলিত হওয়ারও কিছু নাই।”
জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গয়েশ্বর।
১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনাবলী তুলে ধরে তখনকার জাসদ নেতা গয়েশ্বর বলেন, “জিয়াউর রহমান কর্নেল তাহের বা জাসদের গণবাহিনীর ইচ্ছা পূরণ করতে রাজি না হওয়ায় ওই সময়ে রাত্রিবেলা ক্যান্টনমেন্ট এলাকায় একটা লিফলেট ছড়ানো হয়- ‘সিপাহী-জনতা ভাই ভাই, হাবিলদারের ওপর অফিসার নাই’। সাধারণ সেনা ও অব্যহতিপ্রাপ্ত সেনাসদস্য, সব কিছু মিলিয়ে তখন সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসারদের হত্যা করার উদ্যোগ নেওয়া হয় এবং অনেককে হত্যা হয়। সেই হত্যাটা কে করছে কর্নেল তাহেরের নেতৃত্বে? তাহলে কর্নেল তাহেরকে শেখ হাসিনা কোথায় রাখবেন? তাহলে ইনুকে (হাসানুল হক ইনু) মন্ত্রিসভায় ঠাঁই দিলেন কেন?
“গণবাহিনী, জাসদের নেতৃবৃন্দ এবং কর্নেল তাহেরের যে উচ্চাকাঙ্ক্ষা, জিয়াউর রহমানের কাঁধে বন্দুক রেখে বিপ্লবী সরকার গঠন করা, সেই সুযোগটা তিনি (জিয়া) দেন নাই। এই কারণেই জাসদ নেতৃবৃন্দের ভাষায় জিয়াউর রহমান ‘বেঈমান’। জিয়াউর রহমান এই বিপ্লবে মূল লক্ষ্য ও চেতনাবোধকে সংহত করেছেন অর্থাৎ বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তিনি এই বিপ্লবের আকাঙ্ক্ষাকে সম্মান করেছেন।”
’৭৫ এর পরিস্থিতির সঙ্গে তুলনা করে বিএনপি নেতা বলেন, “গণতন্ত্র নাই, মানুষের স্বাধীনতা নাই, মানুষের কোনো অধিকার নেই বেঁচে থাকার। অনেক দুর্ঘটনা ঘটতেছে। তারপরেও কিন্তু খেলা থেমে নাই।
“আজকে আগ্রাসী শক্তির কাছে আমরা মাথা বিক্রি করে দিয়েছি। যেনতেনভাবে ক্ষমতায় থাকার জন্য দেশের স্বার্থ-সম্পদ সব বিনষ্ট করছি অর্থাৎ লুটেরাদের হাতে সম্পদ দিয়ে দিচ্ছি। আজকের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে।”
এই অবস্থা থেকে উত্তরণে খালেদা জিয়ার মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গয়েশ্বর।
কৃষক দলের আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, “যারা গণতন্ত্রকে হত্যা করেছে, স্বাধীনতাকে ধ্বংস করেছে, তাদের হটাতেই ৭ নভেম্বরের বিপ্লব সাধিত হয়েছে। ৭ নভেম্বর না হলে রাজনৈতিক দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হত না, একদলীয় বাকশাল থেকে একজনই প্রধানমন্ত্রী হতেন।”
কৃষক দলের নেতা এস কে সাদীর পরিচালনায় আলোচনা সভায় বিএনপি নেতা খায়রুল কবির খোকন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আবদুস সালাম আজাদ, কৃষক দলের তকদির হোসেন মো. জসিম, নাজিম উদ্দিন, নাসির হায়দার, জিয়াউল হক পলাশ, শহীদুল ইসলাম ভুঁইয়া, মাইনুল ইসলাম, সেলিম হোসেন, কেএম রকিবুল ইসলাম রিপন বক্তব্য রাখেন।
