২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওই টাকা নেওয়ার কথা ছিল রংপুরে, এরশাদের বাড়ি বানাতে

ঢাকার বনানীতে জাতীয় পার্টির অফিস থেকে চুরি যাওয়া টাকা রংপুরে এরশাদের বাড়ি বানাতে নেওয়ার কথা ছিল বলে দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ জানিয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 03:11 PM

Updated : 18 Aug 2022, 05:13 PM

মঙ্গলবার সকালেই ওই টাকা নিয়ে রংপুরের উদ্দেশে যাত্রা করার কথা ছিল বলে জানান তিনি। তার আগের রাতেই সব চুরি হয়ে গেল।

সকালে অফিসের কর্মীরা এসে দেখেন তিনটি কক্ষের তালা ভাঙা। পরে তারাই এসব রুমের সবগুলো লকার খোলা পেয়ে নেতাদের খবর দেন।

সেখান থেকে মোট ৪৩ লাখ টাকা চুরি হয়েছে বলে মসিউর রহমান রাঙ্গাঁ জানিয়েছেন।

বনানীর ১৭/১ সড়কের তিনতলা ‘রজনীগন্ধা’ বাড়িটি নব্বইয়ের দশক থেকে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

Image
বনানীতে জাতীয় পার্টির এই অফিস থেকে চুরি হয়েছে ৪৩ লাখ টাকা

বনানীতে জাতীয় পার্টির এই অফিস থেকে চুরি হয়েছে ৪৩ লাখ টাকা

ভবনটির দ্বিতীয় তলায় এরশাদের অফিস কক্ষ। তবে শারীরিকভাবে অসুস্থ নব্বই পেরুনো এরশাদ বেশ কিছু দিন ধরে ভবনের নিচতলায় তার ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীরের কক্ষে বসতেন।

দুপুরে ওই ভবনে গিয়ে দেখা যায়, নিচতলায় জাহাঙ্গীরের কক্ষের পাশাপাশি মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁ এবং দলের প্রেসিডিয়াম সদস্য খালেদ আখতারের কক্ষের সব লকার ও সিন্দুক ভাংচুর করা হয়েছে।

এই তিনটি কক্ষেই টাকা ছিল, তবে সবচেয়ে বেশি টাকা এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীরের কক্ষে ছিল বলে জানান রাঙ্গাঁ।

তবে কার কক্ষে কত টাকা ছিল, তা স্পষ্ট করেননি জাতীয় পার্টির নেতারা।

সকালে চুরির খবর পেয়ে সেখানে যান পুলিশ সদস্যরা। এ ঘটনায় ওই ভবনের চার নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদ করার কথা জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার মোশতাক আহমেদ।

পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ চুরির এই ঘটনা তদন্তে হাত দিয়েছে বলে রাঙ্গাঁ জানিয়েছেন।

Image
এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীরের এই কক্ষের সিন্দুক ও লকারের ছিল সবচেয়ে বেশি টাকা

এরশাদের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীরের এই কক্ষের সিন্দুক ও লকারের ছিল সবচেয়ে বেশি টাকা

তিনি বলছেন, তাদের ভবনে সিসি ক্যামেরা থাকলেও তা বিকল ছিল। তবে তাতে আশা ছাড়ছেন না তারা।

“আমাদের অফিসে সিসি ক্যামেরা যেটা ছিল, সেটা খারাপ ছিল। তবে আমাদের অফিসের সামনে অনেক সিসি ক্যামেরা আছে। চুরি কারা করেছে, তা সহজেই ধরা যাবে।

“চোর তালা ভেঙে ও  চাবি দিয়ে খুলে টাকা নিয়ে গেছে। আমরা জানতে পারব, কারা চোর।”

এ ঘটনায় মামলা দায়েরের চিন্তা চলছে বলে রাঙ্গাঁ জানিয়েছেন ।

পুরনো খবর:

এরশাদের অফিস থেকে ‘৪৩ লাখ টাকা’ চুরি