২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেউলিয়া সরকার অর্থের সন্ধানে মরিয়া: ফখরুল

স্বশাসিত প্রতিষ্ঠানগুলোর উদ্বৃত্ত অর্থের নিয়ন্ত্রণ এবং মহাসড়কে টোল বসানোর সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2019, 09:26 PM

Updated : 18 Aug 2022, 05:44 PM

দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্নীতিগ্রস্ত’ আওয়ামী লীগ সরকার এখন ব্যয় নির্বাহে অর্থের উৎসের সন্ধানে মরিয়া হয়ে উঠেছে, যা জনগণের উপর বাড়তি চাপ তৈরি করবে।

শনিবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি।

স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফাইনানশিয়াল করপোরেশনসহ স্ব-শাসিত সংস্থাগুলোর উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রের উন্নয়নমূলক কাজে লাগাতে একটি আইন করতে যাচ্ছে সরকার।

এছাড়া প্রধানমন্ত্রী মহাসড়কগুলোকে টোলের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। টোল থেকে যে অর্থ পাওয়া যাবে, তা দিয়েই সারা বছর সড়কগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামতের ব্যয় নির্বাহ করা হবে।

বিএনপি মহাসচিব বলেন, “এ থেকে এটাই প্রমাণিত হয়েছে, আসলে সরকার অর্থনৈতিক দিক থেকেও দেউলিয়া হয়ে গেছে।”

স্বশাসিত সংস্থার তহবিলে সরকারের হাত দেওয়ার বিরূপ প্রভাব তুলে ধরেন অর্থনীতির ছাত্র ফখরুল।

তিনি বলেন, “এতে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্যাংকগুলো, যেসব ব্যাংকে ওই সব প্রতিষ্ঠানের টাকাসমূহ জমা আছে। যখনই টাকাগুলো নিয়ে যাবে, তখন তারল্য সঙ্কট দেখা দেবে ব্যাংকগুলোতে।

“এছাড়া যেসব কর্মকর্তা-কর্মচারী ওইসব স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কাজ করছেন, তাদের যেসব বেতন-ভাতা, পেনশন-গ্রাচুয়িটি, এসব অর্থ তারা সঠিকভাবে পরিশোধ করতে পারবে বলে আমরা মনে করি না, সমস্যা তৈরি হবে।”

মহাসড়কে টোল আদায়ের বিরোধিতা করে বিএনপি মহাসচিব বলেন, “আমরা মনে করি যে, বাংলাদেশের অর্থনীতি এখনও সেই অবস্থায় দাঁড়ায়নি যে রাস্তার উপরে টোল আদায় করতে হবে। আমরা মনে করি, এটা জনগণের উপর একটা বাড়তি চাপ সৃষ্টি করবে।”

আসামের নাগরিকপুঞ্জির বিষয়ে ব্যাখ্যা দাবি

প্রতিবেশী দেশ ভারতের আসামের নাগরিকপঞ্জি প্রকাশের পর তালিকা থেকে বাদ পড়াদের বাংলাদেশে ফেরত পাঠানোর যে কথা বিজেপির নেতারা বলে আসছেন, সে বিষয়ে সরকারের স্পষ্ট বক্তব্য দাবি করেছেন বিএনপি মহাসচিব ফখরুল।

তিনি বলেন, “আসামের নাগরিকপঞ্জি নিয়ে সেখানকার মন্ত্রীবর্গ, বিজেপি নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রীদের যেসব বক্তব্য ভারতের বিভিন্ন পত্রিকায় বেরিয়েছে, তাতে বলা হয়েছে যে, ১৯ লাখ যারা বাদ পড়েছেন, তাদের মধ্যে অধিকাংশ বাংলাদেশি নাগরিক। আমরা এহেন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

ফখরুল বলেন, “দুর্ভাগ্যজনক হচ্ছে, সরকার এ ব্যাপারে নীরব থাকছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে এসেছিলেন, তখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী তাকে নিশ্চিত করেছে যে এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। যখন বাদ পড়াদের বাংলাদেশের নাগরিক বলা হচ্ছে, বাংলাদেশে ফেরত পাঠানোর কথা বলা হচ্ছে, তখন কিন্তু সেটা ভারতের অভ্যন্তরীণ বিষয় থাকছেন না।

“আমরা এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা বাংলাদেশের সরকারের কাছে এই ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা চাই, ব্যাখ্যা দাবি করছি। জাতিকে অন্ধকারে না রেখে সরকারের জানানো উচিৎ আসলে ব্যাপারটা কী?”

পুরনো খবর:

স্ব-শাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে
টোলের আওতায় আসছে জাতীয় মহাসড়ক