২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ‘ফিরিয়ে নিলেও’ সমস্যা নেই: চিকিৎসক

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে চিকিৎসকরা বলছেন, এখন তাকে হাসপাতাল থেকে ফিরিয়ে নিলেও ‘সমস্যা নেই’।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 08:17 PM

Updated : 10 Oct 2022, 09:33 PM

পুরনো খবর:

ম্যাডাম সন্তুষ্ট, আমরাও সন্তুষ্ট: চিকিৎসক
খালেদার জন্য ‘প্রস্তুত’ কেরানীগঞ্জ কারাগার

তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক জিলন মিঞা সরকার সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। 

প্রতিদিনই খালেদা জিয়ার রক্তচাপ ও শর্করার পরিমাণ মেপে দেখা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সবকিছুই নিয়ন্ত্রণে আছে। সমস্যা শুধু গেঁটে বাত নিয়ে।

“আমি গত পরশুদিনও পৌনে এক ঘণ্টা ম্যাডামকে দেখেছি। প্রায়ই আমি উনাকে দেখি।… ম্যাডাম খুশি, খুব ইম্প্রেসিভ, উনি সব সময় হাসি-খুশিতে কথা বলেন।”

বঙ্গবন্ধু মেডিকেলের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক জিলন মিঞা জানান, খালেদা জিয়া রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন ২৮ বছর ধরে। এটা নিরাময়যোগ্য নয়, তবে নিয়মিত চিকিৎসায় নিয়ন্ত্রণে থাকে।

“উনার বাত নিয়ে বেশি সাফারিং। দ্বিতীয় একটা বোর্ড করেছি বাত বিশেষজ্ঞদের নিয়ে। সত্যিকার অর্থেই উনার অন্য কোনো কমপ্লেইন নেই, বাত নিয়ে একটু কমপ্লেইন। এছাড়া সম্পূর্ণ ভালো। প্রেসার এতো সুন্দর… সাত মাস যাবত আমি মাপতেছি, কোনোদিন বেশি পাইনি। ডায়াবেটিস নিয়ন্ত্রণে, ইনসুলিন নিচ্ছেন।”

খালেদা জিয়াকে এখন কারাগারে ফিরিয়ে নিলেও সমস্যা নেই ইংগিত করে এই চিকিৎসক বলেন, “এখন উনাকে নিয়ে গেলে তো পারেন, বাড়িতে নিয়ে গেলেও চিকিৎসা সম্ভব, যেখান থেকে এসেছেন সেখানেও সম্ভব।”

দুর্নীতির দুই মামলায় দণ্ড নিয়ে দেড় বছরের বেশি সময় ধরে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর্থ্রাইটিসসহ বয়সজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। চিকিৎসার জন্য গত ১ এপ্রিল থেকে তাকে রাখা হয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত মে মাসেই বলেছিলেন, চিকিৎসা শেষে খালেদাকে আর নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে নেওয়া হবে না, তাকে স্থানান্তর করা হবে কেরানীগঞ্জে তিন বছর আগে চালু হওয়া নতুন কেন্দ্রীয় কারাগারে।

Image
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার ও এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন। ছবি: মাহমুদ জামান অভি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জিলন মিঞা সরকার ও এন্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ফরিদ উদ্দিন। ছবি: মাহমুদ জামান অভি

অন্যদিকে বঙ্গবন্ধু মেডিকেলে ৭৪ বছর বয়সী খালেদার সুষ্ঠু চিকিৎসা ‘হচ্ছে না’ অভিযোগ করে তাকে ঢাকার কোনো বিশেষায়িত বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন বিএনপি নেতারা।

সম্প্রতি বিএনপির এমপি হারুনুর রশীদ এবং খালেদার বোন সেলিমা ইসলাম হাসপাতালে তাকে দেখে এসে বলেন, জামিন পেলে বিএনপি চেয়ারপারসন চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন।

