কৌশল নয়, অপকৌশল: হানিফ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করাকে রাজনৈতিক অপকৌশল বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক লীগের মে দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি।
একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির পাঁচজন সংসদ সদস্য শপথ নিলেও তা নেননি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দলীয় সিদ্ধান্তে তিনি শপথ নেননি, এটা তাদের কৌশলের অংশ।
হানিফ বলেন, “এটা বিএনপির রাজনৈতিক কৌশল নয়, এটা তাদের রাজনৈতিক অপকৌশল।”
কারও শপথ নেওয়া এবং কারও না নেওয়ার মধ্য দিয়ে বিএনপিতে বিভেদ স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের নেতা হানিফ।
“বিএনপি এখন রাজনীতির অপকৌশল করে নিজেদের ভাঙ্গনের জন্য অপেক্ষা করছে। বিএনপি জনগণের পক্ষে না, জনগণ ছাড়া পথ চলা যায় না।”
দেশের উন্নয়নের ধারা রোধ করতে একটি মহল তৎপর বলে দাবি করেন হানিফ।
সরকার শ্রমিকদের উন্নয়নে সব ধরনের কাজ করে যাচ্ছে দাবি করে তিনি বলেন, “শ্রমিকদের উন্নয়ন হলে দেশের উন্নয়ন নিশ্চিত হবে। দেশ উন্নত হলে শ্রমিকের ভাগ্যের উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কাজটিই করছেন।”
জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ সংগঠনটির ঢাকার নেতারা এই সমাবেশে বক্তব্য রাখেন।
