গ্যাসের দাম বৃদ্ধি ‘জনগণের পকেট কাটার আরেক ব্যবস্থা’
সব পর্যায়ে গ্যাসের দাম বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বিভিন্ন বাম দল।
ক্ষমতাসীন আওয়ামী লীগের শরিক ওয়ার্কাস পার্টি সরকারের এ সিদ্ধান্তকে ‘সম্পূর্ণ অযৌক্তিক’ আখ্যায়িত করেছে। এ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে দেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ার করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে- এটা ‘সিলিন্ডার ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দেওয়ার’ ফন্দি। আর বাজেটের পর গ্যাসের দাম বাড়ানোর ঘোষণাকে ‘জনগণের পকেট কাটার’ আরেকটি ব্যবস্থা হিসেবে দেখছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার গ্যাসের দাম বাড়ানোর যে ঘোষণা দিয়েছে, তাতে সব পর্যায়ে গ্যাসের দাম গড়ে ৩২.৮ শতাংশ বাড়বে।
রান্নার গ্যাসের জন্য চুলাভিত্তিক গ্রাহকদের প্রতি মাসে ২৩ শতাংশ এবং মিটারভিত্তিক গ্রাহকদের ৩৮ শতাংশ বেশি অর্থ খরচ হবে। যানবাহনে জ্বালানি হিসেবে যারা সিএনজি ব্যবহার করেন, তাদের খরচ বাড়বে সাড়ে ৭ শতাংশ।
পাশাপাশি বিদ্যুৎ উৎপাদন, সার, শিল্প ও বাণিজ্যিক খাতে গ্যাসের দাম বাড়ানো হয়েছে ৩৫ থেকে ৬৫ শতাংশ পর্যন্ত।
এর ফলে গণপরিবহনের ভাড়া বাড়বে, শিল্পোৎপাদনে খরচ বাড়বে। জুলাইয়ের প্রথম দিন থেকেই গ্যাসের নতুন দাম কার্যকর হবে।
ওয়ার্কাস পার্টির সভাপতি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এই মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই। এভাবে মূল্য বৃদ্ধি করা সম্পূর্ণভাবে অযৌক্তিক। আমি পার্লামেন্টে এ নিয়ে আলোচনার দাবি করেছি।”
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জানান, তার দল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সোমবার বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গ্যাসের দাম যদি বাড়ানো হয়, আমরা আগেই বলেছিলাম বাংলাদেশ অচল হয়ে যাবে। আগামীকাল আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করব, সেই সমাবেশেই কর্মসূচি দেওয়া হবে।”
গ্যাসের মূল্য বৃদ্ধির তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাসদ।
দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাজেট ঘোষণার পরপর এভাবে গ্যাসের মূল্য বাড়ানোর মাধ্যমে সরকার জনগণের পকেট কাটার আরেকটা ব্যবস্থা করল। কিছু লোকের স্বার্থে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে।”
গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব নিয়ে বিইআরসির গণশুনানিতে যথেষ্ট যুক্তি বা তথ্য-উপাত্ত দেখাতে না পারলেও গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি বলেন, “সিলিন্ডার ব্যবসায়ীদের বাড়তি সুবিধা দিতে স্বেচ্ছাচারী পন্থায় এই মূল্যবৃদ্ধির ঘোষণা এসেছে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নাকাল জনগণের দুর্ভোগ-দুর্গতি আরো বৃদ্ধি পাবে।”
গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
