২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অলি এখন কোন জোটে, প্রশ্ন হাসান মাহমুদের

জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শরিক দল এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ নতুন জোট গঠন তার জোটগত অবস্থান জানতে চেয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2019, 10:19 PM

Updated : 18 Aug 2022, 05:27 PM

শুক্রবার বিকেলে নগরীর জেলা পরিষদ মিলনায়তনে দলের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ প্রশ্ন তুলেন।

সভায় ড. হাছান মাহমুদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিশ দলীয় জোটের মধ্যে অনৈক্য প্রকাশ করায় এলডিপির সভাপতি অলি আহমদকে অভিনন্দন।

“তবে এখন তিনি কোথায় আছেন তা প্রশ্ন থেকে যায়। তিনি কি নিজে ঘোষিত জোটের নেতা হিসেবে আছেন? না কি বিশ দলীয় জোটের নেতা হিসেবে আছেন না কি ঐক্যফ্রন্টের নেতা হিসেবে আছেন? রাজনীতির মাঠে এটা একটা বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে। আশা করি, তিনি নিজের পরিচয় জনগণের সামনে তুলে ধরবেন।

“ইতিমধ্যে দেখেছি ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য নাই। বিশ দলীয় জোটের মধ্যেও ঐক্য নাই। সেটির বহিঃপ্রকাশ হচ্ছে কর্নেল অলি আহমদের আলাদা জোট গঠন করা।”

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম বক্তব্য দেন। সভাপতিত্ব করেন উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।