২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামীর আন্দোলন কোনো শক্তি দমাতে পারবে না: কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের নেতা কামাল হোসেন বলেছেন, আগামীতে সরকারবিরোধী আন্দোলন হবে ‘ইতিবাচক’ এবং কোনো শক্তি এই আন্দোলন দমাতে পারবে না।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 01:57 AM

Updated : 18 Aug 2022, 06:01 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, “জনগণ হবে ক্ষমতার মালিক। সরকার চালাবে যারা প্রকৃত অর্থে জনগণের দ্বারা নির্বাচিত হবে তারা। সকল স্তরে জেলা থেকে গ্রাম পর্যন্ত যারাই নির্বাচিত হবেন তারা ক্ষমতা প্রয়োগ করবে এবং জনগণের কাছে দায়ী থাকবেন।

“আপনারা পরীক্ষা করে দেখতে পারেন যে, এ বিষয়ে জনগণের মধ্যে ঐক্যমত আছে। এ রকম অসাধারণ ঐক্যের মাধ্যমেই আমরা একাত্তর সালে অসম্ভবকে সম্ভব করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলাম। এই স্বাধীনতাকে অর্থপূর্ণ করতে হলে বাকিটুকু আমাদেরকে করে যেতে হবে এই সময়ের মধ্যে।”

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে সরকার পতনের আন্দোলনের আশা প্রকাশ করে তিনি বলেন, “ এই ধরনের আন্দোলনকে কেউ শক্তি দিয়ে থামাতে পারবে না, ধ্বংস করতে পারবে না।

“আপনারা একটা জিনিস দেখবেন, যখন জনগণের ঐক্যমত হয়েছে সেই ঐক্যমতের কাছে কোনো শক্তি দাঁড়াতে পারেনি। বন্দুক নিয়ে, কামান নিয়ে, কোনো কিছু নিয়ে দাঁড়াতে পারেনি। বাঙ্গালি যখন ঐক্যমতে আসে সেই শক্তি হলো পৃথিবীর বড় শক্তি। সেই শক্তির কাছাকাছি অলিরেডি আমরা এসে গেছি।

Image
কামাল হোসেন

কামাল হোসেন

“আসুন, আমাদের দেশের ৫০ বছর পূর্তির আগেই জনগণের স্বপ্ন বাস্তবায়নে আমরা সংগঠিত হই। আমরা এটা সবাই মিলে করি প্রত্যেক জেলায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক পাড়ায়, প্রত্যেক মহল্লায়। ইনশাল্লাহ, আমাদের যে আকাঙ্ক্ষা অবশ্যই অর্জন করব, আমাদের করতে হবে।”

‘ঐক্য অটুট রেখেই সরকার হটানোর’ আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “এখন যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই সরকারকে সরাতে হবে। তাদেরকে সরাতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, এর কোনো বিকল্প নাই।

“গণতন্ত্রকে ফিরে পাওয়ার জন্য, বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা যে ঐক্য সৃষ্টি করেছিলাম, সেই ঐক্যকে অটুট রেখে মানুষকে একতাবদ্ধ করে আমাদের সামনের দিকে এগোতে হবে এবং অবশ্যই এই দানবকে পরাজিত করতে হবে। আসুন সেই লক্ষ্যে আমরা কাজ করি।”

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। ১৯৭২ সালে মেজর এমএ জলিল ও আ স ম আবদুর রবের নেতৃত্বে জাসদ প্রতিষ্ঠা হয়। পরে জাসদ থেকে বেরিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির নেতৃত্ব দিচ্ছেন রব। এই দলটি এখন বিএনপিকে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শরিক।

মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশ এখন বড় সংকটে পড়েছে। অনেকে বলতে চান, এটা বিএনপির সংকট। আসলে এই সংকটটা সমগ্র জাতির সংকট, পুরো বাংলাদেশের সংকট, এটা জেএসডি কিংবা গণফোরামের সংকট নয়। আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করি একটা গণতান্ত্রিক মুক্ত বাংলাদেশে বাস করব, আমাদের সামনে স্বপ্ন ছিল একটি সমৃদ্ধ বাংলাদেশ, কল্যাণময় বাংলাদেশ নির্মাণ করব। আজকে প্রায় ৫০ বছর হতে চলেছে আমরা সেই বাংলাদেশ দেখতে পারছি না।

“আমরা অত্যন্ত বেদনা, কষ্ট, দুঃখ ও যন্ত্রণার সঙ্গে দেখতে পারছি, মুক্তিযুদ্ধের যে চেতনা ছিলো গণতান্ত্রিক বাংলাদেশ তাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে, ধূলিস্মাৎ করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের স্বপ্নকে খান খান করে ভেঙে দেওয়া হয়েছে।”

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, “আজ বাংলাদেশে ক্ষমতায় বসে আছে ওরা তো ডাকাত, জোর করে নিয়ে গেছে না? ওই ডাকাতি করে আবার আপনারা ভালো মানুষ সাজবেন- এক বছর পারবেন, দুই বছর পারবেন, দশ বছর পারবেন। বারো বছরের মাথায় যেতে হবে। থাকতে পারবেন না ক্ষমতায়। অন্যায় করে ক্ষমতায় থাকা যায় না।”

জেএসডির সভাপতি আ স ম আবদুর রব সরকারের উদ্দেশে বলেন, “আগের দিনে কলেরা রোগীর চিকিৎসা হত না, কলেরা রোগীর মৃত্যুর সাথে সাথে কলেরা রোগীর বালিশও পুঁড়িয়ে ফেলত। আপনি যাবেন গোয়েন্দাদের কথা মতো, আপনার সাথে আপনার মরা বালিশও যাবে আমি বলে দিচ্ছি।

“স্বাধীন দেশের একশ ভাগ মুক্তিযোদ্ধা দল জেএসডি, ষাট বছর আমার রাজনৈতিক জীবন। আমার বাঁচার ইচ্ছা নেই, তবে আমার একটু আগ্রহ আছে। একজন বীরের মৃত্যুর আগে তাকে হত্যা করতে গেছে তখন ওরা বলতেছে যে, ওই বুঁড়ি তুই পালাস কোথায়? বুঁড়ি বলে যে, আমি পালাই না, তোদের শেষ পতনটা দেখতে চাই। আমিও কিন্তু আপনার শেষ পতনটা না দেখে আমার মৃত্যু আমি চাই না।”

জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপনের পরিচালনায় আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের রেজা কিবরিয়া, বিকল্পধারার অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী, জেএসডির আবদুল মালেক রতন, মো. সিরাজ মিয়া, তানিয়া বর, কে এম জাবির, বেলায়েত হোসেন বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।