Published : 28 Aug 2019, 12:20 AM
মঙ্গলবার সচিবালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “২১ অগাস্টের মাস্টারমাইন্ড, আর ১৫ অগাস্টের মাস্টারমাইন্ড একই পরিবারের; পিতা এবং পুত্র। আর দুই হত্যাকাণ্ডের প্রাইম টার্গেট হল পিতা এবং কন্যা।
“ইতিহাসের কো-ইন্সিডেন্স লক্ষ্য করুন। পলাশীতে রায় দুর্লভের যে ভূমিকা ছিল, ১৫ অগাস্ট সেনাপতি জিয়াউর রহমানেরও খন্দকার মোশতাকের সঙ্গে একই ভূমিকা ছিল। মোশতাক যদি হয় মীর জাফর, রায় দুর্লভ হচ্ছেন জিয়াউর রহমান। ইতিহাসের এই অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি বারে বারে ঘটেছে।"
২১ অগাস্টের গ্রেনেড হামলার ঘটনার মামলায় ফাঁসি কার্যকর হওয়া মুফতি হান্নানের জবানবন্দি অনুযায়ী তারেক রহমানের সম্পৃক্ততার কথা উল্লেখ করে তিনি বলেন, "জবানবন্দীতে মুফতি হান্নান বলেছে, হাওয়া ভবন থেকে তারেক রহমানের নির্দেশ পাওয়ার পর পরই গ্রেনেড হামলা শুরু হয়।”
কাদের বলেন, “খুন খুনকে ডেকে আনে, হত্যা হত্যাকে ডেকে আনে। যে বুলেট শেখ হাসিনা, শেখ রেহানাকে এতিম করেছে, সেই বুলেট বেগম জিয়াকে বিধবা করেছে। এই অমোঘ সত্যকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।"
দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "সচিবালয়ে আমরা যারা আছি, আমরা যারা সরকারের প্রশাসনে আছি, কাজ করি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হবে- এই শপথটা আসুন আমরা মনে মনে নিই।
“অগাস্ট মাস হলেই বঙ্গবন্ধুর বড় বড় ছবি। কখনও কখনও বঙ্গবন্ধুর ছবি প্রদর্শন করতে গিয়ে নিজের ছবিটাকে আরও বড় করে অনেকে প্রদর্শন করে। ছবি প্রদর্শন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা যাবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করলে, তার নৈতিকতা থেকে শিক্ষা নিলে, সেটাই হবে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের সর্বোৎকৃষ্ট উপায়।"
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মঈনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম, স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ, ভূমি সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারী, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মোশাররফ হোসেন।