মহিউদ্দিনপত্নীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়ায় নাছিরের বিরুদ্ধে বিক্ষোভ
চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনসহ কয়েকজন নেতাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র আ জ ম নাছির উদ্দীন, যার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ হয়েছে।
রোববার নগরীর কিং অব চিটাগাং নামের কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে চট্টগ্রামে ছয় জেলার প্রতিনিধি সভা মঞ্চ থেকে হাসিনা মহিউদ্দিন, নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম এবং কৃষি সম্পাদক আহমদুর রহমান সিদ্দিকীকে নামিয়ে দেন নাছির। ওই সভার প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সে সময় সভাস্থলে উপস্থিত নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর এবং নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু তাৎক্ষণিকভাবে ঘটনার প্রতিবাদ করেন।
এরপর রাতে প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা এর প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন।
সিলেটে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারে হাসিনা মহিউদ্দিন
বেলা পৌনে ১১টার দিকে ওই সভা মঞ্চে হাসিনা মহিউদ্দিনসহ ওই তিন নেতা মঞ্চে উঠেছিলেন।
ঘটনা সম্পর্কে যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন আসলে মঞ্চে থাকা নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী উঠে দাঁড়িয়ে তাকে মঞ্চে ডাকেন। এ সময় চন্দন ধর মঞ্চে এগিয়ে গিয়ে মঞ্চে উঠতে হাসিনা মহিউদ্দিনকে সহযোগিতা করেন।
“এ সময় জ্যেষ্ঠ নেতা আহমদুর রহমান সিদ্দিকী ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামও একসাথে মঞ্চে উঠেন। এর ১৫ মিনিট পর নাছির ভাই গিয়ে তাদের কিছু বলতে দেখি। এরপর তারা মঞ্চ থেকে নেমে যান। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝলাম উনাদের নেমে যেতে বলা হয়েছে।”
এরপর হাসিনা মহিউদ্দিনসহ তিনজন নেমে মঞ্চের পাশের সারিবদ্ধ চেয়ারে বসেন।
তখন সভা চলাকালেই সঞ্চালক আ জ ম নাছিরের কাছে গিয়ে এ বিষয়ে জানতে চান চন্দন ধর ও মহিউদ্দিন বাচ্চু।
মহিউদ্দিন বাচ্চু বলেন, “জানতে চাইলে নাছির ভাই বলেন, নির্ধারিত ব্যক্তিরাই মঞ্চে বসেছেন। উনি তো (হাসিনা মহিউদ্দিন) অঙ্গ সংগঠনের। তুমিও অঙ্গ সংগঠনের, তুমি তো নিচেই বসেছ।
“জবাবে আমি বলি, উনি আর আমি এক না। উনি মহিউদ্দিন ভাইর সহধর্মিনী। উনাদের পরিবার আমাদের আবেগ। যা হয়েছে সেটা শিষ্টাচার সম্পন্ন নয়। চন্দন দাদাও একই আপত্তি জানিয়েছেন।”
ঘটনার বিষয়ে বর্ষীয়ান নেতা আহমদুর রহমান সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজনীতি জটিল হয়ে গেছে। সিনিয়রদের মূল্যায়ন শুধু নেত্রীই করেন। আর কোথাও তা আছে?
মেয়র আ জ ম নাছিরের বিরুদ্ধে বিক্ষোভ
এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি হাসিনা মহিউদ্দিন।
আ জ ম নাছিরউদ্দীনের কাছে জানতে চাইলে তিনি বলেন, “কেন্দ্রীয় নেতাদের সামনে সভার সব কিছু সুশৃঙ্খলভাবে হয়েছে। উনারাও প্রশংসা করেছেন।
“কারা মঞ্চে থাকবেন সেটা গতরাতে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে নির্ধারিত হয়। সে অনুযায়ী নেমে যেতে বলেছি। সেভাবেই তারা নেমেছেন। অহেতুক সভাকে প্রশ্নবিদ্ধ করতে এ বিষয়টি বলা হচ্ছে। এটা ডিসিপ্লিন, আরও এপ্রিশিয়েট করা উচিত। নিয়মের ঊর্ধ্বে কেউ না। আমাদের সিনিয়রদের কাছ থেকেই তো সবাই শিখবে কী করা উচিত।”
নগর কমিটির সাংগঠনিক সম্পাদক শফিক আদনান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতিরা এবং অন্য সাংগঠনিক জেলার সভাপতি-সাধারণ সম্পাদক, এমপি, মন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা মঞ্চে থাকবেন সেটা পূর্ব নির্ধারিত ছিল।
এদিকে ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিউদ্দিনের অনুসারী নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করছেন।
রাতে নগরীর গোল পাহাড়, জিইসি, প্রবর্তক এলাকায় মহিউদ্দিনের অনুসারী ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা এ ঘটনাকে ‘মহিউদ্দিন চৌধুরীর পরিবারের প্রতি আঘাত’ দাবি করে বিক্ষোভ করেছেন।
হাসিনা মহিউদ্দিন দীর্ঘদিন ধরে নগর মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেল এখন শিক্ষা উপমন্ত্রী।
