আসামের অর্থমন্ত্রীর কথায় ‘উদ্বিগ্ন নন’ ওবায়দুল কাদের
নাগরিকপঞ্জিতে বাদপড়াদের নিয়ে আসামের অর্থমন্ত্রীর বক্তব্য আমলেই নিচ্ছেন না ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের।
তার ভাষ্য, বাংলাদেশের সঙ্গে কথা হবে ভারতের কেন্দ্রীয় সরকারের, ফলে রাজ্য সরকারের এক মন্ত্রীর কথায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
“ওরা তো ভারতের নাগরিক আর এদেরকে এখনই ট্রাইডাউট করবে এমন সিদ্ধান্ত ভারত সরকার বলেনি। কাজেই আমরা আগেভাগে কেন বিষয়টা নিয়ে অহেতুক উদ্বেগের মধ্যে থাকব,” বলেছেন তিনি।
মঙ্গলবার ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন ওবায়দুল কাদের।
আসামের অর্থমন্ত্রী ও রাজ্য বিজেপির নেতা হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি বলেন, তাদের নাগরিকপঞ্জিতে বাদ পড়া ১৯ লাখ মানুষের মধ্যে ১৪-১৫ লাখ ‘অবৈধ অভিবাসীকে’ তারা বাংলাদেশে ফেরত নিতে বলবেন।
তাদের দাবি, আসামের এই বাসিন্দারা বাংলাদেশ থেকে সেখানে গিয়েছেন।
আসামের মন্ত্রীর কথায় অনেকের উদ্বেগ প্রকাশের প্রেক্ষাপটে ওবায়দুল কাদেরের কাছে তার প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন সাংবাদিকরা।
ভারতের কেন্দ্রীয় সরকারের কথায় আশ্বস্ত হয়েছেন জানিয়ে তিনি বলেন, “এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় এখন পর্যন্ত নেই। কারণ লিগাল প্রসেস কমপ্লিট করে সিদ্ধান্ত আকারে আসতে আরও সময় নেবে। সে পর্যন্ত কী দাঁড়ায়, সেটা আমাদের চিন্তা ভাবনা করে পদক্ষেপ নিতে হবে।”
আসামের মন্ত্রীর কথা উড়িয়ে দিয়ে কাদের বলেন, “আমরা সাধারণভাবে জানি, ৭১’র পর বাংলাদেশের কোনো লোক ভারতে যায়নি বা মাইগ্রেট করেনি।”
আসামের সঙ্গে রোহিঙ্গা সঙ্কটের বিষয়টি গুলিয়ে না ফেলার পরামর্শ দিয়ে তিনি বলেন, “ওখানে (আসামে) যাদের স্টেটলেস করা হয়েছে, তার ৬০ ভাগই হিন্দু আর মুসলমান ৪০ ভাগ। কাজেই ওখানের বিষয়টা আর রোহিঙ্গা বিষয়টা এক করে দেখার বিষয় না। রোহিঙ্গাদের বিষয়টা হচ্ছে মিয়ানমার তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা বাংলাদেশ ভূখণ্ডে আছে এবং সেটাও একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে।“
রোহিঙ্গা সঙ্কট নিরসনে সরকারের পদক্ষেপে কোনো গলদ নেই দাবি করে কাদের বলেন, “অনেক সময় কৌশলও আছে, দুপা এগিয়ে পেছাতে হয়। আমাদের কূটনৈতিক প্রয়াস আরও জোরদার হবে এবং মিয়ানমারের উপর চাপ আরও জোরদার হবে।”
‘বিদ্রোহীদের শোকজ’
উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট করেছেন কিংবা অন্য প্রার্থীর পক্ষে প্রচার চালিয়েছেন, তাদের কাছে ৮ সেপ্টেম্বর থেকে কারণ দর্শানোর নোটিস যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।
তিনি বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত আগেই নেওয়া আছে, এখন তা কার্যকর হতে যাচ্ছে।
“৮ তারিখ থেকে আমরা চিঠি দিতে শুরু করব। সেটাই আমাদের সভায় সিদ্ধান্ত হয়েছে। এর আগে আমরা নিজেরা জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি, যারা বিভিন্ন বিভাগের দায়িত্বে আছেন তারা এক সঙ্গে একটা বৈঠক করব। পরে ফাইনালি কোনো ভুল হয়েছে কি না, কেউ বাদ পড়েছে কি না অথবা নতুন কোনো সংযোজনের প্রয়োজন আছে কি না, এ বিষয়গুলো বিশ্লেষণ করব।”
দলের কেন্দ্রীয় নেতারা বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়েছেন- এ অভিযোগের বিষয়ে কাদের বলেন, “তাদেরকে (প্রার্থীদের) শোকজ করা হবে, শোকজের জবাব দিতে হবে। তারা নিশ্চয় সেখানে বলবে, কোন কেন্দ্রীয় নেতা তাদেরকে আসকারা দিয়েছে “
আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে বলে অভিযোগ নাকচ করেন সাধারণ সম্পাদক।
তিনি বলেন, “শোকের মাসে আমাদের ওয়ার্ড পর্যন্ত পার্টির কার্যক্রম চলে। একটা দিনের জন্যও বন্ধ হয় না। সভা-সমাবেশ প্রতিদিনই লেগেই আছে।”
বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদে একটি জেলা বাদে অন্য কোনো জেলায় সম্মেলন করতে না পারার বিষয়ে কাদের বলেন, "এসব ব্যাপারে আগামী ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আলোচনা করা হবে।”
কেন্দ্রীয় সম্মেলন করার জন্য বর্তমান কমিটি প্রস্তুত কি না- সাংবাদিকদের এপ্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা সম্মেলন করতে প্রস্তুত। আমাদের নেত্রী যখনই সিদ্ধান্ত দেবেন, তখনই আমরা সম্মেলন করব।”
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মেজবাউদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
