২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূলে ‘বিভেদ’, জিএম কাদেরের হাতে প্রতিবেদন

কেন্দ্রীয় কাউন্সিলের দিনক্ষণ ঘনিয়ে আসতে থাকলেও তৃণমূলে এখনও বিভক্তি রয়ে গেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2019, 02:47 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

রোববার সকালে বনানীতে পার্টি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক টিমের যৌথ সভায় তিনি বলেন, “জাতীয় কাউন্সিলের আগে আমরা ১০টি সাংগঠনিক টিম গঠন করে দিয়েছিলাম। আমরা তাদের কাছ থেকে তৃণমূলের নানা মতভেদ ও দ্বন্দ্বের কথা জানতে পেরেছি।”

তার আগে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, “আমাদের যে কমিটিগুলো রয়েছে, দল গুছিয়ে নিতে কাউন্সিলের আগে তাদের ৭৫ ভাগ সফলতা অর্জিত হয়েছে।”

আগামী ২৮ ডিসেম্বর ঢাকায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল হওয়ার কথা রয়েছে।

গত ২৫ সেপ্টেম্বর গঠন করা হয়েছিল বিভাগীয় টিমগুলো। পরে প্রেসিডিয়াম কমিটির সঙ্গে সার্বক্ষণিক সমন্বয়, কর্মকাণ্ডের অগ্রগতি, পর্যালোচনা ও মূল্যায়নের জন্য ১০ সদস্য বিশিষ্ট আরও একটি কমিটি গঠন করা হয়। বিভিন্ন দেশে অঙ্গসংগঠনগুলোর জন্য করা হয় আন্তর্জাতিক টিম।

এই কমিটি আট বিভাগের সাংগঠনিক টিমের নেতাদের সঙ্গে বৈঠক কিংবা আলাপ-আলোচনার ভিত্তিতে সাংগঠনিক কর্মকাণ্ডের মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনা করে ধারাবাহিকভাবে প্রতিবেদন পেশ এবং সুপারিশ দেয় জাতীয় পার্টির চেয়ারম্যানকে।

রোববারের সভায় সেই প্রতিবেদন নিয়ে পর্যালোচনা হয়।

জি এম কাদেরের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এই সভায় আসেননি জাতীয় পার্টির সিনিয়র কো চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

তবে রওশনপন্থী নেতা ফখরুল ইমাম ও মুজিবুল হক চুন্নু যোগ দিয়েছিলেন সভাটিতে।

সভায় জি এম কাদের দলের নেতাদের উদ্দেশে বলেন, “আজকে সরকারি দলেও নানা অস্থিরতা রয়েছে। আমাদের সংগঠনগুলোকে আরও শক্তিশালী করে জনপ্রত্যাশিত রাজনীতি করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে পারলে ভবিষ্যতে সুফল পাওয়া যাবে।”

ডিসেম্বরে কেন্দ্রীয় কাউন্সিলে নির্ধারিত হবে কে হবেন জাতীয় পার্টির চেয়ারম্যান। গত জুলাই মাসে পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পরে তার স্ত্রী রওশন এরশাদ ও ভাই জি এম কাদেরের মধ্যে এ পদটি নিয়ে চলছে দ্বন্দ্ব।

তবে রওশনপন্থী নেতারা বলছেন, কাউন্সিল পর্যন্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে থাকবেন জি এম কাদের।

জি এম কাদেরও বলেছেন, তিনি দলের পদের জন্য লালায়িত নন। কেন্দ্রীয় কাউন্সিলে যে সিদ্ধান্ত আসবে, তা তিনি মেনে নেবেন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দল গোছানোর কাজ আগামী বছর থেকেই কাজ শুরু করবে জাতীয় পার্টি।

মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, “৩০০ আসনের আশা আমরা এখন আর করি না। যেসব আসনে আমাদের প্রার্থীর ৮০, ৫০ কিংবা ৩০ ভাগও জেতার সম্ভাবনা থাকবে, আমরা সেসব আসন থেকে প্রার্থীকে বিজয়ী করে আনতে পারব।”