২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাম সম্মেলনে প্রাপ্তি কী, জানতে চান ফখরুল

জোট নিরপেক্ষ জোটের (ন্যাম) সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কী পেয়েছেন, তা জানতে চেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2019, 09:43 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

ন্যাম সম্মেলন থেকে ফেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পরপরই মঙ্গলবার সন্ধ্যায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে যুবদলের এক আলোচনা সভায় বক্তব্যে এই প্রশ্ন রাখেন ফখরুল।

তিনি বলেন, “ন্যাম সম্মেলন থেকে ফিরে এসে প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করেছেন। আমরা জানি যে নন এলায়েন্ট মুভমেন্ট হচ্ছে ন্যাম। এখন আর নন এলায়েন্ট বলতে কিছু নাই। যারা ন্যামে গেছেন, তারা সবাই এলায়েন্ট।

“আর সেই প্রেক্ষাপটও নাই। এটা আসলে ছিল সেই যে কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারের ভিত্তিতে নন এলায়েন্ট মুভমেন্ট শুরু হয়েছিল।”

রুশ-ভারত স্নায়ুযুদ্ধের সময় দুই সামরিক জোটের বাইরে থাকা দেশগুলো মিলে গড়ে তুলেছিল তৃতীয় জোট ন্যাম।  গত ২৫ থেকে ২৬ অক্টোবর আজারবাইবানে ন্যামের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

'বান্দুং সম্মেলনে গৃহীত নীতিমালার আলোকে সমকালীন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিতভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ নিয়ে' ন্যাম সম্মেলনে এক আলোচনায় বক্তব্য দেন শেখ হাসিনা। তাতে রোহিঙ্গা সংকটের ব্যাপকতা তুলে ধরে এর সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান তিনি।

ন্যামের সাধারণ বিতর্কেও অংশ নেওয়ার পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিভিন্ন রাষ্ট্রনেতার সঙ্গেও বৈঠক করেন শেখ হাসিনা।

১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ন্যামের একটি সম্মেলন বাংলাদেশে আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু ক্ষমতার পালাবদলে বিএনপি ক্ষমতায় গিয়ে ওই আয়োজন বাতিল করে দেয়।

গণভবনে সংবাদ সম্মেলনে বিএনপি আমলে ন্যাম সম্মেলন বাতিল করার বিষয়টিও বলেছিলেন শেখ হাসিনা।

ফখরুল বলেন, “ন্যাম সম্মেলনে গিয়ে তিনি (শেখ হাসিনা) কী কী অর্জন করেছেন, বলতে পারবেন। সেখানে গিয়ে তিনি বক্তব্য রেখেছিলেন কি না, তা কিন্তু আমরা এখনও জানি না।

“আজকে যেটা উনি বলছেন, সাইডলাইনে তিনি অনেকগুলো বৈঠক করেছেন। জানি না, এই সাইডলাইনের বৈঠকের ফলে আমরা কী অর্জন করলাম। আমরা এখন পর্যন্ত আমাদের রোহিঙ্গা সমস্যার সমাধান করতে পারিনি। দুই বছর হয়ে গেল, একজন রোহিঙ্গাও দেশে ফিরে যেতে পারেনি।”

ভারতের নাগরিকপঞ্জির (এনআরসি) বিষয়ে সরকারের ‘নিষ্ক্রিয়’ ভূমিকারও সমালোচনা করেন বিএনপি মহাসচিব।

‘বিএসএমএমইউ মিথ্যাচারে’

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ‘মিথ্যাচার’ করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।

তিনি বলেন, “গতকাল (সোমবার) পিজি হাসপাতালের পরিচালক প্রেস কনফারেন্স করে বলেছেন, বেগম জিয়া সম্পূর্ণ সুস্থ আছেন। তারা এমনও বলেছেন, তিনি এই মুহূর্তে বাসায় চলে যেতে পারেন। এই কথাটার উদ্দেশ্যটা কী?

