২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীকে সম্মানটা দিতাম: কাদের

চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিনিধি সভার মঞ্চ থেকে প্রয়াত নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রীকে নামিয়ে দেওয়ার ঘটনাটি জানতেন না বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2019, 04:33 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববারের ওই ঘটনা নিয়ে চট্টগ্রামে ক্ষোভ-বিক্ষোভের মধ্যে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী কাদের বলেন, “ঘটনাটি জানলে মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী হিসেবে আমি তাকে সম্মানটা দিতাম।”

চট্টগ্রামে মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে নামিয়ে দেওয়ার কারণ ব্যাখ্যা করে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছিলেন, কারা মঞ্চে থাকবেন, সেটা আগেই কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নির্ধারিত হয়েছিল। সে অনুযায়ী হাসিনা মহিউদ্দিনকে নেমে যেতে বলা হয়েছিল।

তবে বিপরীত বক্তব্য পাওয়া গেল ওবায়দুল কাদেরের কথায়।

চট্টগ্রামে আওয়ামী লীগের রাজনীতিতে বিরোধী শিবিরে ছিলেন তিন বারের মেয়র মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র  নাছির। প্রয়াত মহিউদ্দিনের বড় ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন তিনি।

Image
নাছিরের বিরুদ্ধে বিক্ষোভ

নাছিরের বিরুদ্ধে বিক্ষোভ

হাসিনা মহিউদ্দিনসহ কয়েকজন নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনার পর রাতে আওয়ামী লীগের এক দল নেতা-কর্মী চট্টগ্রাম নগরীতে নাছিরের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

চট্টগ্রামে থাকাকালে এই ঘটনার কিছুই জানতেন না দাবি করে কাদের বলেন, “সড়ক ভবনে একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে আমি প্রতিনিধি সম্মেলনে যখন যোগ দিয়েছি আনুমানিক সাড়ে ১২টা। এ ধরনের কোনো ঘটনার বিষয় আমাকে কেউ জানায়নি। ওখানে কেউ এ বিষয়ে আমাকে কিছু বলেনি এবং কোনো অভিযোগও কোনো পক্ষ থেকে আসেনি।”

ঢাকার পথে রওনা হওয়ার সময় ঘটনাটি জানতে পারেন কাদের, তখন তিনি চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছিরের কাছে এর কারণ জানতে চেয়েছিলেন।

Image
হাসিনা মহিউদ্দিন (বাঁয়ে)

হাসিনা মহিউদ্দিন (বাঁয়ে)

“আমি মেয়রকে জিজ্ঞাসা করেছি, তার যে বক্তব্য, সেটা হচ্ছে- ওখানে হোস্ট হিসাবে তিনটি জেলা, মহানগর এবং চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ। এই তিন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকেরা বৈঠক করে মঞ্চে কারা কারা বসবেন এবং কোন ক্যাটাগরি বসবে, সেটা নির্ধারণ করেছে। সেই নির্ধারিত ক্যাটাগরিতে তিনি (হাসিনা) ছিলেন না। তিনি মহিলা আওয়ামী লীগের নগরের প্রেসিডেন্ট। এই ক্যাটাগরির কেউ বসেনি। সে কথা মেয়রের বক্তব্য।”

তবে তখন ঘটনাটি জানলে হাসিনা মহিউদ্দিনকে মঞ্চে বসার সুযোগ দিতেন বলে জানান ওই সভার প্রধান অতিথি কাদের।

“তিনি মঞ্চে বসতে চাইলে অবশ্যই তাকে আমি অ্যালাও করতাম। বিষয়টি আমার নলেজে ছিল না।”

ছয় জেলার প্রতিনিধি সভা মঞ্চ থেকে হাসিনা মহিউদ্দিন ছাড়াও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং কৃষি সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকীকে নামিয়ে দেন নাছির।

পুরনো খবর:

মহিউদ্দিনপত্নীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ায় নাছিরের বিরুদ্ধে বিক্ষোভ