পাবনার রায় রাজনৈতিক: ফখরুল
পাবনা আদালতের রায়ের প্রসঙ্গ টেনে ‘বিচার বিভাগ’ সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুই যুগ আগে শেখ হাসিনার ট্রেনে গুলি বর্ষণের মামলায় পাবনার বিএনপি নেতাদের সাজা দিয়ে রায়ের প্রতিক্রিয়ায় সোমবার এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
ফখরুল বলেন, “আওয়ামী লৗগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই ক্ষমতাকে নিরঙ্কুশ করার লক্ষ্যে বিচার বিভাগকে দলীয়করণ করছে সুচতুরভাবে। আজকে এই বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু নেই। এখন বিভাগটি সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে।
“জনগণের আশ্রয়ের শেষস্থল এই বিচার বিভাগকে দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রকে একদলীয় শাসন ব্যবস্থা, একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে তারা।”
গত ৩ জুন দেওয়া ওই রায়ে বিচারিক আদালত বিএনপির ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ১৩ জনকে ১০ বছর কারাদণ্ড দেয়।
এরপর থেকেই রায়ে অসন্তোষ জানিয়ে আসছে বিএনপি। বিএনপিকে এভাবে ‘নিশ্চিহ্ন’ করার নীতি গ্রহণ করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন ফখরুলও।
তিনি বলেন, “আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা যে কোনো সন্ত্রাসের বিরুদ্ধে, আমরা সবসময়ই সন্ত্রাসের ঘটনার নিন্দা করেছি, প্রতিবাদ জানিয়েছি এবং সুষ্ঠু বিচার চেয়েছি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঘটনাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে।
“ঈশ্বরদীতে ১৯৯৪ সালে সংঘটিত হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একটি রাজনৈতিক দলের প্রায় সকল কর্মকর্তাকে এই ঘটনায় সম্পৃক্ত করে তিন বছর পর অভিযোগ পত্র দিয়ে ২৫ বছর পর এই আদেশ প্রমাণ করেছে যে, এই আদেশ ন্যায় বিচার পরিপন্থি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।”
বিএনপি মহাসচিব বলেন, “ওই ঘটনায় এক নম্বর আসামি ছিলো আওয়ামী লীগের স্থানীয় আমিনুল ইসলাম; তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছিলো, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ৯ জনকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।”
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, “খুব সিম্পল কথা, পাবনার ওই ঘটনায় কারোই মৃত্যু হয়নি, তারপরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যেখানে কোনো মৃত্যু ঘটে নাই, কোনো হত্যা ঘটে নাই, সেখানে মৃত্যুদণ্ড। তাও একজন নয়, ৯ জন!
“এই ধরনের রায় এবং বিচার অন্তত আমরা যারা আইনজীবী এখানে আছি, তাদের কারও জীবনে এটা শুনিও নাই, জানিও না।”
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “এই রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, বাংলাদেশের বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে এবং দেশে কোনো আইনের শাসন বলে কিছু নেই।”
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন, জয়নাল আবেদীন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীম যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, আন্তজার্তিক বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল, সহ আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদীন মেজবাহ, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিল।