“তারা (বিএসএমএমইউ) সম্পূর্ণ মিথ্যাচার করছে। যিনি দীর্ঘকাল গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, যিনি তিন বারের প্রধানমন্ত্রী, তার স্বাস্থ্য সম্পর্কে আজকে মিথ্যা বিবৃতি প্রদান করেছে তারা। এজন্য তাদের জবাবদিহি করতে হবে।”

দলীয় চেয়ারপারসন গুরুতর অসুস্থ দাবি করে বিএনপি মহাসচিব বলেন, “দেশনেত্রী যে অবস্থায় পিজিতে গিয়েছিলেন, ওই পিজিতে তিনি সেই অবস্থায় নেই। তিনি এখন বিছানা থেকে উঠতে পারেন না, তাকে সাহায্য করে ওঠাতে হয়। তিনি নিজে খেতে পারেন না, তাকে অন্যের হাতে খাইয়ে দিতে হয়, হুইল চেয়ার ছাড়া তিনি এগুতে পারেন না।

“আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, আপনাদের (সরকার) সাজানো মিথ্যা মামলায় রাজনৈতিক কারণে সম্পূর্ণ প্রতিহিংসামূলকভাবে দেশনেত্রীকে কারারুদ্ধ করে রেখেছেন। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। তার যেটা প্রাপ্য জামিন, সেই জামিনের জন্য আপনারা বাধা দিতে পারবেন না।”

‘শুদ্ধি অভিযান আইওয়াশ’

সরকারের চলমান ‘শুদ্ধি অভিযান’ লোক দেখানো বলে আবারও দাবি করেছেন ফখরুল।

তিনি বলেন, “আপনি (প্রধানমন্ত্রী) বলছেন যে এগুলো আইনওয়াশ না। আইওয়াশ তো বটেই। আপনারা একটা নির্বাচনকে সম্পূর্ণভাবে প্রহসনের পরিণত করলেন। নির্বাচন যেভাবে করেছেন, লুট করে নিয়ে গেছেন, ঠিক একইভাবে আজকে এই ছোট-খাটো লোকগুলোকে ধরে নিয়ে দেখাচ্ছেন যে আপনারা শুদ্ধি অভিযান করছেন।”

বিএনপি মহাসচিব বলেন, “শুদ্ধি অভিযান কথাটা শুদ্ধ থেকে এসছে। তার মানে প্রমাণিত হয়েছে, তারা শুদ্ধ নন। এজন্য তাদেরকে শুদ্ধ হওয়ার প্রয়োজন আছে। আজকে গোটা বাংলাদেশকে তারা অপবিত্র করে ফেলেছে, গোটা বাংলাদেশকে অশুদ্ধ করে ফেলেছে।”

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে তিনি বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, অনেক না কি তাকে প্রশ্ন করেছেন, উনি উত্তরে বলেছেন যে, ১৫ ফেব্রুয়ারি একটি নির্বাচন করেছিল বিএনপি, ভোটারবিহীন।

“আমরা স্পষ্ট করে উত্তর দিতে চাই, ১৫ ফেব্রুয়ারি নির্বাচন আমরা করেছিলাম কেয়ারটেকার গভর্নমেন্টকে কনস্টিটিউশনে আনার জন্য। দুই-তৃতীয়াংশ মেজরিটি আমাদের ছিলো। আর আপনারা এই নির্বাচন করেছেন আরও পাঁচ বছর ক্ষমতায় টিকে থাকার জন্য। আর বলেছেন জনগণ আপনাদের সঙ্গে আছে। তাহলে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, দেখা যাক জনগণ কার সঙ্গে আছে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, “এই সরকার অবৈধ সরকার, রাতের অবৈধ সরকার। কয়েকদিন আগে রাশেদ খান মেনন সাহেব হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন। পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে কোনো নির্বাচন হয় নাই, আমাদেরকে কেউ ভোট দেয় নাই।”

‘সোজা আঙুলে ঘি উঠবে না’

ফখরুল বলেন, “এখানে আমাদের সিনিয়র নেতারাও বলেছেন, সোজা আঙুলে তো ঘি উঠবে না। আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে। বাধ্য করতে হবে সরকারকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে।

“এখন গায়ের জোরে সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতায় টিকে আছে। পথ একটাই, বাংলাদেশের মানুষ সব সময় আন্দোলনের মাধ্যমে তাদের দাবি আদায় করে নিয়েছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রকে মুক্ত করতে হবে।”

যুবদলের সাবেক সভাপতি মির্জা আব্বাস বলেন, “এই অবস্থা চলতে পারে না, এভাবে কখনোই এই জাতি টিকে থাকতে পারবে না। আমাদেরকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলনে নামতে হবে।”

যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাইফুল আলম নিরব, পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, এ্যালবার্ট পি কস্টা, মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা মোরতাজুল করীম বাদরু, মামুন হাসান, এসএম জাহাঙ্গীর, রফিকুল ইসলাম মজনু, সফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহিন বক্তব্য রাখেন।