২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চায় বাম জোট

ডেঙ্গু মোকাবেলায় অবহেলা ও ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ঢাকার দুই মেয়রকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2019, 10:12 PM

Updated : 08 Apr 2022, 04:34 PM

শনিবার রাজধানীতে ডেঙ্গুবাহী এইডিস মশা নিধন ও ডেঙ্গু থেকে জনগণকে রক্ষার দাবিতে পদযাত্রা-সমাবেশ থেকে এ আহ্বান জানানো হয়।  

পাশাপাশি সারাদেশে ডেঙ্গু শনাক্তকরণ কিটসহ প্লাজমা, প্ল্যাটিলেট প্রক্রিয়াকরণের জন্য রিএজেন্ট ও মশা নিধনের কার্যকর ওষুধ সরবরাহসহ ৮ দফা দাবি তুলে ধরা হয় এ কর্মসূচি থেকে।

বিকালে পুরানা পল্টনে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়। এরপর দৈনিক বাংলা, ফকিরাপুল আরামবাগ এলাকা হয়ে কমলাপুর রেল স্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন জেটের নেতাকর্মীরা।

পদযাত্রার ডেঙ্গু সচেতনতায় মাইকিং ও লিফলেট বিতরণ করেন বাম জোটের নেতাকর্মীরা।

কমলাপুর রেল স্টেশনে সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে ডেঙ্গু এক আতঙ্কের নাম। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র যথাসময়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করায় ডেঙ্গু মহামারী রূপ নিয়েছে। তাদের উদাসীনতা, ব্যর্থতায় ইতিমধ্যে ডেঙ্গুতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

বক্তারা বলেন, লজ্জাবোধ থেকে পদত্যাগ না করে তারা তাদের ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে। শুধু তাই না, সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ দুর্যোগ মোকাবেলা করার পরিবর্তে তারা গুটিকয় ব্যবসায়ীর মুনাফার স্বার্থে কাজ করছে।

তাই জনগণের তামাশা না করে অবিলম্বে তাদের পদত্যাগের আহ্বান জানান নেতারা।

ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সাত্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক আবিদ হোসেন, বাসদের জুলফিকার আলী, গণসংহতি আন্দোলনের বাচ্চু ভূইয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আকবর খান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের শামীম ইমাম।

পদযাত্রায় অংশ নেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির সহ সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন, বাসদের বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন, সিপিবির অনিরুদ্ধ দাস অঞ্জন।