আর সরকারের মন্ত্রীরা বলে আসছেন, জামিন দেওয়া না দেওয়া আদালতের বিষয়; এখানে সরকারের ‘কিছু করার নেই’।

এ নিয়ে আলোচনার মধ্যেই সোমবার বঙ্গবন্ধু মেডিকেলের ডা. হাফিজুর রহমান (মিল্টন) হলে সংবাদ সম্মেলনে আসেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক এবং মেডিকেল বোর্ডের প্রধান ডা. জিলন মিঞা সরকার।

মাহবুবুল হক বলেন, “ভর্তির সময় থেকে শুরু করে গত ৭ মাসে উনার অবস্থার কোনো কোনো ক্ষেত্রে বেশ উন্নতি হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে স্থিতিশীল রয়েছে। বাট উনার অবস্থার কোনোভাবেই কোনো অবনতি ঘটেনি।… এ পর্যন্ত উনার চিকিৎসা ভালো হচ্ছে।”

তবে বিএনপি নেত্রী মেডিকেল বোর্ডের সদস্যদের ঠিকমত দেখভাল করতে দেন না অভিযোগ করে মাহবুবুল হক বলেন, “বোর্ডের চিকিসকরা খালেদা জিয়ার কাছে গিয়ে দেখা করতে পারেন না। দেড়টা থেকে অপেক্ষা করতে হয়।”

বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার জন্য স্বজনদের আগ্রহের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অধ্যাপক জিলান মিঞা বলেন, “আমরা বিদেশে প্রেফার করি না। আপনারা বলছেন, বলতে পারেন। কিংবা ম্যাডামের স্বজনরাও বলছেন, বলতে পারেন। মনে হয় না যে আমরা চিকিৎসা করতে ব্যর্থ হচ্ছি।”

এই চিকিৎসক বলেন, “আপনারা বলতে পারেন সন্তুষ্ট কিনা। অবশ্যই সন্তুষ্ট। ম্যাডাম নিজেও সন্তুষ্ট।… উনি চিকিৎসায় সন্তুষ্ট, আমরাও সন্তষ্ট।”

বাতের চিকিৎসা

হাসপাতালের পরিচালক বলেন, খালেদা জিয়ার আর্থ্রাইটিসের জন্য বিশেষজ্ঞরা আধুনিক যে চিকিৎসার পরামর্শ দিয়েছেন, তার আগে কিছু ভ্যাকসিন দিতে হয়।

“বেশ কিছুদিন আগে এ পরামর্শ দেওয়া হলেও এখন পর্যন্ত উনার সম্মতি পাওয়া যায়নি বিধায় সনাতন নিয়মে বাত রোগের চিকিৎসা চলছে।”

বঙ্গবন্ধু মেডিকেলেই বাতের ‘সর্বোত্তম’ চিকিৎসার ব্যবস্থা রয়েছে দাবি করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য্ অধ্যাপক শাহানা আখতার রহমান সংবাদ সম্মেলনে বলেন, “এটা আমাদের দেশের সর্বাধুনিক ফিজিক্যাল মেডিসিন বিভাগ। এশিয়া-প্যাসিফিক রিউমাটোলজির সভাপতি অধ্যাপক সৈয়দ আতিকুল হক নিজে এই বোর্ডে আছেন।… কাজেই আমরা মনে করি না যে, আমাদের দেশের চাইতে অন্য কোথাও এর চাইতে ভালো চিকিৎসা সম্ভব।”

আধুনিক চিকিৎসা নিতে হলে আগে কিছু ভ্যাকসিন নিতেই হবে জানিয়ে ডা. শাহানা আখতার বলেন, “উনি যদি সেটাতে সম্মতি না দেন…। হয়ত তিনি সম্মতি দেবেন, চিন্তাভাবনা করছেন। তা না হলে তো ট্র্যাডিশনাল মেডিসিন যেগুলো আমরা দিচ্ছি, তার চাইতে বেশি ইম্প্রুভমেন্ট আমরা আশা করব না, পৃথিবীর কোনো ডাক্তার সেটা আশা করবে না।”

