বিএনপিকে সংসদে স্বাগত আওয়ামী লীগের
সংসদ সদস্য হিসেবে বিএনপি থেকে নির্বাচিত পাঁচজনের শপথ নেওয়াকে গণতন্ত্রের ইতিবাচক দিক হিসেবে দেখছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
একাদশ সংসদে বিএনপির প্রথম সংসদ সদস্য হিসেবে জাহিদ বৃহস্পতিবার শপথ নেওয়ার পর সোমবার ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উকিল আব্দুস সাত্তার, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের হারুনুর রশীদ, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আমিনুল ইসলাম ও বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন শপথ নিয়েছেন।
তাদের শপথ নেওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপির এমপিদের শপথ গ্রহণ করা গণতন্ত্রের জন্য ইতিবাচক দিক।
“তারা দেরিতে হলেও জনগণের ভোটের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে, ভোটারদের দায়বদ্ধতার প্রতি সম্মান দেখিয়ে তারা শপথ গ্রহণ করেছে। এর জন্য আমরা তাদের স্বাগত জানাই।”
একাদশ সংসদ নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ তুলে পুনর্নির্বাচনের দাবি তোলা বিএনপি তাদের দল থেকে নির্বাচিতদের এমপি হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।
শপথ নেওয়ার পর বিএনপি বলেছে, পুনর্নির্বাচনের দাবি আদায় এবং খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের পাশাপাশি সংসদে কথা বলার সুযোগ কাজে লাগাতেই তারা সিদ্ধান্ত বদল করেছেন।
তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টেরও একই সিদ্ধান্ত ছিল। কিন্তু জোটের শীর্ষনেতা কামাল হোসেনের দল গণফোরাম থেকে নির্বাচিত দুজন সুলতান মো. মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগেই শপথ নেন।
