২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতাসীনদের তৈরি করা ইতিহাস টেকেনি: আমীর খসরু

ক্ষমতাসীন রাজনীতিবিদরা এখন ইতিহাসবিদ সেজে ‘মিথ্যাচার’ করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2019, 04:34 PM

Updated : 08 Apr 2022, 04:15 PM

জাতীয় প্রেস ক্লাবে রোববার এক আলোচনা সভায় তিনি বলেন, “বাংলাদেশে বর্তমানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছেন। তারা যখন ইতিহাসবিদ হয়ে ইতিহাস বিকৃত করে শহীদ জিয়ার নাম মুছে ফেলতে চায় সেটাকে প্রোপাগান্ডা বলা যেতে পারে, সেটাকে ইতিহাস বলা যেতে পারে না। মিথ্যাচার করে ইতিহাস পাল্টানো যাবে না।”

“আমি স্পষ্ট করে বলতে চাই, ইতিহাস ঠিক সময় মতো তার কাজ করবে এবং সেটা করবেন ইতিহাসবিদরা, রাজনীতিবিদরা নয়। যারা আজকে বাংলাদেশে প্রোপাগান্ডার মাধ্যমে ইতিহাস তৈরি করছেন- তাদেরকে বলব আপনারা ভুল করছেন। এটা টিকবে না। যুগে যুগে অনেক ক্ষমতাসীনরা ইতিহাস তৈরি করেছেন, সেটা কিন্তু ব্যর্থ হয়েছে।”

খালেদা জিয়ার কারাবাস সম্পর্কে আমীর খসরু বলেন, “জনগণের ওপর আস্থা হারিয়ে সরকার দেশনেত্রীকে জেলে রেখেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিচারিক কোনো কারণে জেলে নাই, উনি রাজনৈতিক কারণে ক্ষমতা দখলের প্রক্রিয়ার অংশ হিসেবে জেলে আছেন- এটা বির্তকের ঊর্ধ্বে, দেশের মধ্যেও বির্তক নাই, দেশের বাইরেও নেই।”

ঈদের আগেই খালেদা জিয়ার মুক্তি ও নতুন নির্বাচনের দাবিও জানান তিনি।

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এই আলোচনা সভা করে।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, উলামা দলের আহ্বায়ক শাহ মো. নেছারুল হক, কেন্দ্রীয় নেতা ফরিদ উদ্দিন, মোজাম্মেল হক মিন্টু সরদার, এম এম হালিম প্রমুখ বক্তব্য রাখেন।