খালেদা জিয়া কেন রাজি হচ্ছেন না জানতে চাইলে উপ-উপাচার্য্ (প্রশাসন) রফিকুল আলম বলেন, “উনার একজন আত্মীয় এরকম ভ্যাকসিন নিয়েছিলেন, তার প্রতিক্রিয়া হয়েছিল। সেটার জন্য একটু ভয় পাচ্ছেন, উনি হয়ত চিন্তাভাবনা করতে পারেন। কাউন্সেলিং করা হচ্ছে।”

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে হাসপাতালের পরিচালক বলেন, সেগুলো তাদের ‘মনগড়া’ মতামত।

“যারা কথা বলেন, উনার স্বাস্থ্য নিয়ে আসলে তারা আমাদের বোর্ডের কোনো সদস্যের সাথে কথা বলেন না। আমার সাথেও বলেন না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যারা আছেন, তাদের সাথেও বলেন না।

ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক বলেন, গত এপ্রিলে খালেদা জিয়াকে যখন বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়, সেদিন তিনি হাঁটতে পারেননি।

“আমরা তো নিয়মিত উনাকে দেখি। এখন উনাকে সাপোর্ট নিয়ে হাঁটানোর ব্যবস্থা হয়েছে। দুই হাতে সাপোর্ট নিয়ে হাঁটতে পারবেন উনি। আগে কিন্তু এটা ছিল না।”

শারীরিক অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে কেন হাসপাতালে রাখা হচ্ছে- এমন প্রশ্নে পরিচালক বলেন, “এ বিষয়ে আমাদের বলার কোনো সুযোগ নেই্। এটা বিজ্ঞ আদালত যেভাবে নির্দেশ দেবেন, সেইভাবে কাজ করব।”

‘জীবন আল্লারই দান’

খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করে আসছেন- সে বিষয়ে অধ্যাপক জিলন মিঞার দৃষ্টি আকর্ষণ করেছিলেন সাংবাদিকরা।

উত্তরে তিনি বলেন, “এই প্রশ্নের ব্যাপকতা অনেক। আমরা উদাহরণ দিয়ে বলতে চাই, প্রফেসর ইব্রাহীম (জিয়াউর রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য) স্যার লন্ডন থেকে চেকআপ করে এসেছেন, উনি অত্যন্ত ভালো মানুষ। ঢাকা এয়ারপোর্টে আসার পরে উনি মারা গেলেন। তার জীবনহানি কিন্তু… লন্ডনেও বুঝতে পারেনি।

“জীবনহানি আমরা করতেছি না, জীবন আল্লাহই দান, তিনিই রক্ষা করবেন। আপনারা আমাদের সাথে থাকেন। এই যে আশঙ্কা জীবনহানির… বিভিন্ন রকমের কথাই আসতে পারে। কতটুকু গ্রহণ করবেন জানি না।”

চিকিৎসকরা তাদের নীতি ও পেশাদারিত্বের সঙ্গেই খালেদা জিয়ার চিকিৎসা করছেন মন্তব্য করে অধ্যাপক জিলন বলেন, “আমরা ইথিকসের চরম মেনটেইন করে চলি, অনেস্টলি আমরা দেখি, অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি। উনি সিনিয়র সিটিজেন, প্রধানমন্ত্রীর পরিচয় তো অনেক আছে।

“এসব মানবিক দিকগুলো অতি বড়। উনাকে দেখার ব্যাপারে আমরা বিন্দুমাত্র শৈথিল্য করি না। তারপরেও জীবনহানি আপনারা কিংবা উনারা বলতে পারেন। আমরা কিন্তু এরকম জীবনহানির আশঙ্কা করি না।”

বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ফরিদ উদ্দিনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।