২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা ‘উন্নতির দিকে’ বলে তার ভাই ও পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 04:40 PM

Updated : 18 Aug 2022, 05:28 PM

রক্তে হিমোগ্লোবিনের সমস্যার পাশাপাশি ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন ৯০ বছর বয়সী সাবেক এই সামরিক শাসক। অবস্থা গুরুতর হওয়ায় অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তাকে।

বুধবার দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এরশাদের শারীরিক অবস্থা সম্পর্কে জানান জি এম কাদের। এ সময় দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁও তার সঙ্গে ছিলেন।

সিএমএইচের চিকিৎসকদের বরাত দিয়ে জি এম কাদের সাংবাদিকদের বলেন, “হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে রয়েছে। তার লাংয়ে যে ইনফেকশন ছিল, সেটা ক্রমে কমে আসছে। নিঃশ্বাস-প্রশ্বাস স্বাভাবিক হয়ে আসছে। তার কিডনি জটিলতার কারণে প্রস্রাব হচ্ছিল না। তবে সেটার উন্নতি হয়েছে। গত চার দিনে ৪০০ মিমি প্রস্রাব হয়েছে।”

জি এম কাদের বলেন, সার্বিক বিবেচনায় চিকিৎসকরা এরশাদের শারীরিক অবস্থাকে ‘সন্তোষজনক’ বলছেন। তবে তিনি এখনও শঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

“সামনে দুই-এক দিনের মধ্যে শারীরিক অবস্থা আরও ইমপ্রুভ করবে বলে আমরা ধারণা করছি। তার অবস্থা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে।”

গত ২২ জুন বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসভবনে এরশাদ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সিএমএইচে নেওয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এরশাদের রক্তে হিমোগ্লোবিনের সমস্যা ধরা পড়ে। দুই দফায় সিঙ্গাপুরে চিকিৎসা নিয়ে এলেও তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি।

এই দফায় সিএমএইচে ভর্তি হলে এরশাদের ফুসফুস ও কিডনিতে সংক্রমন ধরা পড়ে।

গত সোমবার বিকালে সিএমএইচে এরশাদকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, এরশাদ লাইফ সাপোর্টে আছেন।

তবে জি এম কাদের বলেন, এরশাদকে ‘আন্ডার প্রেসার’ অক্সিজেনে রাখা হয়েছে। আগে যে দুই ঘণ্টা ‘আন্ডার প্রেসার’ অক্সিজেনে রাখা হত, তার সময়সীমাও কমছে।

সকাল সাড়ে ১১টার দিকে সিএমএইচে এরশাদকে দেখতে যান জি এম কাদের।

“তার শয্যার পাশে গেলে তিনি হাত নাড়ার মতো ভঙ্গি করেন। কপালে হাত রাখলাম, তিনি চোখ মেলে তাকালেন।”

এদিকে বিকালে বনানীতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর জরুরি সভা আহ্বান করা হয়েছে।

দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ বলেন, “চেয়ারম্যানের শারীরিক অবস্থা একটু স্বাভাবিক হলে তাকে দেশের বাইরে নিয়ে যাব কি না, এ বিষয়ে আমরা কথা বলব। প্রেসিডিয়াম সদস্যদের সিদ্ধান্ত ছাড়া চট করেই তো তাকে আর দেশের বাইরে নিয়ে যাওয়া যায় না।”

সাংগঠনিক কার্যক্রম নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানান তিনি।