২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা নিয়ে বিএনপি ‘উসকানি’ দিচ্ছে: কাদের

রোহিঙ্গা সঙ্কট নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যে ‘উসকানি’ দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2019, 11:20 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

তিনি বলেছেন, “এখন তারা নিজেরা রাজনীতিতে সঙ্কটের ফাঁদে পড়ে আবোল তাবোল বকছে। দুই বছর ধরে মিয়ানমার সীমান্তে বারবার উসকানি দিয়েছে। আমাদের নেত্রী বারবার সতর্ক করেছেন, এদের ফাঁদে পা দেওয়া যাবে না। রোহিঙ্গা নিয়ে মিয়ানমার সরকারের মত বিএনপিও সেই উসকানি দিচ্ছে।”

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটশেন আয়োজিত আলোচনা সভায় কাদেরের এ বক্তব্য আসে।

গতবছর নভেম্বর প্রথম দফার চেষ্টা ভেস্তে যাওয়ার পর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর জন্য ২২ অগাস্ট দিন ঠিক হয়েছিল। কিন্তু নাগরিকত্বসহ চারটি শর্তের কথা তুলে বৃহস্পতিবার নির্ধারিত দিনে একজন রোহিঙ্গাও স্বেচ্ছায় মিয়ানমারের রাখাইনে ফিরে যেতে রাজি হয়নি।

এ বিষয়টিকে সরকারের ‘কূটনৈতিক ব্যর্থতা’ হিসেবে দেখিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলছেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকার ‘কিচ্ছু করতে পারেনি’।

তার জবাবে সরকারের সেতুমন্ত্রী কাদের বলেন, "উখিয়া-টেকনাফে আমাদের জনসংখ্যা চার লাখ, আর রোহিঙ্গা ১১ লাখ৷ এই রোহিঙ্গাদের ফেরাতে দেশে বিদেশে তদবিরের পর তদবির কারা করেছেন? আপনারা (বিএনপি) করেছেন? ”

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ এখন ‘আগের যে কোনো সময়ের চেয়ে বেশি’ বলে দাবি করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “তাই ভেতরে যাই থাক, এখন তারা এদের ফিরিয়ে নেওয়ার কথা মুখে বলছে, এটা শেখ হাসিনার সরকারের সফলতা।"

কাদেরের ভাষায়, বিএনপি নেত্রী খালেদা জিয়া দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাগারে রয়েছেন, কিন্তু বিএনপি নেতারা ‘দেড় মিনিটের জন্যও’ আন্দোলন করতে পারেননি৷

“এখন বিভিন্ন ইস্যুতে ধোঁয়া তুলে বিএনপি নেতারা নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছে৷"

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যা এবং ২০০৪ সালের ২১ অগাস্ট শেখ হাসিনাকে হত্যাচেষ্টার সঙ্গেও বিএনপি জড়িত বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।

তিনি বলেন, “আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বহুদিন ধরে একটি প্রশ্ন করছি, কিন্তু তার জবাব আজও পায়নি। জিয়াউর রহমান যদি ১৫ অগাস্টের সঙ্গে জড়িত নাই হতেন, তিনি খুনিদের বিচারেরর পথ কেন রুদ্ধ করেছিলেন?”

শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে কাদের বলেন, “বঙ্গবন্ধুর কথা থেকেই আমাদের শিক্ষা নিতে হবে। তিনি বলেছেন, বড় কাজ করতে হলে বড় ত্যাগ শিকার করতে হবে। শেখ হাসিনা সে পথেই এগিয়ে চলেছেন।

“তাকে থামিয়ে দেওয়ার জন্য চক্রান্ত চলছে। আমি আপনাদের বলব জনগণকে সঙ্গে নিয়ে তাদের এ চক্রান্তকে প্রতিহত করতে হবে।"

অনদের মধ্যে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বক্তব্য দেন।