২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘লুটপাটের টাকা’ যোগানে গ্যাসের মূল্য বৃদ্ধি চলবে না: বাম জোট

‘লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনার’ কারণে সরকার বার বার গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়ে আসছে অভিযোগ করে গণতান্ত্রিক বাম জোট বলছে, ‘লুটপাটের টাকা’ যোগান দিতে গ্যাসের মূল্য বৃদ্ধি মানবেন না তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2019, 12:36 AM

Updated : 08 Apr 2022, 04:23 PM

গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তিভবনে এক সংবাদ সম্মেলনে জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু একথা বলেন।

সংবাদ সম্মেলনে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং সিলিন্ডার গ্যাসের দাম কামানোর দাবিতে ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

সমাজের বিভিন্ন অংশের আপত্তির মধ্যেই সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়িয়েছে সরকার, যা কার্যকর হয়েছে জুলাইয়ের প্রথম দিন থেকেই। এতে আবাসিক গ্রাহকদের এক চুলার জন্য মাসে ৯২৫ টাকা এবং দুই চুলার জন্য ৯৭৫ টাকা দিতে হবে, যা এতোদিন ছিল যথাক্রমে ৭৫০ টাকা ও ৮০০ টাকা।

সংবাদ সম্মেলনে মোশাররফ হোসেন নান্নু বলেন, “সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে লুটপাটের অন্যতম ক্ষেত্র হিসেবে পরিণত করেছে। সরকার গত দশ বছরে তাদের লুটপাট, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে উপর্যুপরি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে আসছে।

“এবারও গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে জনগণের পকেট কেটে সরকার ও ব্যবসায়ীদের লুটপাটের টাকা যোগাতে। যে এলএনজি আমদানির ঘাটতি মেটানোর কথা বলে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে সেই এলএনজি প্রতি হাজার ঘনফুট বাংলাদেশ আমদানি করে ১০ ডলারে; আর ভারত আমদানি করে ৬ ডলারে। লুটপাটের টাকা যোগান দিতে গ্যাসের এই মূল্য বৃদ্ধি জনগণ মেনে নেবে না।”

জনগণ গ্যাস উন্নয়ন তহবিল ও জ্বালানি নিরাপত্তা তহবিলে নিয়মিত অর্থের যোগান দিয়ে আসলেও গত দশ বছরে বাপেক্সকে শক্তিশালী করে স্থলে ও সমুদ্রে দেশের গ্যাসের অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর ব্যবস্থা সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন বাম জোটের সমন্বয়ক নান্নু।

“সরকারের এই ভুলনীতি এবং দুর্নীতি-লুটপাট দেশকে এলএনজি নির্ভরতার দিকে নিয়ে যাচ্ছে এবং গ্যাসের দাম বৃদ্ধিকে যুক্তিযুক্ত করার চেষ্টা করছে। বিদ্যুতের দাম বৃদ্ধির ক্ষেত্রেও আমরা একই নীতি দেখে আসছি। এর পিছনে দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থ আছে। সরকারের এই অপতৎপরতা মেনে নেয়া যায় না। দেশে সিলিন্ডার গ্যাসের বিপুল চাহিদা রয়েছে। সিলিন্ডার ব্যবসাও ব্যবসায়ীদের অনিয়ন্ত্রিত মুনাফার ক্ষেত্র বানানো হয়েছে।”

হরতাল সফল করতে আগামী চার দিন বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।

এর মধ্যে ৩ জুলাই বিভিন্ন থানায় প্রচার মিছিল, ৪ জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে গাবতলী অভিমুখে পদযাত্রা ও বিভিন্ন থানায় গণসংযোগ, ৫ জুলাই গণসংযোগ এবং ৬ জুলাই জাতীয় প্রেস ক্লাব থেকে যাত্রাবাড়ী অভিমুখে পদযাত্রা, বিভিন্ন থানায় থানায় মিছিল এবং জাতীয় প্রেস ক্লাব থেকে মশাল মিছিল করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম, বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) নেতা শুভ্রাংশু চক্রবর্তী, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণসংহতি আন্দোলনের নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।