২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় এলে মোজাফফর আহমদের মর্যাদা নিশ্চিত করব: সেলিম

প্রয়াত মোজাফফর আহমদকে রাষ্ট্রীয়ভাবে যে মর্যাদা দেওয়ার কথা ছিল তা আওয়ামী লীগ সরকার দেয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবেদক

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2019, 03:57 AM

Updated : 08 Apr 2022, 04:47 PM

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনে মুক্তিযুদ্ধকালীন সরকারের উপদেষ্টা, ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক এবং ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ স্মরণে আয়োজিত শোকসভায় তিনি একথা বলেন।

অধ্যাপক মোজাফফর আহমদ সম্পর্কে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, “প্রত্যেকটা জাতীয় আন্দোলনে তিনি ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করেননি, তিনি বামপন্থি ধারা নিয়ে এসব আন্দোলনে অংশ নিয়েছেন।

“মুক্তিযুদ্ধের আগে অনেক আন্দোলন আমরা করেছি, ছয় দফা আন্দোলন, ১১ দফা আন্দোলন করেছি। আইয়ুবের কুব্যবস্থার হাত থেকে রক্ষার জনগণ আন্দোলনে নেমে পড়েছিলেন। এসব আন্দোলনে বামপন্থিদের বহু অবদান রয়েছে।”

সিপিবি সভাপতি বলেন, “বর্তমান ক্ষমতাসীনদের ইতিহাসের শুরু বঙ্গবন্ধু এবং শেষও বঙ্গবন্ধু, এই ইতিহাসের মধ্যে আর কেউ নেই।

“অধ্যাপক মোজাফফর আহমদ মৃত্যুর পর রাষ্ট্র তাকে যে মর্যাদা দেওয়ার কথা ছিল তা দেয়নি। একদিন আমরাও ক্ষমতায় আসব, সেদিন নিশ্চয় মোজাফফর আহমদের মর্যাদা প্রতিষ্ঠিত হবে।”

এক সময় মোজাফফর আহমদ আহমদ কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য ছিলেন জানিয়ে দলটির সভাপতি সেলিম বলেন, “আমাদের কাগজপত্র ঘাঁটাঘাঁটি করলে কমরেড মান্নান নামে একজন আছেন, তিনিই হলেন মোজাফফর আহমদ।”

শোকসভায় বক্তারা বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধে অবদান এবং পরবর্তীতে সাধারণ মানুষের অধিকার আদায়ের মাধ্যমে সমাজতান্ত্রিক রাষ্ট্র কায়েমে আমৃত্যু লড়াই-সংগ্রাম করে গেছেন প্রয়াত অধ্যাপক মোজাফফর আহমদ।

সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান বলেন, “বাংলাদেশে অনেক নেতা ছিলেন, কিন্তু অন্যদের চেয়ে মোজাফফর আহমদ একজন ব্যতিক্রম নেতা ছিলেন, এইজন্য তিনি নিজেকে ব্যক্তি থেকে প্রতিষ্ঠানে পরিণত হতে পেরেছেন।

“তাকে কখনও কোনো মোহ কাজ করেনি। তিনি ব্রিটিশ আমল থেকেই সমাজতন্ত্রের প্রচার করে গেছেন, লড়াই করে গেছেন।”

বিভিন্ন সময় অনেক আন্দোলন আপস করা হয় উল্লেখ করে তিনি বলেন, “মাওলানা ভাসানী গোপনে আইয়ুব খানের সাথে মিটিং করেছেন। কিন্তু এসব কোনো কিছু মোজাফফর আহমদকে স্পর্শ করেনি। তিনি শেষ পর্যন্ত সমাজতন্ত্রের কথাই বলে চলে গেছেন।”

অধ্যাপক মোজাফফর আহমদের স্মরণে রাষ্ট্রীয়ভাবে শোক পালন না করার জন্য দুঃখ প্রকাশ করে মনজুরুল আহসান খান বলেন, “তার মতো একজন ব্যক্তি মারা গেছেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একদিন শোক জানানো হল না, পতাকা জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি! তার ব্যর্থতা শেখ হাসিনার না, এর ব্যর্থতা আমাদের বামপন্থিদের।”

সিপিবির নেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, “মোজাফফর আহমদকে স্বাধীনতা পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছিল সরকার। কিন্তু উনি স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেননি। সরকার তার নামে ঢাকার রাস্তার নামকরণ করতে চেয়েছিল, কিন্তু তিনি তাতে রাজি হননি।”

শোকসভায় অধ্যাপক মোজাফফর আহমদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বামপন্থিদের ঐক্য আরও জোরালো করার আহ্বান জানান বাম গণতান্ত্রিক জোটের সম্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু।

অন্যদের মধ্যে সিপিবি নেতা লক্ষ্মী চক্রবর্তী, ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম সদস্য এস এম সবুর, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. সাহাদাত হোসেন, ন্যাশনাল আওয়ামী পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।

পুরনো খবর:

রাজনীতিকদের মুখে মুজাফফর আহমদের গুণগান