২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুর গেলেন ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2019, 12:15 AM

Updated : 18 Aug 2022, 05:52 PM

ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে বৃহস্পতিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে রওনা হন তিনি।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। র‌্যাফেলস হসপিটালে তিনি চিকিৎসা নেবেন। ইতিমধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সময়সূচিও ঠিক করা হয়েছে।”

গত কয়েক বছর ঘাড়ে ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে সিঙ্গাপুরে তার চিকিৎসা করিয়েছিলেন ৭১ বছর বয়সী ফখরুল। এরপর থেকে ছয় মাস পর পর চিকিৎসক দেখাতে যাচ্ছেন তিনি। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে গিয়েছিলেন তিনি।

কয়েকদিন আগে রংপুরে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে পড়ে গিয়ে হাতে জখম হয়েছিলেন ফখরুল।

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে চলতি সপ্তাহেই বিএনপি মহাসচিব অস্ট্রেলিয়ায় যাবেন এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়নের (এপিডিইউ) বৈঠকে যোগ দিতে। ফখরুল এই সংস্থার ভাইস চেয়ারম্যান।

এশিয়া প্যাসিফিক ডেমোক্রেটিক ইউনিয়ন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিভিন্ন রাজনৈতিক দলের একটি সংগঠন। এই সংগঠনটি ইন্টারন্যাশনাল ডেমক্রেটিক ইউনিয়নের সঙ্গে সম্পৃক্ত, মূলত মধ্য ডান ও ডানপন্থি রাজনৈতিক দলগুলো এই সংগঠনে যুক্ত।

চলতি বছরের মার্চে বিএনপিকে এপিডিইউর স্থায়ী সদস্য করা হয় এবং মির্জা ফখরুলকে সংগঠনের ভাইস চেয়ারম্যান করা হয়। সংগঠনটির চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

পুরনো খবর:

রংপুরে ভোটের প্রচারে গিয়ে হাসপাতালে ফখরুল